দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও তাঁকে স্বরূপে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন পর কাল ফতুল্লা স্টেডিয়ামে আবারও দেখা গেল সেই বিধ্বংসী রূপ। অ্যাকশন বৈধ হওয়ার পর আবারও বোলিংটা উপভোগ করছেন। মারলন স্যামুয়েলস জানালেন, বোলিং করতে পারার স্বাধীনতাই আত্মবিশ্বাস ফিরিয়েছে তাঁর ব্যাটিংয়ের অনেক দিন পর আপনাকে আবার সেই বিধ্বংসীরূপে দেখা গেল...মারলন স্যামুয়েলস: বেশ কিছুদিন দলে ছিলাম না, নিজেকে পুরোপুরি ফিরে পেতে কিছুটা সময় তো লাগবেই। এখন আমি সামনে তাকাচ্ছি। সিরিজের আগে গোটা দুই ম্যাচ খেলতে পারলাম, প্রস্তুতিটা ভালোই হয়েছে। আশা করি এভাবেই খেলে যেতে পারব, দলও জয়ের ধারা ধরে রাখতে পারবে। প্রথম ম্যাচেও কিছু রান পেয়েছিলেন, কিন্তু থিতু হওয়ার পর আউট হয়ে গিয়েছিলেন...স্যামুয়েলস: সেদিন প্রচণ্ড গরম ছিল, ক্লান্ত একটা শট খেলে আউট হয়ে যাই। খুব বাজে শট খেলেছিলাম। আজ স্মার্টলি খেলেছি, বড় রান পেয়ে ভালো লাগছে। সেদিনের চেয়ে আজকের উইকেটটাও মনে হয় আরেকটু বেশি ব্যাটিং উপযোগী ছিল?স্যামুয়েলস: উইকেটে বেশি পার্থক্য নেই। তবে প্রথম ম্যাচে আমরা বুঝতে পারিনি উইকেট কেমন আচরণ করবে। একটু সতর্কতার সঙ্গে খেলতে হয়েছে। আজ সমস্যা হয়নি, বল দারুণভাবে ব্যাটে এসেছে। দুর্বল বোলিং আক্রমণও নিশ্চয়ই সাহায্য করেছে? স্যামুয়েলস: আমি বলব না দুর্বল বোলিং, ঠিক করেছিলাম আজকে চালিয়ে খেলব। চালিয়ে খেলব ঠিক করলে কোনো বোলিং আক্রমণই ব্যাপার নয়। প্রস্তুতি ম্যাচে এমন সহজ জয়, আরেকটু প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন কি?স্যামুয়েলস: যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলাই প্রতিদ্বন্দ্বিতা। আমরা এখানে এসেছি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। জয়ের ধারা ধরে রাখতে চাই, তাই কোনো দলকেই হালকা করে নিতে চাই না। শেষ পর্যন্ত হয়তো সহজেই জিতেছি, কিন্তু খেলার আগে তো জানতাম না, কী হতে যাচ্ছে। একসময় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানদের একজন মনে করা হতো আপনাকে, নানা কারণে সম্ভাবনার সবটা প্রস্ফুুটিত হয়নি। এই মুহূর্তে নিজেকে কোন অবস্থানে দেখতে পাচ্ছেন?স্যামুয়েলস: এটা ঠিক, আমার ক্যারিয়ারে অনেক ওঠানামা ছিল। তবে আমি এখন ওসব পেছনে ফেলে সামনে তাকাতে চাইছি। আমাকে দলে ধারাবাহিকভাবে খেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেটা আমি চেয়েছিলাম। এই ব্যাপারটা আমাকে সাহায্য করছে। আমি সব সময় দেশের হয়ে খেলতে চেয়েছি, সেই সুযোগটা পাচ্ছি। আশা করি, আরও অনেক অনেক রান করতে পারব। বোলিং অ্যাকশনের বৈধতা পেয়েছেন কদিন আগে, আবার বোলিং করতে পেরে কেমন লাগছে?স্যামুয়েলস: খুবই খুশি, ব্যাটিংটাই হয়তো আমার মূল কাজ, কিন্তু দলের জন্য আমি সম্ভব সবকিছুই করতে চাই। আবার বোলিং করতে পারছি, এই অনুভূতি অসাধারণ। এটা আমাকে বাড়তি আত্মবিশ্বাসও দিচ্ছে। আমি মনে করি, বোলিং করতে পারছি বলেই ব্যাটিংয়েও আমার আত্মবিশ্বাস ফিরে এসেছে। সব সময় বলে এসেছেন, আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা ক্রিস গেইল, বিধ্বংসী ব্যাটিংয়ের মন্ত্রটা কি তাঁর কাছ থেকেই পাওয়া?স্যামুয়েলস: আমার মতো ক্রিসও জ্যামাইকার। সবাই জানে ব্যাট হাতে ও কী করতে পারে। ও সব সময়ই ছিল আমার ভালো বন্ধু, এখনো আছে। অনেক কথা হয় আমাদের। টি-টোয়েন্টিতে ও ভয়ংকর ব্যাটসম্যান, ওর ওপর থেকে দৃষ্টি সরানোর উপায় নেই। ক্রিকেটের কোন সংস্করণটা বেশি পছন্দ?স্যামুয়েলস: আমি খুব ভালো একজন কোচ পেয়েছিলাম, যিনি বলেছিলেন টেকনিক ভালো হলে কোনো ধরনের ক্রিকেটে খেলাই সমস্যা নয়। তবে টেস্ট ক্রিকেট হলো আসল ক্রিকেট, নামটাই তো ‘টেস্ট’। সবকিছুর চূড়ান্ত পরীক্ষা হয় এখানেই। টেস্টে যে ব্যাটসম্যান ভালো করবে, তার কোনো ধরনের ক্রিকেটেই মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়। টেস্ট ক্রিকেট কখনোই মরবে না, টিকে থাকবে চিরকাল। ব্রায়ান লারার শেষ ম্যাচে (২০০৭ বিশ্বকাপে) আপনার সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হয়েছিলেন, মনে পড়ে?স্যামুয়েলস: অতীত নিয়ে আমি কথা বলতে চাই না, সামনের দিকে তাকাতে চাই।