‘এখন খেলার মান নিচের দিকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাজ আহমেদের ছায়ায় খানিকটা ঢাকা ছিলেন। নইলে তাহির জামান অনেক বড় হকি তারকা। এখন ঢাকায় আছেন ঊষা ক্রীড়াচক্রের কোচ হয়ে। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দলের অনুশীলনের পর দিলেন এই সাক্ষাৎকার। তাতে বাদ যায়নি তাঁর কোচিং ক্যারিয়ার, পাকিস্তান ও বিশ্ব হকি, বাংলাদেশ প্রসঙ্গও কোচিং জীবনটা কেমন চলছে?তাহির জামান: এখন পর্যন্ত ভালোই। ৮-১০ বছর ধরে আমি আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশেষজ্ঞ কোচ। তবে এটা অবৈতনিক কাজ।  বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা কেমন?তাহির: নানা রকম অভিজ্ঞতা হয়েছে। এ বছর মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, ব্রুনাই, তানজানিয়ায় কোচিং প্রোগ্রাম করেছি। গিয়েছি কোরিয়া, ওমান, দুবাই, আজারবাইজান, বারবাডোজ...আরও অনেক দেশেই।  বারবাডোজের অভিজ্ঞতা নিশ্চয়ই একটু আলাদা?তাহির: পুরো আলাদা। ২০০৯ সালে বারবাডোজের পুরুষ ও মহিলা দলের টেকনিক্যাল ডাইরেক্টর ছিলাম তিন মাস। ওখানকার সংস্কৃতি পুরো ভিন্ন। তারা হকি খেলাকে সিরিয়াসলি নেয়নি। একদিন সকালে মাঠে গিয়ে দেখি অনেক খেলোয়াড়ই আসেনি। আগের রাত চারটা পর্যন্ত পার্টিতে থাকায় নাকি আসতে পারেনি! এটা ব্যতিক্রমী অভিজ্ঞতা। আসলে সপ্তাহান্তের পরদিন অনুশীলন দিলে ওদের পাওয়া যাবে না! শুনেছি, আপনি একটা হকি একাডেমি করেছেন?তাহির: হ্যাঁ, পাঞ্জাবের গোজরায় আমার শহরে ওটা করেছি। হকি এখনো আমার রক্তে। হকি নিয়েই থাকতে চাই। বাংলাদেশ আপনাকে চাইলে আসবেন?তাহির: আমি সবার জন্যই প্রস্তুত। বাংলাদেশ জাতীয় দল চাইলেই আমি আসব। সম্প্রতি আজলান শাহ হকিতে পাকিস্তান সাত দলে সপ্তম। কেন এই হাল?তাহির: এটা দুঃখজনক। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে আট দলে সপ্তম, ২০১০ বিশ্বকাপে ১২তম। সেটি ছিল পাকিস্তান হকির কালো অধ্যায়। পাকিস্তানের হকি ধুঁকছে অনেক দিন ধরেই।  জঙ্গিবাদ, রাজনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান। আপনাদের হকির ভবিষ্যৎ আসলে কী?তাহির: অনেক দেশই পাকিস্তানে আসছে না। তবে সম্প্রতি চীন এসেছে, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ভারত, মালয়েশিয়ার আসার কথা থাকলেও আসেনি। আশা করি, অলিম্পিকের পর তারা আসবে।  এবার অলিম্পিকে পাকিস্তান কেমন করতে পারে?তাহির: সেরা চারে থাকলেও খুশি হব। এশিয়ার কোনো দলের অবস্থাই ভালো নয়। র‌্যাঙ্কিংয়ে কোরিয়া এখন ষষ্ঠ, ভারত-পাকিস্তান আট-নয়ে। অলিম্পিকে অস্ট্রেলিয়া, জার্মানিই টপ ফেবারিট। বেলজিয়াম আন্ডারডগ হয়ে চমক দিতে পারে।  নব্বইয়ের শেষ দিকে শাহবাজ এবং আপনি মোহামেডানে খেলেছেন। তখনকার হকির সঙ্গে বর্তমানে কী পার্থক্য দেখছেন?তাহির: এখন খেলার মান নিচের দিকে। তরুণেরা শারীরিকভাবে ফিট, উদ্যমী। কিন্তু স্কিলে আরও উন্নতি চাই।  ঊষাকে কয়েক দিন অনুশীলন করালেন। কেমন দেখছেন?তাহির: ফিজিক্যাল ও টেকনিক্যালি ভালোই। কিন্তু ট্যাকটিক্যাল ও মনস্তাত্ত্বিক দিকটায় উন্নতি দরকার। আমি খেলোয়াড়দের আত্মবিশ্বাস, গেম প্ল্যান, শর্ট কর্নার নিয়ে কাজ করব। লিগটা মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।  হকিতে এই বিবর্তনের সময়টাকে কেমন দেখছেন?তাহির: হকি এখন অনেক গতিময়। খুব বেশি ফিজিক্যাল ফিটনেস দরকার। আগে স্কিলফুল খেলোয়াড় ছিল বেশি, তারা স্টিকের কাজ দেখাত। এখন সেটি কম। হকি অপেশাদার খেলাই রয়ে গেছে। তবে এ বছর বিশ্ব হকি লিগ চালু হচ্ছে। দেখা যাক।