আবাহনী-মোহামেডান ম্যাচ প্রথম খেলেছেন ১৯৯৪ সালে। এবার মোহামেডানের সেনানী খালেদ মাসুদ অবশ্য মনে করতে পারলেন না, এ নিয়ে কতবার রোমাঞ্চটার সঙ্গী হলেন। তবে নিশ্চিত করলেন, এত কম রানের আবাহনী-মোহামেডান ম্যাচ তিনি এর আগে খেলেননি এমন ম্যাচে ১০ উইকেটে হার! নিশ্চয়ই খুব হতাশ...খালেদ মাসুদ: অবশ্যই, আবাহনী-মোহামেডান খেলা সাধারণত এ রকম হয় না।্রযে দল যত রানই করুক, ওটা নিয়েই কিছু না-কিছু হয় ম্যাচে। আজ (গতকাল) একপেশে খেলা হয়ে গেছে। মাত্র ৯৩ রানে অলআউট। এই ব্যাটিং-ব্যর্থতার কারণ কী?মাসুদ: আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। উইকেট খুবই ভালো ছিল, আমরা সেট হওয়ার আগেই বেশি শট খেলতে গেছি। এ ধরনের ম্যাচে যে রকম দায়িত্ব নিতে হয়, সেটা কেউ নিতে পারেনি। আবাহনী বা মোহামেডানের হয়ে অনেকবারই খেলেছেন। এ নিয়ে কততম আবাহনী-মোহামেডান ম্যাচ খেললেন, বলতে পারবেন?মাসুদ: ঠিক মনে করতে পারব না। তবে খুব সম্ভবত এ নিয়ে চারটি মৌসুম আমি মোহামেডানে খেলছি। আবাহনীতে সম্ভবত ছয় মৌসুম খেলেছি। তবে কবে প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছিলাম, এটা মনে আছে। ১৯৯৪ সালে, সেবার মোহামেডানে খেলি। তখন এই ম্যাচ অনেক উত্তাপ ছড়াত। এখন তো আর সে রকম নেই...কী বলেন?মাসুদ: তখনকার আবাহনী-মোহামেডান খেলা আর এখনকার আবাহনী-মোহামেডান খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন খেলোয়াড়েরা অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলত, ক্লাব-দর্শক সব দিক থেকে চাপ আরও বেশি ছিল। সে তুলনায় এখন চাপ অনেক কম। ১৯৯৪-এর কথা মনে আছে। এখন আন্তর্জাতিক ম্যাচে যে রকম গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে, সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিও সে রকম ভরে গিয়েছিল। এই চাপটা কমে যাওয়ার কারণ কি আন্তর্জাতিক ক্রিকেট?মাসুদ: হ্যাঁ, জাতীয় দলের হয়ে বেশি বেশি ম্যাচ খেলার কারণেই আমার মনে হয়, ক্লাব ক্রিকেটে এখন আর খেলোয়াড়েরা অতটা সিরিয়াস নয়। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি মনে করি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আবাহনী-মোহামেডান ম্যাচে এর আগে এত কম রান দেখার অভিজ্ঞতা কি হয়েছে?মাসুদ: আমি কখনো এ রকম পাইনি। আবাহনী-মোহামেডান ম্যাচে আমি কখনো এত অল্প রানের ম্যাচ খেলিনি। অল্প রানের অভিজ্ঞতা বলতে একবার আবাহনীর হয়ে ১৮০-৯০-এর মতো করেছিলাম। সেই ম্যাচটা ২ বা ৩ রানে জিতেছিলাম। এত কম রানের খেলাও খেলিনি, এত বড় ব্যবধানে হারার অভিজ্ঞতাও কখনো হয়নি। ঘরোয়া ক্রিকেটে ক্লাবের একটা চাপ থাকেই। বড় ম্যাচে তো সেটা আরও বেশি। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে এই বিশাল হারে মোহামেডান ক্লাব কর্মকর্তাদের প্রতিক্রিয়া কী?মাসুদ: মোহামেডান ক্লাবের কর্মকর্তারা খুব অমায়িক। শুধু এই ম্যাচ বলে নয়, এর আগে আমরা গাজী ট্যাংকের কাছেও হেরেছি। প্রাইম দোলেশ্বরের সঙ্গে ‘টাই’ করেছি। তখনো ক্লাব কর্মকর্তারা সে রকম কিছু বলেননি, কোনো চাপ দেননি। তাঁরা সব খেলোয়াড়ের ওপর ছেড়ে দিয়েছেন। বরং বড় দলের খেলোয়াড় হিসেবে আমাদের যে দায়িত্বটা নেওয়া উচিত ছিল, আমরা সেটা নিতে পারিনি। এই ম্যাচের আগে বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়ানো নিয়ে বয়কটেরও হুমকি দিয়েছিল মোহামেডান। এ ঘটনা কি প্রভাব ফেলেছে দলে? মাসুদ: আমার মনে হয় না। দল যাতে চাপে না পড়ে, সেজন্য ক্লাব কর্মকর্তারা কোনো খেলোয়াড়কে এর মধ্যে টেনে আনেননি। আগে থেকে এ ব্যাপারে কাউকে কিছু বলেনওনি সেভাবে। আমিও কাল (পরশু) রাত সাড়ে ৯টা-১০টার দিকে এক সাংবাদিকের কাছে জেনেছি, এ রকম একটা ব্যাপার ঘটেছে। মাঠের বাইরের এসব ঘটনা কর্মকর্তারাই দেখেন। খেলোয়াড় হিসেবে আমাদের কাজ খেলা।