টানা আট বছর ধরে খেলছেন মুক্তিযোদ্ধায়। ফিরোজ মাহমুদ (টিটু) হয়ে গেছেন মুক্তিযোদ্ধার ঘরের ছেলে। এই উইং ব্যাক ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপে খেলবেন শেখ জামালের বিপক্ষে নিজের শেষ ম্যাচটা। অবসরের আগে আবেগ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডারকে আপনার সময়ের অনেকেই এখনো খেলছেন। কেন আপনি অবসরের সিদ্ধান্ত নিলেন?ফিরোজ মাহমুদ: এটা সত্যি, আমার সমসাময়িক অনেকেই খেলছেন। কিন্তু ওরা হয়তো ফিটনেসটা ধরে রেখেছে। আমি পারছি না। সিদ্ধান্তটা হঠাৎ করেই নিয়েছি। কয়েক বছর ধরে ফুটবল খেলছি ঠিকই, কিন্তু মন দিয়ে খেলতে পারছি না। তা ছাড়া ইনজুরিতে পড়ছি প্রতিবছরই। সর্বশেষ তিন বছর একরকম অনিয়মিতই ছিলাম। এসব সমস্যার কারণে চিন্তা করলাম, এখন বিদায় বলাই ভালো। আপনি তো একাধারে মুক্তিযোদ্ধার কর্মকর্তাও ছিলেন...ফিরোজ: যখন মুক্তিযোদ্ধা অভিভাবকহীন ছিল, তখন হয়তো ওই কর্মকর্তার ভূমিকায় নামতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভেবেছি, দলটা টিকিয়ে রাখতে হবে। তাই অন্য কোথাও যাইনি। আমি চাইনি যে মুক্তিযোদ্ধা দলটা শেষ হয়ে যাক। তাই হাল ধরেছি। বিভিন্ন জায়গা থেকে এবং নিজের পকেটের টাকা দিয়ে চেষ্টা করেছি দলটা ধরে রাখার জন্য। আল্লাহর রহমতে এটাই আমার সার্থকতা। একটা সময় বাংলাদেশ জাতীয় দলের রক্ষণভাগে আপনাকে বড় ভরসা মানা হতো...আন্তর্জাতিক ক্যারিয়ারটা লম্বা করতে পারলেন না কেন? ফিরোজ: ইনজুরির কারণে আসলে বেশি দিন খেলতে পারিনি। তবু রক্ষণে খেলে বেশ কিছু স্মরণীয় গোল আছে আমার। এর মধ্যে ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের গোলটি সব সময়ই মনে পড়ে। ওই ম্যাচে আমরা জিতেছিলাম। দেড় যুগের ক্যারিয়ারে পেছন ফিরে তাকালে কি আপনি সন্তুষ্ট?ফিরোজ: পুরোপুরি সন্তুষ্ট নই। তবে মাঠ থেকে বিদায় নিতে পারছি, এটা আমার কাছে বড় পাওয়া। আমার প্রত্যাশা আরও উঁচুতে ছিল। ভেবেছিলাম, বাংলাদেশের ফুটবলের জন্য আরও কিছু করব। শুরুও করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এটা আমার ব্যর্থতা। নতুন প্রজন্মের জন্য কিছু বলবেন?ফিরোজ: নতুনদের জন্য একটাই উপদেশ—সবাই যেন কঠোর পরিশ্রম করে। সত্যিকার অর্থে যেন পেশাদার হিসেবে নেয় খেলাটাকে। শুধু আর্থিক দিক দিয়ে নয়, মাঠেও তরুণেরা তাদের পেশাদারি মনোভাব দেখাবে, এটাই চাই। বিদায় বেলায় বাংলাদেশের ক্লাব ফুটবল কেমন দেখছেন? ফিরোজ: যে জায়গায় থাকা উচিত ছিল সেখানে নেই। আমি তাই স্বপ্ন দেখি, ফুটবলের সোনালি দিন ফিরবে। স্বপ্ন দেখি, যেন ফুটবলটা আরও ভালো জায়গায় যেতে পারে। আমরা যেখানে নিয়ে যেতে পারিনি, তরুণ প্রজন্ম যেন সেখানে নিয়ে যেতে পারে। ফুটবল থেকে কি একেবারেই বিদায়? ফিরোজ: আমি বর্তমানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। সেটা আরও এগিয়ে নিতে চাই। স্নাতকোত্তর করেছি। পিএইচডি করব ভাবছি। তবে এখনো ঠিক করিনি কোথায় করব। বাইরেও যেতে পারি বা দেশেও কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়তে পারি। ফুটবলের কোচিংয়ে কি ফেরার ইচ্ছা আছে?ফিরোজ: সে রকম সুযোগ থাকলে অবশ্যই ফিরব। তবে এখনই কোচিং নিয়ে কিছু ভাবছি না।