‘এখন ভগবান আমাদের তুলি লিক!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওরা সরকারি দল করে। ওদের বিরুদ্ধে নাকি মামলা থাকা যাবি না। তাই মামলা তুলি লিতে হবি। কিন্তু আমার ব্যাটারা তা মানবি না। এই জন্য ওরা আমার ব্যাটার ঘর পুড়ায় দিছে। গাছের সাথে বাঁধি বাপ-বেটাক পিটায়ছে। আমার এক লাতি পরীক্ষা (এসএসসি) দিচ্ছে। ওকেসহ আমার তিন ব্যাটাক গ্রাম থ্যাকি বার করি দিছে। লেতা, পুলিশ সব জায়গায় বুলিছি। কেউ বাঁচাতে পারবি না। এখন ভগবান আমাদের তুলি লিক। না হলে দেশ ছ্যাড়ি চলি যাবো।’৮০ বছরের বৃদ্ধা নির্মলা দেবী গত বৃহস্পতিবার নিজ বাড়ির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কথাগুলো বললেন। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মামুদপুর গ্রামে।নির্মলা জানান, ১৯৯৯ সালে মামুদপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী রেজাউল করিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাঁর নাতি প্রদীপ কুমারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এতে প্রদীপের একটি হাত পঙ্গু হয়ে যায়। এ ব্যাপারে প্রদীপের বাবা নব কুমার বড়াইগ্রাম আমলি আদালতে রেজাউলসহ তিনজনকে আসামি করে মামলা করেন। মামলাটি এখনো বিচারাধীন।নির্মলা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য সন্ত্রাসীরা চাপ দিতে শুরু করে। মামলা তুলে না নেওয়ায় তারা কয়েক মাস আগে তাঁর জমির পাট কেটে নেয়। এরপর তিনি আরেকটি মামলা করেন। এতে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রদীপের কাকা শৈলেন্দ নাথকে কয়েক দফা মারধর করে এবং বাড়িঘরে লুটপাট করে। এসব ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে আরও একটি মামলা করেন শৈলেন্দ।নির্মলা আরও জানান, ২৫ ফেব্রুয়ারি সকালে সন্ত্রাসীরা প্রদীপ কুমারের বাড়িতে এসে তার বাবা নব কুমারকে মামলা তুলে নেওয়ার জন্য সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। নব কুমার রাজি না হওয়ায় সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের সামনে বাবা-ছেলে ও প্রদীপের মা সুধা রানীকে বেদম মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেদম মারধর করে। শেষ পর্যন্ত গলায় রামদা ধরে তাঁদের কাছ থেকে কাগজে সই নেওয়া হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা তাঁকে জানায়, এখানে সালিস চলছে; পুলিশ থাকার দরকার নাই। পরে স্থানীয় লোকজন নব কুমার ও সুধা রানীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন নব কুমার গত বৃহস্পতিবার এই প্রতিনিধিকে বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় গত বুধবার রাতে ওরা আমার বাড়ি পুড়ায়ে দিছে। হাসপাতাল থ্যাকি ব্যার হলেই ওরা আমাক মারি ফেলবি।’নব কুমারের ছোট ভাই সন্তোষ কুমার গতকাল শুক্রবার মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘ওরা আমাকে ও আমার ছেলে বিদ্যুেক গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থ্যাকি বের করি দিছে। সেই দিন থ্যাকি পালায়ে বেড়াচ্ছি। ছেলিডার পরীক্ষা (এসএসসি) চলছে। পাশের উপজেলা গুরুদাসপুরে সে পালিয়ে আছে। বাড়িতে মা ও শিশুবাচ্চা নিয়ে আমার স্ত্রী আছে। ওরা রাতে বাড়িতে গিয়ে জানালা-দরজায় ধাক্কা দিচ্ছে।’সন্তোষ কুমার আরও বলেন, ‘ওরা মাঠে আমাদের ধানের জমিতে পানি দেওয়া বন্ধ করি দিছে। মাঠ থ্যাকি রসুন তুলি নেওয়ার হুমকি দিচ্ছে। দাদার বাড়ি পুড়িয়ে দেওয়ার পর পুলিশ আসি দেখি গিছে। আমি মামলা করতে গিছি, কিন্তু মামলা নেয়নি। আসামিদের ধরেওনি।’এসব অভিযোগ নিয়ে মোবাইল ফোনে কথা হয় অভিযুক্ত রেজাউল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘নব কুমার ও সন্তোষ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তারা নিজের থেকে মামলা তুলে নিতে চেয়েছিল। তবে এখনো তোলেনি। মামলা চলুক। আমরা তাদের মারিনি, বাড়িতে আগুনও দিইনি।’এ ব্যাপারে জানতে চাইলে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘২৫ ফেব্রুয়ারি আমি মামুদপুর গ্রামে গিয়েছিলাম। তখন তারা সালিসে আপস মীমাংসার কথা বলেছিল। তাই চলে এসেছিলাম। গাছের সঙ্গে বেঁধে পেটানোর ঘটনা আমি দেখিনি। আর বাড়ি পোড়ানোর খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।’বড়াইগ্রাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এটা দুর্ভাগ্যজনক। তবে আমার কিছুই করার নাই। কারণ যারা এটা করেছে তারা নব্য আওয়ামী লীগার।’