আন্তজেলা ক্লাব কাপে শুধু ফাইনাল ম্যাচটা খেললেও সিলেট লিগে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের হয়ে নিয়মিতই খেলছেন তাপস বৈশ্য, ক্লাবের অধিনায়কও তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই পেসার কথা বলেছেন সিলেটের ক্রিকেট এবং তাঁর নিজের সম্পর্কে আপনার জন্য মিরপুর স্টেডিয়াম নতুন কিছু নয়। তবে দলের অনেকেই হয়তো এই মাঠে প্রথম ম্যাচ খেলে খুব রোমাঞ্চিত...তাপস বৈশ্য: আমাদের দলে প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগে খেলা ক্রিকেটারই বেশি। সবাই কম-বেশি এখানে খেলেছে। তার পরও অধিনায়ক হিসেবে আমি বলেছি, সামনে নতুন মৌসুম আসছে। মিরপুরে খেললে অনেক ক্লাব অফিশিয়াল খেলা দেখবে।্রতোমরা যদি সেরা খেলা খেলতে পারো, এটা কাজে লাগবে। মিরপুর এখন হোম অব ক্রিকেট। এখানে খেললে অন্য রকম একটা অনুভূতি তো হয়ই। সিলেটে এই দলটার সাফল্য কী?তাপস: সিলেট লিগে আমাদের অফিশিয়ালদের দুটি ক্লাব। সিলেটের ভালো খেলোয়াড়েরা সবাই এই দুটি ক্লাবেই খেলে। আমাদের দলটাতে আমি, অলক, এনামসহ অনেকেই আছি। আমাদের ক্লাবটা সিলেট লিগে খেলছে দুই মৌসুম, দুবারই চ্যাম্পিয়ন। পুরোনো একটা ক্লাব কিনে অফিশিয়ালরা নতুন নাম দিয়েছেন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। ক্লাবের সুযোগ-সুবিধা কেমন?তাপস: খুবই ভালো। তবে অনুশীলন সব ক্লাব একসঙ্গে স্টেডিয়ামের মাঠেই করে। তাতে অবশ্য সমস্যা হয় না। এই ক্লাবে যারাই খেলে, সবাই প্রতিষ্ঠিত ক্রিকেটার। ঢাকা লিগে খেলে, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে। সবাই ব্যক্তিগতভাবেই অনুশীলন করে। সিলেটের স্থানীয় ক্রিকেটের অবস্থা কী? লিগ ছাড়া আর কোনো টুর্নামেন্ট হয়?তাপস: হয়, এবার হলো রবি মেয়র কাপ। গত বছরও এ রকম একটা টুর্নামেন্ট হয়েছে। সঙ্গে লিগ হচ্ছে। এবার তো লিগ খুবই ভালো হয়েছে। ফলও পেয়েছি জাতীয় লিগে। চার-পাঁচ বছর ধরে আমরা জাতীয় লিগে ছয় নম্বর দল ছিলাম। সিলেট লিগ হওয়াতে এবার আমরা তৃতীয়। জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট খেলে কতটুকু লাভবান হচ্ছে ঢাকার বাইরের ক্লাবগুলো?তাপস: আমি এবারই প্রথম খেললাম এই টুর্নামেন্টে। অনেক জেলাতেই এখন নিয়মিত ক্রিকেট হয় না বলে এই টুর্নামেন্টটা হওয়া দরকার। এটা নিয়মিত হলে, এর জৌলুশ থাকলে অনেক জেলাই ক্রিকেটে উৎসাহিত হবে। এখানে খেলাটা ক্লাব অফিশিয়ালদের জন্যও সম্মানের। আবার খেলোয়াড়েরাও বেশি ম্যাচ খেলতে পারবে। অনেক সময় আমাদের ওখানেও লিগ হয়নি। এখন মনে হচ্ছে নিয়মিত হবে। খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা কি হচ্ছে? অনেক ম্যাচে তো টসেও খেলার জয়-পরাজয় নিষ্পত্তি হলো...তাপস: হ্যাঁ, প্রথম লিগে আমরাও এক ম্যাচে ওয়াকওভার পেয়েছি। এটা ঠিক নয়। ক্লাবগুলোর আরও সিরিয়াস হওয়া উচিত। নিজেদের জেলায় চ্যাম্পিয়ন হওয়ার পর বোর্ড তাদের সামনে আরও বড় জায়গায় খেলার সুযোগ করে দিচ্ছে। এটাকে কাজে লাগানো উচিত। জাতীয় দলে আপনি একসময় নিয়মিত খেললেও এখন একটু দূরে। ক্রিকেটার হিসেবে আপনার অবস্থান এখন কোথায়?তাপস: আমি এখনো ভালো লেভেলের ক্রিকেটই খেলছি। ঢাকা লিগে মোটামুটি পারফরম করছি। তবে কিছুদিন বাইরে থাকায় অনেক নতুন খেলোয়াড় চলে এসেছে। তার পরও আশা ছাড়িনি। যদি ভালো পারফরম করি...নির্বাচক কমিটিও তো বদলেছে। ডাক পড়লে আমি চেষ্টা করব ক্রিকেট ছাড়ার আগে যেন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলে যেতে পারি। টেস্ট ক্রিকেটার হয়েও আন্তজেলা ক্লাব কাপে খেলতে কেমন লাগে?তাপস: এখন আর কোনো খেলা নেই। এই একটা খেলাই হচ্ছিল। অফ সিজনে প্র্যাকটিসের মধ্যে ছিলাম। তার পরও সবার মধ্যে এখানে খেলার একটা ইচ্ছা কাজ করেছে। আর ফাইনালে আমাদের প্রতিপক্ষ দলটাও ভালো। ‘এ’ দল, একাডেমির খেলোয়াড় আছে। সে জন্যই মনে হলো ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, যাই খেলে আসি।