‘এখন লোকজনকে মারা কমিয়ে দিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি শুধুই মারেন! মেহেরপুরের বাসশ্রমিক-নেতারা অভিযোগ করেছেন, গাংনীর সেই পৌর মেয়রের নির্দেশেই গতকাল বুধবার কিছু লোক তাঁদের মারধর ও লাঞ্ছনা করেছে। প্রতিবাদে আজ বৃহস্পতিবারও ধর্মঘট অব্যাহত রেখেছেন বাসশ্রমিক-নেতারা। বাস চলাচল বন্ধ থাকায় সারা দেশের সঙ্গে মেহেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাসশ্রমিক-নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাংনীর সেই মেয়র বলেছেন, ‘প্রথম আলোর কারণে এখন লোকজনকে মারা কমিয়ে দিয়েছি।’ গতকাল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে দুজন যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়। এই ঘটনার পর বাসশ্রমিক-নেতারা ঘটনাস্থলে গেলে একদল বিক্ষুব্ধ জনতা তাঁদের মারধর ও লাঞ্ছনা করে। বাসশ্রমিক-নেতারা এই ঘটনার জন্য গাংনী পৌর মেয়র আহম্মদ আলীকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ওই মেয়রের নির্দেশেই লোকজন এ ঘটনা ঘটিয়েছে। মেহেরপুর বাস মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস প্রথম আলো ডট কমকে বলেন, দুর্ঘটনার পর তিনি মেহেরপুর জেলা বাসশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কয়েকজন শ্রমিকনেতাকে নিয়ে ঘটনাস্থলে যান। তখন গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর (গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি) নেতৃত্বে কিছু সশস্ত্র লোক তাঁদের ওপর হামলা করে। তারা প্রথমে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতাদের এবং পরে বাস মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসকে মারধর ও লাঞ্ছনা করে। মেয়র আহম্মদ আলী বলেন, ‘প্রথম আলোর কারণে এখন লোকজনকে মারা কমিয়ে দিয়েছি। বাসে দুজন মারা যাওয়ার পর বাসশ্রমিক-নেতারা ট্রাকশ্রমিকদের হাতে মার খান।’ এই শুনে তিনি ঘটনাস্থলে যান। তিনি কোনো শ্রমিকনেতাকে মারেননি বা মারতে নির্দেশও দেননি। বরং তিনি শ্রমিকনেতাদের উদ্ধার করেছেন বলে দাবি করেন।মেহেরপুরের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান, শ্রমিকনেতাদের কে মেরেছে, সেটা তদন্তের বিষয়। তিনি আলোচনা সাপেক্ষে দ্রুত বাস ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকনেতাদের অনুরোধ করেছেন বলে জানান।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। বাস দুর্ঘটনায় হতাহত হওয়া ও শ্রমিকনেতাদের মারধরের ঘটনায় কোনো মামলা হয়নি। এর আগে ওই মেয়রের হাতে গাংনীর একাধিক চিকিত্সক, সাব-রেজিস্ট্রার, শিক্ষক, অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, ইউএনও, পুলিশ, বিচারপ্রার্থী নাগরিক, ব্যবসায়ী, দলিল লেখক, জনপ্রতিনিধি মারধরের শিকার ও লাঞ্ছিত হয়েছেন। ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে ‘প্রথম আলো’তে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে।