‘এখনো অনেকে প্রতিবন্ধী সন্তানকে লুকিয়ে রাখেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বড় ছেলে অটিস্টিক। তাঁর বয়স বর্তমানে ২৭ বছর। এখনো অনেক অভিভাবক প্রতিবন্ধী সন্তানকে লুকিয়ে রাখেন। কিন্তু এতে করে সন্তান ও দেশের ক্ষতি হচ্ছে। কেননা, তাদের কথা জানা না থাকলে সঠিক কার্যক্রম হাতে নেওয়া সম্ভব হবে না।’ কথাগুলো এক মায়ের। তাঁর নাম নাছিমা বেগম। ‘প্রতিবন্ধী জরিপে অংশ নিন, দিনবদলের সুযোগ দিন’—এ স্লোগান সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে প্রতিবন্ধী জরিপের কাজ। আগামী আগস্ট মাসের মধ্যে জরিপের আওতায় প্রতিটি বাড়ি পরিদর্শনের কাজ শেষ হবে। ১ জুন শুরু হওয়া জরিপে যে বাড়িতে প্রতিবন্ধী ব্যক্তি আছে, সেই বাড়িতে ‘টিক চিহ্ন’ এবং না থাকলে ‘ক্রস চিহ্ন’ দেওয়া হচ্ছে। এতে কোনো বাড়ি বাদ পড়বে না।আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জরিপ বিষয়ে জাতীয় কর্মশালায় এ কথা জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম।কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম বলেন, জাতীয় পর্যায়ে জরিপ পরিচালনার আগে দেশের ১২টি উপজেলার ১৫৯টি ইউনিয়ন/পৌরসভায় একটি পাইলট জরিপ পরিচালনা করা হয়েছে। বর্তমানে ১২টি উপজেলা ছাড়া দেশের অন্যান্য উপজেলায় এ জরিপ চালানো হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থাকে এ বিষয়টি প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে।জরিপে সব ধরনের প্রতিবন্ধী নাগরিক যাতে অংশ নেওয়ার সুযোগ পায়, তার জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান কর্মশালার প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, জরিপে প্রতিটি বাড়ি পরিদর্শন করে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা, কার কী সমস্যা, শিক্ষাগত যোগ্যতাসহ সার্বিক বিষয় যেভাবে তুলে আনার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এ জরিপে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিকভাবে সহায়তা করার জন্য প্রস্তুত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।কর্মশালায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সেদিকে নজর দিতে সবার প্রতি আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে পরিচালিত সরকারি-বেসরকারি কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে জোর দেন।কর্মশালায় জাতীয় অধ্যাপক এম আর খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজিব প্রমুখ বক্তব্য দেন।