‘এখনো যন্ত্রণায় ঘুমাতে পারি না’
‘রাতের বেলায় এখনো যন্ত্রণায় ঘুমাতে পারি না। সারা শরীরে অনেক স্প্লিন্টার। শরীরে ভীষণ যন্ত্রণা হয়।’আজ রোববার সকালে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার সহসভাপতি তাহমিনা খানম। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আহত শতাধিক নেতা-কর্মীর একজন তিনি। আজ সকালে এসেছিলেন সেই স্থানে, সাত বছর আগে যেখানে ঘটেছিল ভয়াবহ গ্রেনেড হামলা। আগস্টের সে দিনের স্মৃতি হিসেবেই যেন শরীরে এখনো অসংখ্য স্প্লিন্টার বয়ে চলেছেন তাহমিনা। এসব স্প্লিন্টার প্রতিটি মুহূর্তে জানান দেয় তাদের উপস্থিতি। রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না। এখনো অনেক রাতে দুঃস্বপ্নে দেখেন সেই নৃশংস ক্ষণটি। তাঁর মতো আরও অনেকেই এখনো শরীরে বহন করে চলেছেন অসংখ্য স্প্লিন্টার।সেই দিনের ঘটনা বর্ণনা করে তাহমিনা বলেন, তিনি ছিলেন আইভী রহমানের (রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) কাছাকাছি। হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাঁর দুই পা, হাত ও পিঠে আঘাত লাগে। তাহমিনা জানান, এখনো তাঁকে চিকিত্সা নিতে হচ্ছে। বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে তাঁদের চিকিত্সা ব্যয় বহন করা হয়। প্রতি মাসে দেওয়া হয় তিন হাজার টাকা করে।এই আঘাতের পরও নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তাহমিনা। কারণ সে দিনের হামলায় ২২ জন প্রাণ হারিয়েছেন। তাঁর চেয়েও গুরুতর আহত হয়েছেন অনেকে, হাত-পা হারিয়েছেন কেউ কেউ। সবচেয়ে বড় কথা তাঁদের নেত্রী (শেখ হাসিনা) বেঁচে গেছেন।সে দিন ট্রাকের কাছে দাঁড়িয়ে শেখ হাসিনার বক্তব্য শুনছিলেন উম্মে রাজিয়া। পায়ে গুরুতর আঘাত পান। তিন বছর হাঁটতে হয়েছে স্ক্র্যাচে ভর দিয়ে। এখনো পায়ের গোড়ালি ব্যান্ডেজ করে রাখতে হয়। তাঁর ভাষায়, ‘মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। ঘুমাতে পারি না। সারা শরীরে অসংখ্য স্প্লিন্টার। পায়ের অবস্থার উন্নতি হয়েছিল। এখন আবার অবনতির দিকে।’২০০৪ সালের ২১ আগস্টের সেই হামলায় নিহত হয়েছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২২ জন। আহত হন কয়েক শ লোক। তত্কালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওই ঘটনায় আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান।