‘এখনো রবীন্দ্ররচনার সঙ্গে আমাদের আশা-আকাঙ্ক্ষার একাত্মতা বোধ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সংশয় প্রকাশ করেছিলেন, শতবর্ষ পর লোকে তাঁর রচনা পড়বে কি না। কিন্তু ১০০-এর সঙ্গে আরও ৫০ বছর পর তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। প্রথম আলোও তাতে শামিল ব্র্যাক ব্যাংককে সঙ্গে নিয়ে।‘রবীন্দ্রনাথ, এই সময়ে’ নামের দুই দিনের সেমিনার শুরু হলো গতকাল শনিবার। সকালে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন মিলনায়তনে এর উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘এখনো তাঁর রচনার সঙ্গে আমাদের আশা-আকাঙ্ক্ষার একাত্মতা বোধ করি।’ তারপর সারা দিন ‘নানা রবীন্দ্রনাথ’-এর সৃজনী প্রতিভা আর তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে চলে অনুসন্ধিৎসু আলোচনা।ভোর থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। তা সত্ত্বেও রবীন্দ্রানুরাগীরা প্রায় যথাসময়েই উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। তাঁদের স্বাগত জানিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘জন্মের দেড় শ বছর পর আমাদের উপলব্ধিতে রবীন্দ্রনাথ কীভাবে উপস্থিত হন, জীবনযাত্রার নানামুখী প্রয়াসে ও সমাজ রাষ্ট্রের সমস্যা-সংকটে তাঁর ভাবনা থেকে কোনো নতুন ভাষ্য তৈরি করতে পারি কি না, সেটা বিচার করে দেখতেই এই প্রয়াস। তাই এই আয়োজনের লক্ষ্য ভবিষ্যৎমুখী।’ তিনি ব্র্যাক ব্যাংক, আলোচক ও শ্রোতাদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ সূচনা ভাষ্যে বলেন, ‘আমরা সংবাদপত্রসেবীরা তাৎক্ষণিক সময় নিয়ে কাজ করি। সব ক্ষেত্রে বৃহত্তর সময়ের প্রেক্ষাপট নিয়ে ভাববার সুযোগ থাকে না। তবে বর্তমান থেকেই ভবিষ্যতের সৃজন হয় এবং এমন কিছু উপলক্ষ আসে যখন একটা বৃহৎ পরিমণ্ডলের ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়। এ বছর আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। একই সঙ্গে রাজধানী হিসেবে ঢাকা পূরণ করছে ৪০০ বছর এবং রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ। এই তিনটি উপলক্ষ ভাবনার বৃহৎ পরিসর সৃষ্টি করেছে। আমরা সেই বড় পরিমণ্ডলের ভেতর থেকেই রবীন্দ্রনাথের মূল্যায়ন ও সমকালে তাঁর প্রাসঙ্গিকতা তুলে ধরার উদ্যোগ নিয়েছি। অধ্যাপক আনিসুজ্জামান এই ভাবনা বাস্তবায়ন করতে আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন।’সাজ্জাদ শরিফ জানান, দুই দিনে আটটি নির্বাচিত বিষয়ের সেমিনারের মধ্যে দিয়ে এই অনুসন্ধান পর্ব শেষ হবে। সেমিনারের বিষয় হলো: রবীন্দ্রনাথের কথাসাহিত্য, কবিতা, গান, চিত্রকলা, নাটক, রবীন্দ্রবিবেচনায় মনুষ্যত্বের দায়, জাতিভাবনা ও শিক্ষাভাবনা।এরপর ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের জীবনে রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার প্রভাব অনস্বীকার্য। তিনি সাহিত্যের সব শাখায় কাজ করেছেন। শিক্ষা, মানুষ ও পরিবেশ নিয়ে ভেবেছেন। ব্র্যাক ব্যাংক মননশীলতা ও সৃজনশীলতা নিয়ে কাজ করাকেও একটি ভালো বিনিয়োগ বলে মনে করে।’ এ ধরনের আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।বক্তব্যের এই পর্যায়ে শিল্পী মিতা হক ‘আলোকের এই ঝর্নাধারায়’ ও ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান দুটি গেয়ে শোনান।আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমরা যেভাবে সংগ্রাম করে রবীন্দ্রনাথকে পেয়েছি, অন্যরা সেভাবে পায়নি। ষাটের দশকে তাঁর জন্য আমাদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তিনি আমাদের জাতিরাষ্ট্র গঠনের প্রেরণায় ছিলেন, আবার জাতির ঊর্ধ্বে উঠে বিশ্বমানবের সঙ্গে মিলিত হতেও উদ্বুদ্ধ করেছেন। তাঁর সৃজন ও কর্মের দিকে দৃষ্টি দিয়ে কোথায় পৃথক হতে পারি, কোথায় একাত্ম হতে পারি, সেটাই বিচার করা হবে এই দুই দিনের সেমিনারে।’উদ্বোধন করতে এসে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ রূপ থেকে অরূপের সন্ধান করেছেন। তিনি নির্দিষ্ট একটি বিষয়ের মধ্যে নিজেকে সীমিত রাখার পক্ষপাতী ছিলেন না। বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে নিজেকেই অতিক্রম করার চেষ্টা করেছেন। বাল্মীকি, ব্যাস, হোমার, শেক্সপিয়ারের রচনা যেমন এখনো আমরা পাঠ করি, তেমনি রবীন্দ্রনাথের রচনাও চিরায়ত সৃষ্টিকর্ম হিসেবে পাঠ করি।’ তিনি কবিকে নিবেদন করে লেখা তাঁর কবিতা ‘রবি তোমার নামে’ পাঠ করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।গতকাল প্রথম দিনের সেমিনারে ছিল চারটি অধিবেশন। আমন্ত্রিত অতিথি এবং আগে থেকে নাম নিবন্ধন করা শ্রোতারা এতে অংশ নেন।