সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড় শাহবাজ আহমেদ। নব্বইয়ের দশকে ঢাকার মাঠ মাতিয়েছেন মোহামেডান ক্লাবের হয়ে। মোহামেডান পরিবারের পুনর্মিলনীতে অংশ নিতে কাল ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এসেই যেন ফিরে গেলেন পুরোনো দিনে আবার ঢাকায় এসে কেমন লাগছে?শাহবাজ আহমেদ: খুবই ভালো লাগছে। তবে ঢাকা শহর কেমন যেন বদলে গেছে। রাস্তায় যানজটটা অনেক বেশি। কত দিন পর এলেন?শাহবাজ: এক দশকের বেশি সময় তো হবেই। মোহামেডান এত দিন পরও আপনাকে মনে রেখেছে, এটা ভেবে নিশ্চয়ই ভালো লাগছে?শাহবাজ: (হেসে) তা তো অবশ্যই। আপনি জানেন, বিশ্বের সবাই ব্র্যান্ড নাম মনে রাখে। মোহামেডানও একটি ব্র্যান্ড নাম। আমি মোহামেডানের হয়ে হকি খেলেছি, এ জন্য নিজেকে খুবই গর্বিত ও ভাগ্যবান মনে হয়। মোহামেডানের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও খুব রোমাঞ্চিত লাগছে। ঢাকায় খেলার স্মৃতি মনে করলে সবচেয়ে আগে কী মনে পড়ে?শাহবাজ: আমার মনে আছে, যখন প্রথম ঢাকায় খেলতে আসি, তখন ঘাসের মাঠ ছিল। আমরা আবাহনীকে হারিয়েছিলাম। জিতেই আমরা ঘাসের ওপর শুয়ে পড়েছিলাম। আমাদের নিয়ে সে কী মাতামাতি! সত্যি বলতে কি, আমি এখানকার লোকজনকে খুব ভালোবাসি। ভালো লাগে মোহামেডানের আতিথেয়তা। সবার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা হয়ে গেছে যে এখনো নিজের পরিবারের মতোই মনে হয় এখানকার সবাইকে। এখন কী করছেন, হকির সঙ্গে জড়িত আছেন?শাহবাজ: আমি বর্তমানে পাকিস্তান ন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কর্মকর্তা। এ কারণে খুবই ব্যস্ত থাকতে হয়। চাইলেও তাই আগে আসতে পারিনি। যখন আমি এই অনুষ্ঠানের আমন্ত্রণের কথা জানালাম কর্তৃপক্ষকে, তখনো ছুটি দিতে চাইছিল না। আর হ্যাঁ, এখন কোনো ধরনের হকির সঙ্গেই সম্পৃক্ত নই আমি। আমার ইচ্ছাও নেই পাকিস্তান হকি ফেডারেশনের সঙ্গে নিজেকে জড়ানোর। ফেডারেশন অবশ্য আমাকে অনেকবার ডেকেছে। কিন্তু এখন যারা সেখানে রয়েছে, তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। কারণ, আমার চাওয়া এবং তাদের চাওয়া সম্পূর্ণ আলাদা। উপমহাদেশের হকি কি আবার সেই সোনালি যুগ ফিরে পাবে?শাহবাজ: আমার মনে হয় না এই উপমহাদেশের হকি সেই সোনালি যুগ ফিরে পাবে। এদের প্রশাসনে বাজে লোক, ম্যানেজমেন্টেও তা-ই। দলেও এর প্রভাব পড়ে—বাজে খেলোয়াড় নির্বাচন করে তারা। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনার উন্নতি কখনোই হবে না। একটা দেশে যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো না হয়, তাহলে এটা হবেই। ভারত তো তাদের হকির খারাপ অবস্থা বদলানোর চেষ্টা করছে...শাহবাজ: হ্যাঁ। আমার মনে হয়, ভারত একটু হলেও হকিতে ফিরে আসতে পারে। কারণ, তারা হকিটাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। হকির আইপিএলের কথাবার্তাও হচ্ছে সেখানে। এ কারণেই আমার মনে হচ্ছে, ভারতের হকি এগিয়ে যেতে পারে। বাংলাদেশে কোচিংয়ের প্রস্তাব পেলে কি আসবেন?শাহবাজ: আমি দুঃখিত। প্রস্তাব পেলেও আমার পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব নয়। কারণ, আমি পিআইএর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। তা ছাড়া আমার পরিবারকেও সময় দিতে হয়। দুই ছেলে, এক মেয়ে আমার। আমি যখন বাংলাদেশে আসার কথা বললাম, তখন তো আমার স্ত্রী রেগে গিয়েছিল।