‘এখানে এক সাঁকো ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পারআঁচলাই গ্রামের কাছে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য বেশ কয়েকবার জরিপ করা হয়েছিল। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কয়েকবার এলাকা পরিদর্শনও করেছিলেন। এসব দেখে এলাকার মানুষ আশা করেছিল, শিগগিরই সেতু নির্মাণ করা হবে। আর সেতু হলে তাদের দীর্ঘদিনের আশা পূরণ হবে। কিন্তু আজও সেতুটি না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছে।জানা গেছে, এপারের পারআঁচলাই আর ওপারের টেপাগাড়ীর সঙ্গে আশপাশের আরও ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ সেতুটি নির্মাণ না হওয়ার কারণে দুর্ভোগের মধ্যে বাস করছে। বিশেষ করে কৃষিপ্রধান এই এলাকার কৃষিপণ্য নিয়ে মানুষ আরও সমস্যার মধ্যে পড়ে। টেপাগাড়ী গ্রামের মানুষেরা কৃষিপণ্য নিয়ে যেমন মহাস্থানগড় হাটে যেতে পারে না, তেমনি সহজে পারআঁচলাই গ্রামের মানুষও কৃষিপণ্য নিয়ে মোকামতলা হাটে যেতে পারে না।এলাকাবাসী জানায়, এই দুই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সহজ যোগাযোগব্যবস্থা চালু করার জন্য পাকিস্তান আমল থেকেই করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি উঠেছিল। দেশ স্বাধীন হওয়ার পর যতবারই নির্বাচন এসেছে, প্রার্থীরা ততবারই সেতু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু পরে আর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। করতোয়া নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট অনেকের কাছেই এলাকাবাসী আবেদন করেছে, তবে বারবারই তাঁরা প্রহসনের শিকার হয়েছে।আগে সেতুর বিকল্প হিসেবে এলাকাবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করত। কিন্তু গত বছর সেই সাঁকোটিও পানির তোড়ে গেছে ভেসে। আসছে বর্ষা মৌসুমে তারা নদী পারাপারের জন্য এখন থেকেই উদ্বিগ্ন।পারআঁচলাই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর ওপর একটি পাকা সেতু নির্মিত না হওয়ায় পারআঁচলাই গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ মকবুল হোসেন আক্ষেপের সুরে বলেন, ‘পাকিস্তান আমলে হামাকেরে বাপেরা ঘুরিচে, দেশ স্বাধীন হওয়ার পর থ্যাকা হামরা ঘুরিচ্চি। কিন্তুক কেউ হামাকেরে সেতু কর্যা দেয় না। দ্যাশ স্বাধীন হবার পর মনে করেছিনু, স্বাধীন দ্যাশের সরকার হামাকেরে দুঃখডা বুঝবি। কিন্তু কত সরকার গেল অ্যালো, কেউ হামাকেরে দিকিন ফিরাও তাকাল না।’ তিনি আরও বলেন, ‘বাবার খুব সাধ আচলো বিরিজডা দেখ্যা যাবার। কিন্তু সে সাধ আর পুরণ হয়নি। হামারও হবি বল্যা মনে হচ্ছে না।’ওই গ্রামের ইশারত হোসেন (৪৫) বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগের লোকেরা কয়, তাঁরা নাকি হামাকেরে উপজেলাত উন্নয়নের জোয়ারে ভ্যাসা দিচে। কিন্তুক হামাকেরে নদীর ঘাটত অ্যাসা যেন সেই উন্নয়নের চাকা থমক্যা দাঁড়াচ্চে।’পারআঁচলাই গ্রামের ব্যবসায়ী ইয়াছিন আলী (৫৫) বলেন, ‘হামরা হনো পোড়া কপাল্যা। এডা পুলই হামাকেরে ভাগ্যত জুটলো না। কতবার কত কর্যা চানো। কুনো কাম হলো না। আসলে হামাকোরক লিয়া কেউই ভাবে না।’টেপাগাড়ী গ্রামের সাজাহান আলী (৪৮) বলেন, ‘এডা পুল যে হামাকেরে কতখানি দরকার, তা বল্যা বুঝানো যাবি না। হামাকেরে একন এডাই চাওয়া, পুল দ্যান। এরপর যত কষ্টত থাকি আর কুনো দাবি জানামু না।’ এ ব্যাপারে রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক জানান, তিনি যখনই সুযোগ পেয়েছেন, তখনই সেতুটির জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়ার চেষ্টা করেছেন। গত সরকারের আমলে উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু পরে আর সে উদ্যোগ আলোর মুখ দেখেনি।শিবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল কাদের জানান, সেতুটি নির্মাণের জন্য অনেক আন্দোলন হয়েছে। মিছিল-মিটিং করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি জানানো হয়েছে। কিন্তু এ দাবির প্রতি কোনো সরকারই মাথা ঘামায়নি।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম জানান, ওই ঘাটে সেতু নির্মাণ জরুরি। একটি প্রস্তাবনা ওপর মহলে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, সেতুটি নির্মাণের জন্য তাঁর দিক থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, সেতুটির অভাবে ওই এলাকার অনেক মানুষই চরম দুর্ভোগে রয়েছে।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, সেতু নির্মাণের কাজ যাতে দ্রুত করা যায়, সে জন্য তিনি চেষ্টা চালাবেন।