‘এখানে এলে ভালোই সাড়া পাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপিতে লেখাপড়া করলেও টাঙ্গাইলে রয়েছে অনেক স্মৃতি। ব্রাদার্সের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখায় টাঙ্গাইলের ছেলে জাহিদ হোসেনের খেলা হয়নি ঘরের মাঠে। বিজেএমসির হোম ভেন্যু হলেও এই মাঠের সঙ্গে অন্য রকম আবেগ জড়িয়ে আছে তাঁর। দর্শক হয়ে বসে থাকতে হয়েছে বলে কাল অনেক আক্ষেপ করলেন আবাহনীর এই উইঙ্গার ঘরের মাঠে দর্শক হয়ে বসে থাকতে নিশ্চয়ই খুব খারাপ লাগছে?জাহিদ হোসেন: খুবই খারাপ লাগছে। তবে যা হয়েছে সেটা এখন মেনে নিতেই হবে। আমার আসলে বেশি খারাপ লাগছে আব্বা-আম্মার জন্য। শুধু ওনারাই নন, আমি খেললে আমাদের ঘাটাইল থেকেও হাজার পাঁচেক দর্শক আসত। আমি আসলে হতাশ।  এ মাঠ নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে আপনার?জাহিদ: আমি লেখাপড়া করেছি বিকেএসপিতে। তার পরও এখানে ছোটবেলায় অনেক খেলেছি। আমার এলাকার কোনো টুর্নামেন্ট হলে খেলতে আসতাম। আবার থানা কাপ, আন্ত-উপজেলা, জেলা গোল্ডকাপেও অনেকবার খেলেছি।  গত বছর বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচে কোচ তুলে নেওয়ায় পানির বোতলে লাথি মেরে নিষিদ্ধ হয়েছিলেন। গত ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ফাউল করে লাল কার্ড দেখলেন। মাঠে কি অল্পতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন? জাহিদ: আমি আগের চেয়ে এখন অনেক ম্যাচিউরড। আর গত ম্যাচের ঘটনা বলব, ওটা ফাউল ছিল না। আমি আজাদ ভাইকে (রেফারি) বলেছিলাম, ভাই আমাকে কার্ড দিয়েন না। একটা হলুদ কার্ড আগে পেয়েছি, আমার হোম মাঠে খেলা এর পরের ম্যাচেই। আমি তো কার্ড পেলে খেলতে পারব না। উনি দিয়ে দিলেন। তাহলে বলছেন যে কার্ড দেখার মতো ঘটনা ওটা ছিল না?জাহিদ: আমি ইচ্ছা করে সেদিন ফাউল করিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছি রেফারিরা অনেক সময় এসব ক্ষেত্রে অনেক নমনীয় থাকে। তবে এবার আমার শিক্ষা হয়েছে। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। আমার একটুখানি ভুলে ক্লাবও বেশ সাফার করছে।  আবাহনীর সর্বোচ্চ স্কোরার পলের চোট। তারপর আপনিও যদি বারবার কার্ড দেখেন...জাহিদ: আমি বাকি ম্যাচগুলো সতর্ক হয়ে খেলব। আর চ্যাম্পিয়ন হতে হলে সামনের সব ম্যাচ শতভাগ উজাড় করেই সবাইকে খেলতে হবে।  টাঙ্গাইলের মাঠের দর্শক তো খুব বেশি হচ্ছে না... জাহিদ: এই মাঠে অন্য টুর্নামেন্টে কিন্তু অনেক দর্শক হয়। অথচ দেশের শীর্ষ লিগের খেলায় দর্শক নেই। এই খেলার জন্য কোনো প্রচারণাও নেই। আবাহনী-বিজেএমসির মতো বড় দুটি দলের খেলা। কিন্তু দেখেন গ্যালারি অনেকটাই ফাঁকা।  এলাকায় খেলতে এলে কেমন সাড়া পান?জাহিদ: এখানে এলে ভালোই সাড়া পাই। থানার মধ্যে তো আমি স্টার। সবাই চেনে। বলে ওই দেখ, জাহিদ যাচ্ছে।  এই মাঠে এর আগে কবে খেলেছেন?জাহিদ: সর্বশেষ খেলেছি গত বছর। থানা কাপে টাঙ্গাইলের হয়ে। এবারও খেলতে পারি জেলা লিগে। এখানে কিন্তু ফুটবলের দর্শক বেশি। ভালো ম্যাচ হলে আর প্রচারণা বেশি হলে দেখবেন অনেক দর্শক আসবে। মাঠটা কি খেলার উপযোগী বলে মনে হয়?জাহিদ: মাঠ ভালো নয়। তার পরও কমলাপুরের চেয়ে এই মাঠকে ভালো বলব। মাঠ ভালো না হলে খেলে মজা পাওয়া যায় না। ম্যাচের পর এভাবে মাঠে দর্শক ঢুকে যাচ্ছে। রেফারি লাঞ্ছিত হচ্ছেন..খেলোয়াড়-কর্মকর্তারা সর্বদাই নিরাপত্তার অভাবে ভুগবেন তাহলে...জাহিদ: হ্যাঁ। আজকের (কাল) ঘটনাটা খুবই খারাপ হয়েছে। আসলে পেশাদার লিগের সব কিছুতেই পেশাদারির ছোঁয়া থাকা উচিত। এভাবে চলতে থাকলে সামনে দেখবেন বড় দল আসতে চাইবে না।