‘এখানে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়’ এ ধরনের গুজব বিভিন্ন পাবলিক ও ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছে চাউর হয়ে যায়। অনেক শিক্ষার্থী আবার গুজবে কান দিয়ে পরীক্ষার প্রস্তুতি রেখে ছোটেন প্রশ্নপত্রের সন্ধানে। কেউ কেউ চড়া দামে ক্রয়ও করেন। খোঁজ নিয়ে জানা যায়, নগরের কয়েকটি চিহ্নিত কোচিং সেন্টার ও ফটোস্টেটের দোকান মালিকেরা এ ধরনের গুজব ছড়ান। তাঁরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্রের ফটোকপি শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন। তবে শিক্ষা বোর্ড ও ভর্তিসংক্রান্ত কর্তৃপক্ষের দাবি, এসব প্রশ্নপত্রের সব কটি ভুয়া। তাই শিক্ষার্থীদের এ ধরনের গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কোচিং সেন্টারের পাওয়া সূত্র অনুযায়ী, সিলেট নগরের শিবগঞ্জ এলাকার শিরোপা কোচিং সেন্টারসহ প্রায় ১০টি কোচিং সেন্টারের বিরুদ্ধে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছেন, অভিযোগগুলো বানোয়াট ও মিথ্যা। শিরোপা কোচিং সেন্টারের পারিচালক শিবতোষ চক্রবর্তী বলেন, ‘২৬ বছর ধরে শিক্ষকতা করছি। সব সময় শিক্ষার্থীদের নিজের ছেলেমেয়েদের মতো পড়াশোনা করিয়েছি। অনেক কষ্ট করে নিজের ছেলেমেয়েদের মানুষ করেছি। তাই শিক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট আমি বুঝি। প্রশ্নপত্র বিক্রি করার বিষয়টি একেবারেই মিথ্যা। কেউ হয়তো বিষয়টি আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছে।’ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যার এ এস এম আবদুল খালেক বলেন, ‘কোচিং সেন্টারের বিষয়টাই আমরা সমর্থন করি না। এসব প্রতিষ্ঠানের নানামুখী অপপ্রচারে শিক্ষার্থীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছে। এ ছাড়া প্রায় সময়ই প্রশ্নপত্র ফাঁসের একটা গুজব পরীক্ষার আগে বিভিন্ন কোচিং সেন্টার ও ফটোকপির দোকানিরা চালিয়ে থাকেন। এটা একেবারেই মিথ্যে এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। শিক্ষার্থীদের এসব গুজব থেকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকা উচিত।’