গত এপ্রিল মাসে অস্ট্রিয়ায় হকি খেলতে গেছেন বাংলাদেশের মামুনুর রহমান (চয়ন)। কাল ভিয়েনা থেকে টেলিফোনে সেখানকার হকি দলের অবস্থা ও প্রবাসী জীবন সম্পর্কে বললেন জাতীয় দলের ডিফেন্ডার অস্ট্রিয়ার জীবন কেমন কাটছে?মামুনুর রহমান চয়ন: ভালোই কাটছে। এখানে আমরা খুবই ভালো আছি। আমি ছাড়াও এখানে আছে কামরুজ্জামান রানা ও ইমরান আহমেদ পিন্টু। ক্লাব আমাদের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে। সেখানেই থাকি। আপনারা কোন ক্লাবের হয়ে খেলছেন?মামুনুর: পোস্ট এসভি উইন ক্লাব। এটা অস্ট্রিয়ার অনেক পুরোনো ও প্রথম বিভাগের ঐতিহ্যবাহী ক্লাব। হকি ছাড়াও ফুটবল দলও আছে এই ক্লাবের। এই ক্লাবে খেলার ব্যাপারে যোগাযোগটা কীভাবে হলো?মামুনুর: আমাদের সাবেক কোচ পিটার গেরহার্ডের মাধ্যমেই এখানে খেলতে এসেছি। উনিই এই ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছিলেন। ওখানকার লিগের পদ্ধতি সম্পর্কে বলবেন?মামুনুর: এখানে এক লিগের খেলা হয় দুই মৌসুম ধরে। প্রথম পর্ব হয় সেপ্টেম্বর-অক্টোবরে। খুবই শীতের দেশ এটি, এখানে অক্টোবরের পর থেকে তুষার পড়তে শুরু করে। তখন আইস হকি হয়। আর ফিল্ড হকি বন্ধ থাকে। এরপর আবার দ্বিতীয় পর্ব শুরু হয় এপ্রিল থেকে, যেটা শেষ হয় জুনের শেষ সপ্তাহে। দুই পর্ব মিলিয়ে ১০টি ম্যাচ হয়। আপনাদের দলের অবস্থান কী লিগে?মামুনুর: আমরা ছয় দলের মধ্যে এখন চতুর্থ। আমরা আসার পর ফলাফল ভালোই হয়েছে—৪টি ম্যাচের ২টিতে জিতেছি, ১টি ড্র ও ১টিতে হেরেছি। সবাই কি প্রথম একাদশে খেলেন?মামুনুর: হ্যাঁ। আমরা এখানে আসার পর সবাই সবগুলো ম্যাচ খেলেছি। মাত্র এক মাস আগে আমরা একজন নতুন কোচ পেয়েছি। উনি আমাদের খেলা দেখে মুগ্ধ। বলেছেন, আগামী সেপ্টেম্বরেও আমাদের ডাকবেন। আপনার নিজের পারফরম্যান্স কেমন হচ্ছে?মামুনুর: ভালোই হচ্ছে। এই পর্যন্ত লিগ ও কাপ মিলিয়ে ৭ ম্যাচে ৭টি গোল করেছি। বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার হকির পার্থক্য কোথায়?মামুনুর: আকাশ-পাতাল পার্থক্য। এখানে সবকিছু গোছানো, নিয়মমাফিক ও পরিকল্পনামতো হয়। এদের আগামী ৫ বছরের ক্যালেন্ডার করা আছে। কবে যুব হকি হবে, কবে জাতীয় চ্যাম্পিয়নশিপ, কবে লিগ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের খেলা হবে—সবই ঠিক করা আছে। খেলা না থাকলে কী করেন?মামুনুর: আমাদের শনি-রোববারে সাধারণত খেলা থাকে না। এই দুই দিন আমরা ঘুরতে বের হই। এখানে রাজপ্রসাদ, জাদুঘর, সংসদ ভবনে ঘুরতে যাই। ওখানকার খাবারে কি অভ্যস্ত হয়েছেন?মামুনুর: না। আমরা বাঙালি খাবারই খাই। এখানে ‘ইন্ডিয়ান শপ’ নামের একটা বাজার আছে। সেখানে সব বাংলাদেশি তরিতরকারি, সবজি, মুরগি—সব পাওয়া যায়। তিনজন ভাগাভাগি করে রান্না করি। আমার রান্নায় ঝাল একটু বেশি হয়। তবে রানা খুব ভালো রান্না করতে পারে। আমরা মিলেমিশে খাই। কোনো সমস্যা হচ্ছে না।