‘এগিয়ে যাও’ স্লোগানে ওবামা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচনী প্রচার শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও স্টেট ইউনিভার্সিটি ও ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ‘ফরোয়ার্ড’ (এগিয়ে যাও) স্লোগানকে প্রতিপাদ্য করে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ওবামা দুটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় হাজারো উচ্ছ্বসিত জনতা তাঁকে ফরওয়ার্ড বা এগিয়ে যাও লেখা প্ল্যাকার্ড নিয়ে স্বাগত জানান।ওবামার প্রচারণায় তাঁকে চার বছর আগের সময়ের চেয়ে কিছুটা মলিন মনে হয়েছে। তবে তিনি এবারও শিক্ষার্থীদের মধ্যে একধরনের আলোড়ন তৈরির চেষ্টা করেছেন।নিজের প্রচার প্রসঙ্গে ওবামা বলেন, ‘লোকজন যদি আপনাকে জিজ্ঞেস করে, এ নির্বাচন কীসের, তখন আপনি তাঁদের বলবেন, এটি আশা ও পরিবর্তনের নির্বাচন।’ওবামা তাঁর প্রচারণার শুরুতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনিকে ‘ধনীদের কর কমানোর প্রচারক’ উল্লেখ করে তুলোধুনো করেন। যদিও ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বড় চ্যালেঞ্জ হলো মন্দা থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টেনে তোলা। জাতীয়ভাবে ৮ দশমিক ১ শতাংশ বেকারের জন্য কর্ম নিশ্চিত করাও এক বড় চ্যালেঞ্জ।তবে ওবামার অভিযোগ, রমনি তাঁর মিত্র রক্ষণশীল ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্থান করে দিতে চান। সংখ্যাগরিষ্ঠ মার্কিনিদের মনোভাব বোঝেন না তিনি।এদিকে নির্বাচনের আগে বিভিন্ন মহলে ওবামা ও রমনির জনপ্রিয়তা নিয়ে বিতর্ক থাকলেও সর্বশেষ কয়েকটি জরিপে ওবামাই এগিয়ে আছেন। ইরাক থেকে সেনা প্রত্যাহার, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ও ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক ক্ষেত্রে ওবামার সফলতার নজির। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ওবামা রমনির চেয়ে ৫৩-৩৬ ব্যবধানে এগিয়ে আছেন। এনডিটিভি, রয়টার্স।