‘এগোও, আর একটু পা চালিয়ে ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন এক প্রাকৃতিক ঝড় এল। স্মরণকালের ভয়াবহ ঝড়। লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের ৩০টি জেলা। একদিনে সব হয়ে উঠল অচেনা। ঘরবাড়ি উড়ে গেছে। অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। স্বজন ও সম্বল হারিয়ে মানুষের চোখে ভাষা নেই, খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, মাঠে শস্য নেই। মরে গেছে হালের বলদ, দুধেল গাই—সব রিক্ত, শূন্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবন। সেই ঝড় হলো সিডর। ঘটনা দ্রুতবেগে প্রচার পেল টিভিতে, সংবাদপত্রের পাতায়। এ ঘটনা ১৫ নভেম্বর ২০০৭-এর।মানুষ কিন্তু থেমে থাকে না। যুদ্ধ ও বিপর্যয় যা-ই ঘটুক না কেন, শেষ পর্যন্ত তার দৃষ্টি ভবিষ্যতের দিকে। ঝড়ের তাণ্ডবের মাস দুয়েকের মধ্যে দেখা গেল উপকূলীয় মানুষ আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। প্রকৃতিতেও একই ঘটনা। সুন্দরবনের ন্যাড়া গাছগুলো আবার পাতা মেলছে। মাঠে মাঠে জেগে উঠছে নতুন ঘাস। নতুন করে জেগে উঠছে প্রাণিজগৎ। বৃক্ষচর প্রাণীগুলোর মুখ থেকে মুছে গেছে ভয়ের চিহ্ন, পাখপাখালি কলকাকলিতে মুখর করে তুলেছে গাছপালা, বনাঞ্চল। প্রথম আলোর পক্ষ থেকে সুন্দরবন-বিশেষজ্ঞ খসরু চৌধুরী গেলেন সুন্দরবন অঞ্চলে। দেখলেন এই জেগে ওঠা। সেই বার্তা আর ছবি নিয়ে প্রথম আলো প্রকাশ করল একটি বিশেষ সংখ্যা ‘অপরাজেয় প্রাণ’। প্রথম আলো বলতে চায়, এ দেশের প্রকৃতি বা মানুষের দৃষ্টি ভবিষ্যতের দিকে। সামনের দিকে।১২ বছরে প্রথম আলো অনেকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। ১২ বছর খুব বেশি সময় নয়। কিন্তু এক যুগ পর বিশেষ সংখ্যাগুলোর দিকে তাকালে খুব কম বলেও মনে হয় না। কত ব্যক্তি, কত চরিত্র, কত বিষয়ই না একত্র হয়েছে বিশেষ আয়োজনগুলোর রঙিন ও সাদাকালো পৃষ্ঠাগুলোয়। সেখানে আমাদের ইতিহাসের নানা বিবরণ ও বিশ্লেষণ আছে, অনুদ্ঘাটিত তথ্য ও ঘটনার সমাহার আছে, কিন্তু তার আয়োজন বর্তমানকে ঘিরে, এবং তার চোখ ভবিষ্যতের দিকে। আছে সমৃদ্ধির আশা, পুনর্গঠনের তাগিদ আর এগিয়ে যাওয়ার আহ্বান। সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ‘এগোও, আর একটু পা চালিয়ে ভাই।’প্রকাশের পর প্রথম আলোর প্রথম মুক্ত আলোচনার আয়োজনটি ছাপা হয় ১৬ ডিসেম্বর ১৯৯৯ সংখ্যায়। বিষয় ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ: ভবিষ্যতের দিকে’। ২০০০-এর একুশে সংখ্যায় মুদ্রিত মুক্ত আলোচনাটিও ছিল ভবিষ্যৎমুখী।১৯৯৯-এর ৪ নভেম্বর ছিল প্রথম আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিশেষ আয়োজনে নানা বিষয়ে নতুন একটা সহস্রাব্দকে স্বাগত জানানো হয়েছে। একটা বিষয় ছিল গ্রাম। গ্রাম হলো বাংলাদেশের সবচেয়ে বড় অংশ। লেখাটি লিখেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। আগামী দিনের গ্রাম সম্পর্কে তিনি যে স্বপ্ন দেখেছেন, যা বলেছেন, তা যেকোনো মানুষের মনে প্রত্যয় জাগাবে, ‘বর্তমানে গ্রামের যে সংজ্ঞা, ভবিষ্যতে সেটা একেবারেই পাল্টে যাবে। গ্রাম মানে এখন অসংস্কৃত, সভ্যতার ছোঁয়ার বাইরের কোনো কিছু। ভবিষ্যতের গ্রাম হবে অত্যন্ত আকর্ষণীয়। সংস্কৃতি ও সভ্যতায় গ্রামও শহরের মতো এগিয়ে থাকবে। ভবিষ্যতের এ গ্রামটাকে কিন্তু আমরা স্বনির্ভর বলব না। কারণ, স্বনির্ভর কথাটা আসে বিচ্ছিন্নতা থেকে। এটা হবে বিশ্বগ্রাম। সবকিছুই সেখানে হবে বিশ্বের মাপে। সে গ্রামের দোরগোড়ায় থাকবে সমগ্র বিশ্ব।’ এটা কোনো অসম্ভব কল্পনা নয়।প্রতিবছর নভেম্বরে প্রকাশিত বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় বাংলাদেশের নিয়মিত লেখকদের বাইরেও নানা ক্ষেত্রে যাঁরা গুণী ও কৃতী, তাঁদের ভাবনা-চিন্তা-স্বপ্ন-প্রত্যাশার কথা আমরা পাঠ করেছি। আমাদের ঊনতা, সীমাবদ্ধতার কথাও আছে তাতে, আর আছে, কী করতে হবে তার তাগিদ। প্রতিটি আয়োজনের ছিল একটি মূল বিষয়, মূল শিরোনাম। এর মধ্যে ছিল ‘আমরা এখন কোথায়?’, ‘আমার স্বপ্ন’, ‘এখনই যা করতে হবে’, ‘যেখানে আমাদের আশা’, ‘গণতন্ত্রের ১৫ বছর’, ‘বদলে দেওয়ার স্বপ্ন, ‘যে পরিবর্তন খুবই জরুরি’ ইত্যাদি। এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখক ও বিশিষ্ট ব্যক্তিত্ব যা বলেছেন, লিখেছেন, তার মধ্যে আমাদের বর্তমান বাস্তবই শুধু ধরা পড়েনি, ধরা রয়েছে আগামী দিনের চেহারাও।বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী বাঙালি। বাংলা তার রাষ্ট্রভাষা। কিন্তু এখানে নানা বর্ণ-ধর্ম-জাতি মিলেমিশে থাকছে কতকাল থেকে। প্রথম আলো প্রত্যেকের গুরুত্ব, মর্যাদার ব্যাপারে সব সময় সতর্ক ও সচেতন। একুশে ফেব্রুয়ারি প্রকাশিত বিশেষ সংখ্যাগুলোর দিকে তাকালে দেখা যাবে, রাষ্ট্রভাষা আন্দোলন, বাংলা ভাষার বিকাশ ইত্যাদির পাশাপাশি দেশের আদিবাসী জনজাতির ভাষা ও সংস্কৃতিও গুরুত্ব পেয়েছে। এসব আয়োজনে সেসব জনজাতির লেখকদেরও সম্পৃক্ত করা হয়েছে। ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি সংখ্যায় মুহাম্মদ হাবিবুর রহমান লিখেছিলেন, ‘সকল ভাষার জন্য ভালোবাসা’। সে রচনায় প্রতিফলিত হয়েছে এমন এক দৃষ্টিভঙ্গি, যেখানে বিশ্বের ছোট-বড় জনগোষ্ঠীর যেকোনো ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর প্রতিবছর যেসব বিশেষ সংখ্যা বেরিয়েছে, সেগুলোয় বাঙালি নারী-পুরুষের বীরত্বের গল্প তুলে ধরা হয়েছে, বলা হয়েছে আদিবাসীদের সম্পৃক্ততার কথা। বিদেশি বন্ধুদের স্মরণ করা হয়েছে যোগ্য মর্যাদায়। ইতিহাসের ফাঁক পূরণ করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেসব বিদেশি কলম ধরেছেন, তাঁদের অনেকের রচনার অনুবাদ ছাপা হয়েছে। ছাপা হয়েছে তাঁদের সাক্ষাৎকারও। মুক্তিযুদ্ধকালের এমন কিছু দলিলপত্র ছাপা হয়েছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পূর্ণতা দেবে; ভবিষ্যতের বাঙালিকে প্রকৃত ঘটনা জানতে সহায়তা করবে।পয়লা বৈশাখ সংখ্যায় চিরায়ত বাঙালি, বাঙালিজীবনের লোকধারা, লোকশিল্প, যাত্রাপালা, পট ইত্যাদি গুরুত্ব সহকারে উঠে এসেছে। অনেক লোকশিল্পীর সঙ্গে কথা বলে প্রস্তুত করা হয়েছে তাঁদের রচনা। কয়েকটি সংখ্যার পরিকল্পনা ছিল খুবই গোছানো। পরিপাটি। একটি পয়লা বৈশাখ সংখ্যার বিষয় ছিল ‘আমাদের কালের নায়কেরা’। রোকেয়া সাখাওয়াত হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, জসীমউদ্দীন থেকে শুরু করে জাহানারা ইমাম পর্যন্ত কৃতী বাঙালি সম্পর্কে লিখেছেন আবুল হোসেন থেকে হুমায়ূন আহমেদ পর্যন্ত আরেক দল কৃতী। এই বিশেষ আয়োজনটি পড়তে গেলে পাঠকের মনে হবে, লেখাগুলো দুই মলাটের বইয়ে থাকলে ভালো হতো। সত্যিই, এ রচনাগুলো পরে গ্রন্থবদ্ধ হয়েছে আমাদের কালের নায়কেরা নামেই। আরেকটি নববর্ষ সংখ্যা পরে বই হয়েছে, নাম কৃতীদের মুখ। এ রকম আরও বেশ কিছু আয়োজন পরে বই আকারে বেরিয়েছে। যেমন—২০০২ সালের একুশে সংখ্যা অমর একুশে: পঞ্চাশ বছর, প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা আমার স্বপ্ন; এ ছাড়া বই বেরিয়েছে এখনই যা করতে হবে, যেখানে আমাদের আশা, গণতন্ত্রের ১৫ বছর; মুক্ত সংলাপ—স্বাগত ২০০০; পরিবর্তনের হাওয়া ইত্যাদি।৮ মার্চ নারী দিবসে বিশেষ আয়োজন ছিল বরাবরই, অন্য আয়োজনগুলোয়ও নারী-সংশ্লিষ্টতার বিষয়টি সব সময় গুরুত্ব পেয়েছে।প্রথম আলোর বেশ কিছু বিশেষ সংখ্যায় চোখ রেখে পাঠক চমকিত হবেন, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লেখকের এ যাবৎ কোথাও ছাপা হয়নি এমন কিছু রচনা দেখে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিঠি, মীর মশাররফ হোসেনের আত্মজীবনী, তাঁর স্ত্রী বিবি কুলসুমের রোজনামচা, মনিরুজ্জামান এছলামাবাদীর আত্মজীবনী, জসীমউদ্দীনের প্রবন্ধ-নিবন্ধ, সৈয়দ ওয়ালীউল্লাহর অপ্রকাশিত গল্প-প্রবন্ধ-নিবন্ধ, আবুল ফজলের ডায়েরি, জগদীশ গুপ্ত ও শামসুদ্দীন আবুল কালামের গল্পসহ বেশ কয়েকটি রচনা প্রথমবারের মতো ছাপা হয়েছে প্রথম আলোর বিশেষ সংখ্যায়। যেসব অগ্রন্থিত রচনা প্রকাশিত হয়েছে, তার মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম ও গিরিজাকুমার বসুর যৌথভাবে লেখা একটি কবিতা মানিকজোড়, মুহম্মদ শহীদুল্লাহর প্রবন্ধ, মুনীর চৌধুরীর গল্প, সৈয়দ ওয়ালীউল্লাহকে লেখা জীবনানন্দের চিঠি, সোমেন চন্দের বেশ কয়েকটি গল্পসহ আরও বেশ কিছু রচনা। প্রথম আলো-সংশ্লিষ্ট কর্মীরা এসব বিষয়ে যথাসম্ভব খোঁজখবর রাখার চেষ্টা করেন। আনন্দের কথা, যেসব লেখক-গবেষকের কাছে এ ধরনের দুর্লভ-দুষ্প্রাপ্য রচনা রয়েছে, তাঁদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রথম আলো।সিডর দিয়ে শুরু করেছিলাম। সেই ঝড় মাথায় নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। বিধ্বস্ত উপকূলে ছবি তুলতে গিয়ে প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলাম হাসিমুখে মা ও ওই নবজাতকের একটি ছবি তুলে নিয়ে আসেন। সেই ছবিটিই পাঠকের ঘরে ঘরে দেখা গেল একটি বিশেষ দিনপঞ্জিতে (২০০৮)। সেই ছবি আমাদের কালরাতের কথা মনে করায়, আর দেখায় ধ্বংসের মধ্যেও মানুষ কীভাবে নতুন প্রাণের আবির্ভাবকে স্বাগত জানায়।ঈদ ম্যাগাজিনএকটা পুরোনো পাণ্ডুলিপির ফটোস্ট্যাট কপি নিয়ে দুজন লোক ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। কয়েক দিন ধরে। কী করছেন তারা? জসীমউদ্দীনের একটি গল্প পাওয়া গেছে, যেটি কোথাও ছাপা হয়নি। গল্পটির নাম ‘রাঙাবুবু’। কিন্তু সেই হাতের লেখা এত খারাপ ও অস্পষ্ট যে, একটি বাক্য উদ্ধার করতেই কখনো কখনো লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। মীর মশাররফ হোসেনের লেখা তো আরও অস্পষ্ট। ১০০ বছর আগের হাতে লেখা বাংলা বর্ণগুলো কেমন অচেনা ঠেকে। সেটা ছিল আত্মজীবনী। তাও উদ্ধার করা গেছে দিনে দিনে। কী জন্য? প্রথম আলো ঈদ ম্যাগাজিনের জন্য।২০০২ থেকে ২০১০—নয় বছরে বেরিয়েছে নয়টি বিশেষ ঈদ ম্যাগাজিন। বিষয় আর যোগ্য সম্পাদনার জন্য শুরুতেই সেই ২০০২ পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে প্রথম আলো ঈদ ম্যাগাজিন। সেই সংখ্যাটিতে এমন দুটি রচনা ছিল, যা দেখে পাঠকের চমকে না উঠে উপায় নেই। একটি হলো নজরুল ইসলামের একটি অপ্রকাশিত রচনা, অন্যটি সৈয়দ ওয়ালীউল্লাহর একটি অপ্রকাশিত উপন্যাস।কাজী নজরুলের এ রচনাটি হলো ‘আইরশি-বিদ্রোহী রবার্ট এমেট’। নজরুল ইসলামেরই যোগ্য রচনা এটি। অথচ লোকচোখের আড়ালেই পড়ে ছিল! আর আমরা এত দিন বইপত্রে পড়ে আসছি, সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস তিনটি। ২০০২-এর ঈদ ম্যাগাজিন বলছে, তাঁর উপন্যাসের সংখ্যা চার। তিনি ইংরেজিতে একটি উপন্যাস লেখেন দ্য আগলি এশিয়ান। তাঁর মৃত্যুর (১৯৭১) ৩১ বছর পর প্রথম আলোয় সেটা বেরোল অনূদিত হয়ে, কদর্য এশীয় নামে। পরে ২০০৩-এর ঈদসংখ্যায় বেরোল আরও একপ্রস্থ ওয়ালীউল্লাহ। এটি একটি উপন্যাসিকা, তাও ইংরেজিতে। বাংলায় ছাপা হলো সীম কীভাবে রান্না করতে হয় নামে। অপ্রকাশিত রচনা হিসেবে ছাপা হয় শামসুদ্দীন আবুল কালামের আত্মজীবনী, দুটি উপন্যাস ও একটি গল্প।ঢাকার দাঙ্গা নিয়ে ইংরেজিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠির খসড়া প্রথমবারের মতো মুদ্রিত হয়েছে প্রথম আলো ঈদসংখ্যায়।সাধারণভাবে দেখা যায়, ১৫—২০টা উপন্যাস দিয়ে ঈদসংখ্যার চমক দেখাতে চেষ্টা করা হয়। যদিও সেগুলো বেশির ভাগই বড় গল্পের চেয়ে ছোট। প্রথম আলো সে তুলনায় উপন্যাস ছেপেছে কম, কিন্তু অনুসন্ধানী রচনা ছেপেছে বেশি। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় ঢাকায় একজন সৈনিকের স্ত্রীর অসীম সাহসী ভূমিকার কথা ছাপা হয়েছিল একটি সংখ্যায়। ছাপা হয়েছ চীনের সম্রাটকে বাংলার সুলতানের আফ্রিকান জিরাফ উপহার দেওয়ার ঘটনা, ঢাকার এককালের বাইজিদের জীবন—এ রকম অনেক চমকপ্রদ রচনা। কথাশিল্পী হাসান আজিজুল হকের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস ছাপা হয়েছে ঈদ ম্যাগাজিনে, আগুনপাখি নামে বই বেরোনোর পর পশ্চিম বাংলা থেকে ‘আনন্দ পুরস্কার’ লাভ করেছে উপন্যাসটি।জনপ্রিয় লেখকের লেখা পাঠক পড়তে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রথম আলোর কোনো কোনো ঈদ ম্যাগাজিনে সে অর্থে তুমুল জনপ্রিয় কোনো লেখকের লেখা ছিল না। তাতেও পাঠক মুখ ফিরিয়ে নেননি। কারণ, খুব জনপ্রিয় লেখা হয়তো ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ লেখা ছিল।শুধু ‘লেখা’ নয়, ‘গুরুত্বপূর্ণ লেখা’র জন্যই তাই প্রথম আলো ঈদ ম্যাগাজিন গুরুত্বপূর্ণ।পাশাপাশি প্রতিবছর একই সময় আরও একটি সংখ্যা বেরিয়েছে, যেটি পাঠকের হাতে হাতে পৌঁছে গেছে পত্রিকার সঙ্গেই। এই বিশেষ আয়োজনটি আকারে ছোট, কিন্তু কোনো কারণে পত্রিকার সঙ্গে না পেলে তার জন্য কোনো কোনো পাঠককে পত্রিকাবিক্রেতার সঙ্গে ঝগড়া করতে দেখছি।