‘এজেন্ট বিনোদ’-এর বিরুদ্ধে গান চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘এজেন্ট বিনোদ’ ছবির ‘পুঙ্গি বাজা দে’ গানটি এরই মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। কিন্তু কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি গানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ইরানের একটি ব্যান্ডদল।ইরানের ব্যারোব্যাক্স কর্প ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। ২০১০ সালের ১৬ জানুয়ারি ব্যান্ডটি ‘সুজান খানুম’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করে। সম্প্রতি সেই অ্যালবামের শীর্ষ সংগীত নকল করে ‘পুঙ্গি বাজা দে’ গানটি তৈরির অভিযোগে ‘এজেন্ট বিনোদ’ ছবির সংগীত পরিচালক প্রীতম এবং এর পরিবেশনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল মিডিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যারোব্যাক্স কর্প।অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১২ মার্চ ইরানের একটি স্যাটেলাইট চ্যানেলে ‘এজেন্ট বিনোদ’ ছবির গানটি প্রচারিত হতে দেখে ব্যান্ডটির সদস্যরা। গানটি শোনার পর তাঁরা নিশ্চিত হন যে, গানের শুরুর অংশে কোনো রকম পরিবর্তন ছাড়াই তাঁদের অ্যালবামের ‘সুজান খানুম’ গানটির সুর ব্যবহার করা হয়েছে। গত বছরের ৩০ জুন সুজান খানুম গানটি কানাডার কপিরাইট অ্যাক্টের অধীনে নিবন্ধিত। এ কারণে ব্যারোব্যাক্স কর্প ব্যান্ডের অনুমতি ছাড়া গানটির কোনো অংশ ব্যবহারের অধিকার কারও নেই। কিন্তু কোনো রকম অনুমতি না নিয়ে গানটির সুর নকল করায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে ভারতে একজন প্রতিনিধিও পাঠিয়েছে ব্যারোব্যাক্স কর্প। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। ‘এজেন্ট বিনোদ’ ছবির পরিচালক, প্রযোজক এবং পরিচালককে ‘পুঙ্গি বাজা দে’ গানটি মুক্তি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। ছবির প্রচারণায় গানটির ব্যবহারও নিষেধ করা হয়েছে। অন্যথায় ক্ষতিপূরণ মামলা দায়ের করা হবে বলেই সতর্ক করে দেওয়া হয়েছে ব্যান্ডটির পক্ষ থেকে।এদিকে, ‘এজেন্ট বিনোদ’ ছবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘পুঙ্গি বাজা দে’ এবং ‘সুজান খানুম’ গান দুটির মধ্যে কোনো মিল নেই। উল্লেখ্য, সাইফ আলি খান ও কারিনা কাপুর অভিনীত স্পাই থ্রিলারধর্মী ‘এজেন্ট বিনোদ’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ মার্চ।