‘এটা অনেক বড় পাওনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী বিতরণ করলেন সেই পুরস্কার। উশুতে সোনাজয়ী মিসবাহ উদ্দিন পুরস্কার পাওয়ার পর টেলিফোনে প্রথম আলোকে বললেন নিজের অনুভূতি ও খেলার প্রসঙ্গে এসএ গেমসে পদক জয়ের পুরস্কার অবশেষে পেলেন?মিসবাহ উদ্দিন: হ্যাঁ, সরকার যে প্রতিশ্রুতি পূরণ করেছে, এতে আমরা খুব খুশি। আমরা চিন্তাও করতে পারিনি, এত তাড়াতাড়ি পুরস্কারের টাকা পেয়ে যাব। এই পুরস্কারের মূল্যায়ন কীভাবে করবেন?মিসবাহ: আমি সোনার পদক জেতায় পেয়েছি ৫ লাখ টাকা। যারা এসএ গেমসে সোনা জিতেছে, তাদের কাছে এটা অনেক বড় পাওনা। আমাদের দেশে তো ক্রিকেট, ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বেশি। ওদেরই লোকে বেশি চেনে। কিন্তু অ্যাথলেটিকস বা অন্য খেলায় বিখ্যাত হলেও টাকা-পয়সা কম। তাই এমন পুরস্কার পেলে অবশ্যই যে কারও খেলার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। সরকার যে এমন উদ্যোগ নিয়েছে, আমাদের দিকে নজর দিয়ে এই পুরস্কার দিয়েছে, এতে আমরা খুশি। পুরস্কারের ঘোষণাটা তো গেমস শুরুর সপ্তাহখানেক আগে পেয়েছিলেন। আগে দিলে কি আরও ভালো হতো?মিসবাহ: তা তো ঠিকই। এখানে অন্য অনেক খেলায় দেখা যায়, অসচ্ছল পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা থাকে। তাদের অনেকেরই প্রতিভা আছে। এ ঘোষণাটা আরও আগে এলে হয়তো সোনা জেতার জন্য অনেক বেশি চেষ্টা করত তারা। তাহলে আমাদের সোনার পদকের সংখ্যা আরও বেড়ে যেতে পারত। আপনাদের খেলাটার কৌশল বা নিয়মকানুন সম্পর্কে খুব বেশি জানে না লোকে। একটু বলবেন?মিসবাহ: এটা আসলে চীনের এক ধরনের খেলা। এটাকে বলা হয় ফাদার অব মার্শাল আর্ট। এর দুটি ভাগ আছে—একটি সানশু, অন্যটি থাউলু। চীনা ভাষায় সান মানে তিন, শু মানে সমন্বয়। কারাতে, কিক-বক্সিং, তায়কোয়ান্দো এই তিনটির সমন্বয়ে খেলতে হয় সানুশু। এটি পুরোপুরি শরীরনির্ভর লড়াই। আর থাউলু শারীরিক অঙ্গভঙ্গি। এই খেলায় সাফল্যের জন্য তিন-চার বছরের কঠোর পরিশ্রম লাগে। এই খেলার সরঞ্জাম কী কী? এগুলো কি ব্যয়বহুল?মিসবাহ: এই খেলায় লাগে নানদাও (একমুখো বড় তরবারির মতো), জিয়ান (দু-মুখো তরবারি) ও লম্বা লাঠি। এগুলোর দাম অনেক বেশি। গত এসএ গেমসের এই সাফল্য ভবিষ্যতে ধরে রাখতে পারবেন?মিসবাহ: একটা ভালো ফলের পেছনে সবচেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি। আমরা এই গেমসের আগে প্রায় এক বছর ক্যাম্প করেছি। এর আগে এমন কখনো হয়নি। আমাদের ফেডারেশনগুলো সচরাচর এমন সুযোগ পায় না। তাই ধারাবাহিক ভালো করতে হলে সেই প্রস্তুতি অবশ্যই ধরে রাখতে হবে। দেশের অপ্রধান খেলাগুলোয় কি অর্থ পুরস্কার বাড়ানো উচিত বলে মনে করেন?মিসবাহ: অবশ্যই বাড়ানো উচিত। ক্রিকেট-ফুটবল ছাড়া অন্যসব খেলায় প্রাইজমানি যেমন কম, উন্মাদনাও কম। অপ্রধান খেলায় সরকারি সহযোগিতাই বেশি প্রয়োজন। সেভাবে কি সাড়া মেলে এই খেলায়?মিসবাহ: সত্যি বলতে কি, আমাদের দেশের বেশির ভাগ অভিভাবকই এ ধরনের মারামারির খেলায় তাঁদের সন্তানকে আসতে দিতে চান না। কিন্তু তাঁদের বুঝতে হবে, এই খেলায় এলে মাদক ও ধূমপান থেকে মুক্ত থাকা যায়। যদি অভিভাবকেরা আরেকটু সচেতন হন, তাহলে আরও বেশি খেলোয়াড় উঠে আসবে এখানে।