‘এটা অনেক বড় প্রাপ্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ কাউন্ট ডাউনের পাশাপাশি চলছে আরেকটা ক্ষণগণনা—১৯ জানুয়ারির মধ্যে ঘোষণা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল। তার আগের এই সময়টা স্নায়ুক্ষয়ীই হওয়ার কথা নির্বাচকদের জন্য। তবে বিসিবির প্রধান নির্বাচক রফিকুল আলম বলছেন অন্য কথা। চাপ-টাপ তো নেই-ই, বরং বিশ্বকাপের দল নির্বাচনটা নাকি অনেকটাই সহজ বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে আর এক সপ্তাহের মধ্যে। প্রধান নির্বাচক হিসেবে সময়টা কেমন যাচ্ছে?রফিকুল আলম: প্রধান নির্বাচক হওয়ার পর গত কয়েক বছর যেভাবে গেছে, ওভাবেই যাচ্ছে। আগে হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজে যেভাবে দল করতাম, ওভাবেই কাজ করছি। ঘরোয়া ক্রিকেট দেখছি, আন্তর্জাতিক খেলা দেখছি, গ্রুপে আমাদের সঙ্গে যেসব দলের খেলা আছে, তাদের খোঁজখবর রাখছি। আমাদের খেলোয়াড়েরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কেমন করছে, সেসব দিকে নজর রাখছি। বিশ্বকাপের দল করবেন। চাপ অনুভব করছেন না?রফিকুল: তিন বছর যাবত আমরা এই দল নিয়েই কাজ করছি। প্রথম বছর একটু চাপ ছিল কিছু খেলোয়াড় অন্যত্র (আইসিএল) চলে যাওয়ায়। তার পর থেকে ১৭-২০ জন খেলোয়াড়কে নিয়েই এগিয়েছি। তারা দলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে। ঘরোয়া-আন্তর্জাতিক—সবখানেই ভালো করছে এই ক্রিকেটাররা। কাজেই মোটামুটি একটা দল দাঁড় করানোই আছে। শুধু বিশ্বকাপ নয়, যেকোনো টুর্নামেন্ট বা সিরিজের জন্যই একই কথা বলব। তা ছাড়া আমার মনে হয়, আমরা সঠিক পথেই আছি। চাপ বলতে তাই কিছু নেই, বরং দল করাটা এখন সহজ। একজন নির্বাচকের জন্য বিশ্বকাপের দল তৈরি করাটাই সবচেয়ে বড় দায়িত্ব। সেদিক দিয়ে নিশ্চয়ই গর্বিত...রফিকুল: প্রতিপক্ষ দলগুলোর শক্তিমত্তা-দুর্বলতা বিচার করে শেষ পর্যন্ত হয়তো এক-দুজনই এদিক-সেদিক হতে পারে দলে। বিশ্বকাপের দল করাটা চ্যালেঞ্জ হতো, যদি আমরা গত দুটি সিরিজ খারাপ খেলতাম। ওই দুটি সিরিজে, বিশেষ করে, নিউজিল্যান্ডের বিপক্ষে দল আশাতীত ভালো খেলেছে। তবে হ্যাঁ, বিশ্বকাপের দল করতে পারছি বলে গর্ববোধ করছি। এটা অনেক বড় প্রাপ্তি। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের প্রভাব কি থাকবে বিশ্বকাপের দলে?রফিকুল: আমি খুবই খুশি যে ঘরোয়া ক্রিকেটে যেটা আগে কখনো হয়নি, এবার আমাদের খেলোয়াড়েরা তাই করছে। আগে হয়তো জাতীয় দলের এক-দুজন ভালো খেলত, এবার প্রায় সবাই অন্যদের সঙ্গে নিজেদের পার্থক্য দেখিয়ে দিচ্ছে। বিশ্বকাপের আগে এটা অবশ্যই প্লাস পয়েন্ট। আমি মনে করি, সব সময়ই এ রকম হওয়া উচিত। বিশ্বকাপ সামনে বলেই কি এবার একটু বেশি সিরিয়াস সবাই?রফিকুল: কিছুটা তো অবশ্যই। তবে খেলোয়াড়েরা এখন অনেক পরিণত, আগের চেয়ে অনেক ভালো খেলছে। এখন অন্তত আটজন খেলোয়াড়ের গড় তিরিশের বেশি। আমার মনে হয়, খেলোয়াড়েরা সবকিছুই আগের চেয়ে বেশি সিরিয়াসলি নিচ্ছে। তারা জানে, ভালো না খেললে এখন বেশি দিন দলে থাকা যাবে না। নিজেদের মাটিতে বিশ্বকাপ—দল নির্বাচনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? কোনো রূপরেখা কি আছে?রফিকুল: অনুশীলন শুরুর আগেই মোটামুটি একটা ধারণা আমাদের ছিল, কারা বিশ্বকাপ পরিকল্পনায় থাকতে পারে। সে অনুযায়ীই অনুশীলন হচ্ছে। নিজেদের মাঠে খেলা হলে আমরা সাধারণত স্পিন-নির্ভর দল করি। ওটার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। মাশরাফির ইনজুরি তো গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাঁর দলে থাকার ব্যাপারে কতটা আশাবাদী?রফিকুল: এই মুহূর্তে দলের অন্যান্য জায়গার চেয়ে আমাদের পেস আক্রমণ একটু দুর্বল। মাশরাফি আমাদের জন্য সম্পদ, ও বিশ্বমানের বোলার। তবে সবকিছুই নির্ভর করছে জাতীয় দলের ফিজিওর সিদ্ধান্তের ওপর। মাশরাফি বিশ্বকাপে খেলতে পারবে কি না, সেটা শুধু তিনিই বলতে পারবেন। তবে ফিট মাশরাফি সবসময়ই অটোমেটিক চয়েস। সে ওই সাত-আটজন খেলোয়াড়ের মধ্যেই পড়ে, যাদের দলে রাখা নিয়ে কোনো প্রশ্ন নেই।