‘এটা অন্য এক জগৎ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ইনিংসে ৮১ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট জীবন শুরু করেছিলেন। কিন্তু এমন একটা শুরুর পরও ১৭ টেস্টে ২৮ উইকেটেই শেষ তাঁর ক্যারিয়ার। আইসিএল থেকে ফিরে এখন এসিসির কোচ হিসেবে নানা জায়গায় কাজ করে বেড়াচ্ছেন। চীনের নিনহাই শহর থেকে ফোনে নিজের অতীত-বর্তমান নিয়ে কথা বললেন মঞ্জুরুল ইসলাম কী করছেন এখন, কোথায় আছেন?মঞ্জুরুল ইসলাম: এই তো, বাচ্চাদের কোচিং করাচ্ছি। আছি চীনের নিনহাই শহরে। এটা হচ্ছে ওদের জগইয়াং প্রদেশে।  পুরোদস্তুর কোচ হয়ে গেলেন তাহলে?মঞ্জুরুল: (হাসি) তা তো হয়েই গেলাম। কদিন আগে মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে কাজ করে এলাম। এখন চীনের ১৯ বছর বয়স পর্যন্ত কিশোরদের নিয়ে কাজ করছি। এরপর আগামী মাসের শুরুতে যাব সিঙ্গাপুরে। ওখানে অনূর্ধ্ব-১৯ মেয়েদের কোচিং করাতে হবে। আসলে এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) যখন যেখানে পাঠায়। এসিসির এই চাকরিতে কীভাবে এলেন?মঞ্জুরুল: এটা তো আশরাফুল ভাই (সৈয়দ আশরাফুল হক, এসিসির প্রধান নির্বাহী) ও বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম, এসিসির উন্নয়ন কর্মকর্তা) অবদান। আইসিএলে যাওয়ার আগেই আমাকে এই চাকরির প্রস্তাব দিয়েছিলেন আশরাফুল ভাই। ঘটনাটি ঘটেছিল আবাহনী-মোহামেডান ম্যাচে। আমি তখন মোহামেডান অধিনায়ক। আশরাফুল ভাই বললেন, ‘কোচেস কোর্স করা আছে?’ হ্যাঁ বলার পর এই প্রস্তাব দিয়েছিলেন। মাস আটেক আগে কাজটা শুরু করেছি। কাজের ধরনটা কেমন?মঞ্জুরুল: আসলে এসিসির ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন জায়গায় তাদের কোচদের পাঠানো হয়। আমার সরাসরি বস হলেন বুলবুল ভাই। উনি সাতটা দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে কাজ করেন। উনিই ঠিক করেন, আমি কখন কোথায় কাজ করব। কোচিং উপভোগ করছেন?মঞ্জুরুল: প্রথম যেদিন কাজে যোগ দিলাম, খুব ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল, এবার সত্যিই ক্রিকেট ছাড়ছি। এত দিন যেমনই হোক খেলছিলাম তো। এবার খেলাটা ছেড়েই দিলাম! পরে কাজে ঢোকার পর বুঝেছি, এটা অন্য এক জগৎ। খেলার মতো কোচিংটাও দারুণ উপভোগ করা যায়।  ৬ উইকেট নিয়ে শুরু হয়েছিল আপনার টেস্ট ক্যারিয়ার (২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে)। স্বপ্নের সেই অভিষেকের কথা মনে পড়ে?মঞ্জুরুল: পড়ে না! আপনার মনে পড়ছে, আমার তাহলে কেমন লাগে? আমার সার্বক্ষণিক স্মৃতি ওটাই। পুরোনো সতীর্থদের সঙ্গে দেখা হলে সেই ম্যাচের গল্প বলি। আমি বিশ্বাস করি, সবকিছু ঠিকঠাক থাকলে ও রকম আরও পারফরম্যান্স করতে পারতাম। কেন পারলেন না? যে প্রতিশ্রুতি নিয়ে শুরু করেছিলেন, সেটা ধরে রাখতে পারলেন না কেন?মঞ্জুরুল: দায় কতটা আমার, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার সঙ্গে কী ব্যবহারটা করা হয়েছিল মনে করে দেখুন। জিম্বাবুয়েতে হঠাৎ করে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ক্রিকেটাররা বাদ পড়ে আবার জাতীয় দলে ফেরে। আমি জাতীয় দলে দূরে থাক, একবারের জন্য ‘এ’ দলেও ডাক পাইনি। পত্রিকায় পড়েছি, এক নির্বাচক সে সময় বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরতে হবে। সেই মৌসুমেই আমি জাতীয় লিগের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। পরের মৌসুমে প্রিমিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছি। আর কী করতে পারতাম! এখন কী স্বপ্ন দেখেন?মঞ্জুরুল: এখন আসলে স্বপ্নজুড়ে কোচিং। নিজে টেস্ট খেলোয়াড় ছিলাম। তাই কোনো টেস্ট দলের, সম্ভব হলে একদিন বাংলাদেশের প্রধান কোচ হওয়ার স্বপ্ন দেখি।