‘এটা অবশ্যই বিরাট বাধা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা বিসিবিতে বসে ক্রিকেট উন্নয়নের কথা বলেন, তাঁরাই বিসিবির বাইরে গিয়ে লিগ পেছানোর দাবি জানান। অর্থসংকটে দল গোছাতে না পারলেও মুখে সেটা অস্বীকার করে অজুহাত দেন, জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া লিগ খেলবেন না। বিসিবির কর্মকর্তাদের এ রকম দ্বিমুখী আচরণ ক্রিকেটের উন্নয়নের পথে বিরাট বাধা, স্বীকার করেছেন বোর্ড কর্মকর্তা ও সিসিডিএমের প্রধান জালাল ইউনুসও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ কি আদৌ হবে এবার? সর্বশেষ অবস্থা কী?জালাল ইউনুস: ক্লাবগুলোর সঙ্গে বসে আমি এর আগেও চেষ্টা করেছি সময়মতো লিগ শুরু করার। তারা আশ্বাস দিয়েছিল যে এপ্রিলে লিগ খেলবে। কিন্তু আমি শ্রীলঙ্কায় থাকা অবস্থায় ঢাকায় সব ক্লাব মিলে একটা সভা করেছে। সভার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানি না। তবে শুনেছি, তারা বোর্ডের কাছে সেপ্টেম্বর-অক্টোবরে লিগ আয়োজনের দাবি জানাবে। এই দাবি কতটা যুক্তিযুক্ত মনে করেন?জালাল: অক্টোবরে নিউজিল্যান্ড দল আসবে। সেজন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে। জানি না এটা তাদের মাথায় আছে কিনা। ওই সময় জাতীয় লিগেরও সূচি আছে। আমি মনে করি না সেপ্টেম্বর-অক্টোবরে লিগ আয়োজন সম্ভব। আমার মতে এপ্রিল-মে মাসই উপযুক্ত সময়। বর্ষার জন্য প্রয়োজনে আমরা একদিন করে রিজার্ভ ডে রাখতে পারি। এপ্রিল-মেতে জিম্বাবুয়ে সফর। ক্লাবগুলো তো বলছে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া তারা খেলবে না...জালাল: যত দূর জানি, জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়াটা সমস্যা নয়। সিসিডিএমের পক্ষ থেকে এবার তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর প্রস্তাব দেওয়া আছে। তা ছাড়া স্থানীয়দের মধ্যে ১৭০-১৮০ জন খেলোয়াড় আছেন যাঁরা লিগ খেলতে পারবেন। কাজেই খেলোয়াড়-সংকট মূল কারণ নয়। ক্লাবগুলোর অর্থসংকটই মূল কারণ। অনেকে বলেছেন, খেলোয়াড়েরা মাত্রাতিরিক্ত টাকা দাবি করায় তাদের পক্ষে দল গঠন করা সম্ভব হচ্ছে না। লিগ পেছানোর দাবি সে কারণেই। লিগ পেছালেই কি সমস্যার সমাধান হবে? নাকি ক্লাবগুলো লিগই খেলতে চায় না?জালাল: আমি এখনো আশাবাদী লিগ হবে। বোর্ড-খেলোয়াড়-ক্লাব সবাই একসঙ্গে বসলে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিবেচনায় খেলোয়াড়দের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পারিশ্রমিকের সীমা নির্ধারণ করা যেতে পারে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও এখানে ভূমিকা রাখতে পারে। প্রিমিয়ার লিগের জন্য বছরের একটা সময় নির্দিষ্ট করে দেওয়ারও দাবি জানিয়েছে ক্লাবগুলো...জালাল: সেটা প্রতিবছরই থাকে। কিন্তু কখনো ক্লাবগুলোর নানা সমস্যা, কখনো আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কারণে সময়টা ঠিক রাখা যায় না। বিভিন্ন ক্লাবের হয়ে যেসব কর্মকর্তা লিগ পেছানোর জন্য সভা করছেন, তাঁদের অনেকেই বিসিবির অস্থায়ী কমিটির সদস্য। আপনার কি মনে হয় না তাঁদের দ্বিমুখী অবস্থান বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের পথে বড় বাধা?জালাল: এটা অবশ্যই বিরাট বাধা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্লাব থেকে বোর্ডে এসেছি। কিন্তু বোর্ডে আসার পর আমাদের সবারই উচিত দেশের ক্রিকেটের স্বার্থ আগে দেখা। না হলে ব্যর্থতার দায়ভার আমাদের প্রত্যেককেই নিতে হবে। আমরা সবাই দ্বিমুখী ভূমিকা নিয়ে আছি। এভাবে চলতে থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না। আমার মতে, বোর্ডে আসার পর কোনো কর্মকর্তারই ক্লাবের খেলা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। সিসিডিএমের প্রধান হিসেবে লিগ শুরুর ব্যাপারে নতুন কোনো উদ্যোগ কি নেবেন?জালাল: অবশ্যই। বোর্ড সভাপতির সঙ্গে দু-এক দিনের মধ্যে এটা নিয়ে আলোচনা করে ক্লাব এবং খেলোয়াড়দের নিয়ে বসার চেষ্টা করব।