ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় নিয়ে সংশয় থাকতে পারে। তবে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সদস্য গোলাম রাব্বানি (হেলাল) এবার মাঠে বসে ছয় নম্বর বিশ্বকাপটা দেখছেনই। দুই-এক শ সৌভাগ্যবান বাদ দিলে বাংলাদেশের আর সবার কাছে যা স্বপ্ন, তাঁর কাছে সেটি ডালভাত! এরই সৌজন্যে তাঁর মুখে শোনা গেল অনেক মজার গল্পও আপনি তো বোধ হয় রেকর্ড করে ফেলছেন। বাংলাদেশের আর কেউ ৫টি বিশ্বকাপ মাঠে বসে দেখেননি মনে হয়... গোলাম রাব্বানি (হেলাল): সবই আল্লাহর ইচ্ছা। দেখার চেষ্টা করি এবং সুযোগ পেয়ে যাই। গত ৫টি বিশ্বকাপের ফাইনাল এবং চারবার সেমিফাইনালও দেখেছি। সেমিফাইনাল, ফাইনালের টিকিট পাওয়া তো সহজ নয়...হেলাল: এ ব্যাপারে সাহায্য করে আমার বন্ধু মাকুদি (থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি ওয়াউই মাকুদি)। ১৯৮৫ সালে তিনি ঢাকায় এসেছিলেন থাইল্যান্ড ফুটবল দলের ম্যানেজার হয়ে। এর পর থেকে আমাদের ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। ১৯৯৪ বিশ্বকাপ থেকে প্রতিবারই তিনি আমাকে সস্ত্রীক দুটি সৌজন্য টিকিট দিয়ে আসছেন। এবারও দিয়েছেন এবং ফাইনাল দেখতে যাচ্ছি। এটা আমার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল হবে। প্রথম তো ১৯৯০ সালে যান, কীভাবে সে সময় গিয়েছিলেন? হেলাল: খেলা ছেড়ে আমি তখন বাংলাদেশ ফুটবল দলের নির্বাচক। শখ হলো, মাঠে বসে বিশ্বকাপ দেখব। এক হাজার ডলার দিয়ে চারটি ‘এ’ ক্যাটাগরির টিকিট কিনলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। এ ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন মরহুম জাফর ইমাম ভাই। টাকা-পয়সাও তো ভালোই খরচ হয়...হেলাল: তা তো হয়ই। ১৯৭৪ সালে ফুটবল খেলা শুরু করেছিলাম। ১৯৮১ সাল থেকে ব্যবসায় নামি। টাকার কোনো সমস্যা হয়নি আমার। শুনেছি, বিশ্বকাপে গিয়ে নাকি সাংবাদিক হয়ে গিয়েছিলেন! হেলাল: প্রথমবার ১৯৯০ ইতালি বিশ্বকাপে যাওয়ার সময় আমার শ্বশুর গাজী সাহাবুদ্দিন আহমেদ একটা চিঠি দিয়েছিলেন মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার জন্য। তিনি তখন সচিত্র সন্ধানী নামে একটা সাপ্তাহিক বের করেন। ওটার মালিক তিনি, সম্পাদকও ছিলেন তিনি। এই দিয়ে তো মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার কথা নয়। কীভাবে পেলেন? হেলাল: মিডিয়া সেন্টারের সামনে গিয়ে সংশ্লিষ্ট একজনকে বললাম, আমি সাবেক খেলোয়াড়, শ্বশুরের একটা পত্রিকা আছে। ওটার জন্য লিখতে চাই। তো ওরা আমার সত্য কথাটা শোনার পর বিশ্বাস করল এবং এটা-ওটার পর একপর্যায়ে ৫ মিনিটের মধ্যে ছবি তুলে কার্ড দিয়ে দিল। আমি ওদের আমার টিকিট চারটি দিয়ে দিলাম। তারপর লেখা পাঠিয়েছিলেন?হেলাল: পাঠিয়েছি। তার আগে মজার ঘটনা আছে। মিডিয়া সেন্টারে ঢোকার পর কলকাতার সাংবাদিক রূপক সাহা আমাকে দেখেই বললেন, ‘আরে হেলাল, তুমি কী করে এলে এখানে...।’ আমি বললাম, দাদা, সত্য কথা বলে চলে এসেছি। বললেন, ‘শেষ বেলায় এলে, এখন তুমি কী করবে গো!’ (হাসি)। কোন দলের সমর্থক আপনি? কেন?হেলাল: আমার বাবা-মা দুজনই ২২ দিন আগে-পরে মারা যান আমার আড়াই বছর বয়সে। পাসপোর্টে বাবার ছবিটায় হিটলারের মতো গোঁফ ছিল...। তা দেখেই হিটলারের দেশ জার্মানির সমর্থক হয়ে গেলাম। হা...হা...হা...। ৫টি বিশ্বকাপ দেখেছেন। স্মরণীয় স্মৃতি কোনটি?হেলাল: এতগুলো বিশ্বকাপে গেলাম, কিন্তু কোনো দুর্ঘটনা দেখলাম না। হইচই, এটা-ওটা কত কী হয়। কিন্তু খারাপ কিছু কখনোই চোখে পড়েনি। এটাই বেশি ভালো লাগে।