‘এটা কেমন হাসপিটাল ১০ বছরে ডাক্তার দেখনু না’
‘হামরা গরিব মানুষ, ট্যাকা দিয়া ঔষধ কিনবার পারি না। এটে থাকি যা দিছে তাক নিয়া যাইছি। পেসাবের জ্বালা, জ্বর, আমাশয়, পাতলা পায়খানা, পেটের ব্যথা-সবের ঔষধ খালি এক বড়ি দেয়। একটা দিনো বাকি ঔষধ পানু না। হাসপিতালের বোতলের ঔষধ কোনা যায় আল্লায় জানে।’ রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা নিতে আসা ফকির পাড়া গ্রামের আসমা খাতুন (৩৬) কথাগুলো বলেন।ডাঙ্গাপাড়া গ্রামের সাহাজাদি খাতুন (৩৫) বলেন, ‘এ হসপিটালোট আসি কোন লাভ নাই। ঔষধ, ডাক্তার কিছুই পাওয়া যায় না। যেটা হামার কোন উপকারোত আইসে না সেটা থাকি হামার লাভ কি?’ দোলাপাড়া গ্রামের ময়না খাতুন (৪০) বলেন, ‘এটা কেমন হাসপিটাল ১০ বছরে ডাক্তার দেখনু না। হামার অসুখ-বিসুখ হইলে এটে কোনা চিকিৎসা নিবার পারি না। ৩০ মাইল ঘুরি যাবার নাগে রংপুরত।’ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে স্থাপিত এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে ৮ নভেম্বর গিয়ে দেখা গেছে, ৫০ বছর আগে তৈরি ভবনের দরজা-জানালা ভেঙে গেছে। ভবনের বিভিন্ন স্থানে ছাদের পলেস্তরা খসে পড়েছে। চিকিৎসকের আবাসিক ভবনটিও ঝুঁকিপূর্ণ। ভবনের পেছন ঝোপ-জঙ্গলে ভরে গেছে। নেই সাইনবোর্ড ও প্রয়োজনীয় চেয়ার-বেঞ্চ। পরিবার কল্যাণ পরিদর্শিকা মকছুদা খাতুন বলেন, সীমানাপ্রাচীর না থাকায় লোকজন অবাধে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢোকে। তারা যেখানে সেখানে প্রস্রাব-পায়খানাও করে, মাঠে গরু-ছাগল ও মাইক্রোবাসও রাখে। বাধা দিলেও কেউ শোনে না। আমার একার পক্ষে হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রতিদিন সকালে এসে একাই ১০০ থেকে ১৫০ জন রোগী দেখি। পাঁচটার পর হাসপাতাল ত্যাগ করি। এখানে বসবাসের মতো পরিবেশ না থাকায় রাতে থাকি না। প্রয়োজনের তুলনায় ওষুধ বরাদ্দ কম পাওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হয় না।