‘এটা খারাপ এবং ব্যয়বহুল শিক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার নিয়ম-কানুন ঠিকভাবে না জেনেই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের ক্লাবগুলো। এমনই এক চুক্তির মাশুল হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রকে গুনতে হলো ৩৭ হাজার ডলার জরিমানা। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী অকপটেই স্বীকার করলেন ফিফার আইন-কানুন সম্পর্কে তাঁর ধারণা কম ঘানার একজন খেলোয়াড়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে আপনাদের। এটা কেন?নুরুল আলম চৌধুরী: বলতে দ্বিধা নেই, ফিফার আইনকানুন সম্পর্কে আমাদের জানা-শোনার অভাব আছে। এ জন্যই সমস্যায় পড়লাম। কোন বিষয়টা আপনাদের অজানা ছিল?নুরুল আলম: বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আমাদের চুক্তিতে বলা থাকে, সম্ভাব্য কয় মাসের জন্য তাকে রাখব। তবে এ-ও লেখা থাকে, পছন্দ না হলে বাদ দিতে পারব। কিন্তু ফিফা এই ‘পছন্দ না হলে বাদ’ দেওয়ার ক্লজটা অনুমোদন করে না। এটা এখন জানতে পেরেছি। এমন একটা নিয়ম আপনাদের অজানা ছিল!নুরুল আলম: আমরা খেলোয়াড় দেখে আনতে পারি না। তাই আগেই বলে নিই, তোমার পারফরম্যান্সে খুশি না হলে চুক্তি বাতিল করতে পারি যেকোনো সময়। এভাবেই খেলোয়াড় আনে বাংলাদেশের ক্লাবগুলো। খেলোয়াড় ও ক্লাব এই চুক্তিতে সই করে। কখনো ঝামেলা হয়নি, এবার হলো, এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমী ঘটনার প্রেক্ষাপটটা যদি জানান...নুরুল আলম: আবদুলাই নামে ঘানার এক খেলোয়াড়কে গত মৌসুমের ফেডারেশন কাপে এনেছিলাম। সে জার্মানির রেসিডেন্ট। চুক্তি ছিল, পছন্দ হলে রাখব। পছন্দ না হওয়ায় দুই ম্যাচ খেলিয়েই বিদায় দিলে সে ফিফায় অভিযোগ করে।  টাকা-পয়সা দিয়েছিলেন?নুরুল আলম: চুক্তি অনুযায়ী ওকে এক মাসের বেতন চার হাজার ডলার দিয়ে বিদায় করি। টিকিট আগেই দেওয়া ছিল। কাজেই আমাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল না। তাহলে খেলোয়াড়টি ফিফায় অভিযোগ করল কেন? নুরুল আলম: সময় শেষ হওয়ার আগেই বিদায় দেওয়াই এর কারণ। আইনজীবীর মাধ্যমে সে ফিফায় অভিযোগ করল জার্মান ভাষায়। আমরা প্রথমে পুরোপুরি বুঝতে পারিনি। পরে ইংরেজিতে ভাষান্তরিত করার পর বুঝতে পারি।  তারপর কী হলো?নুরুল আলম: কিছুদিন পর দেখলাম, ছয় হাজার ডলার ক্ষতিপূরণসহ মোট ৩৭ হাজার ডলার চাওয়া হলো আমাদের কাছে। আমরা ফিফাকে বললাম, ওই খেলোয়াড়কে আমরা বলেছি, পারফরম্যান্স মনঃপূত না হলে বাদ দিতে পারব। ফিফার ভাষ্য কী?নুরুল আলম: চুক্তিটা গ্রহণ করেনি ফিফা। ফিফার বেঁধে দেওয়া সময়ে আমরা এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারিনি। ভেবেছিলাম, একটা ব্যাখ্যা তো দিয়েছি। কাজেই আর কী করার আছে। কিন্তু আমরা প্রত্যুত্তর না দেওয়ায় ফিফা একতরফা সিদ্ধান্তে চলে আসে। বাফুফের কোনো সাহায্য পেয়েছিলেন?নুরুল আলম: হেলাল ভাই (আনোয়ারুল হক হেলাল) বলেছিলেন, ফিফার কাছে এ ধরনের চুক্তির মূল্য নেই। অভিযোগ করছি না, বিষয়টা নিয়ে ফেডারেশনের আরও গভীরে যাওয়া উচিত ছিল। একসময় ক্লাব কর্মকর্তারা বিদেশে গিয়ে পছন্দ করে খেলোয়াড় আনতেন। এখন সেভাবে আনা হয় না কেন?নুরুল আলম: এখন ঘরে বসেই বিদেশি খেলোয়াড় পাওয়া যায়। পেশাদারি যুগে সব দেশেরই একটা করে ওয়েবসাইট থাকে। এটি ওপেন করলে এজেন্টদের সঙ্গে যোগাযোগ হয়। অনেক এজেন্ট নিজেরাই যোগাযোগ করে। অনেকে ট্রায়ালের জন্য বিনা পয়সায়ও প্লেয়ার পাঠায়। আবদুলাইয়ের ঘটনাটা তাহলে বাংলাদেশের ক্লাব ফুটবলের জন্য কী সতর্কবার্তা দিচ্ছে? নুরুল আলম: সতর্কবার্তা একটাই—বিদেশি খেলোয়াড়ের সঙ্গে বুঝে-শুনে চুক্তি করতে হবে। এটা আমাদের জন্য খারাপ এবং ব্যয়বহুল একটা শিক্ষা। সব ক্লাবের জন্যই কথাগুলো প্রযোজ্য। চাইব, বাফুফে এ বিষয়ে আগামীতে একটা ওরিয়েন্টেশন করুক।