মন্ত্রীরা না আসায় সংসদ উত্তপ্ত ৪০-৪২ জন মন্ত্রীর একসঙ্গে কাজ থাকতে পারে না
‘এটা খেলা না’
মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে কাল বৃহস্পতিবার জাতীয় সংসদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অধিকাংশ মন্ত্রী সংসদে না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদেরা। তাঁদের বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান অন্য সাংসদেরা।এ সময় সংসদে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজার নিয়ে জ্যেষ্ঠ সাংসদদের কড়া সমালোচনার মুখে পড়েন।মাগরিবের নামাজের বিরতির পর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতি, শেয়ারবাজারে ধস ও লন্ডনে চিকিৎসারত প্রবীণ রাজনীতিক আবদুর রাজ্জাককে সে দেশে নিযুক্ত হাইকমিশনার দেখতে না যাওয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। এক ঘণ্টার অনির্ধারিত আলোচনায় জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও মন্ত্রীদের অনুপস্থিতি এবং আবদুর রাজ্জাকের প্রতি লন্ডনে নিযুক্ত হাইকমিশনারের অবহেলার সমালোচনা করেন।বিরোধী দলহীন এই সংসদে এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন প্যানেল চেয়ারম্যান আবদুল মতিন খসরু। তিনি বলেন, ‘অধিবেশনকক্ষে মন্ত্রীদের ফাঁকা চেয়ার ফ্যালফ্যাল করে হাসছে। ৪০-৪২ জন মন্ত্রীর একসঙ্গে কাজ থাকতে পারে না। সংসদে ইচ্ছা হলে আসব, ইচ্ছা হলে আসব না, তা হতে পারে না। মন্ত্রীদের অবশ্যই সংসদে আসতে হবে। এটা খেলা না।’ মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি সংসদের চিফ হুইপের প্রতি আহ্বান জানান।বিকেল সোয়া চারটায় সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও কোরাম সংকটের কারণে ২০ মিনিট দেরিতে শুরু হয়। এ সময় সামনের সারিতে শুধু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছিলেন। একটু পরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আসেন। সন্ধ্যার পর অনির্ধারিত আলোচনার সময় অর্থমন্ত্রী ছাড়া খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে অস্ট্রেলিয়া এবং স্পিকার আবদুল হামিদ সৌদি আরবে রয়েছেন। ডেপুটি স্পিকার শওকত আলী নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরের নড়িয়ায় গেছেন। এ জন্য প্যানেল চেয়ারম্যান আবদুল মতিন খসরু অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও কাল সংসদে ছিলেন না। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব থাকলেও তিনি অনুপস্থিত থাকায় তা টেবিলে উপস্থাপন করা হয়।আলোচনার সূত্রপাত করে তোফায়েল আহমেদ বলেন, ‘উপদেষ্টাসহ ৫০ জনের মতো মন্ত্রী পদমর্যাদার সদস্য রয়েছেন। উপদেষ্টারা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকেন। অর্থ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় কে চালান, মন্ত্রী না উপদেষ্টা? জানি না। এতজন মন্ত্রীর মধ্যে সংসদে মাত্র ছয়জন আছেন। বাতিল নোটিশের বক্তৃতা সংশ্লিষ্ট মন্ত্রীকে শুনতে হয়। কিন্তু কেউ নেই। কে শুনবেন কার কথা।’অর্থমন্ত্রীর উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মন্ত্রীদের আরও যত্নবান ও সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, ‘গত নির্বাচনে ১০ ভাগের ৯ ভাগ আসনে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী সুন্দর মন্ত্রিসভা করেছেন। কিন্তু ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় ইচ্ছা থাকলেও সব কথা বলতে পারি না। কিছু কথা না বললেই নয়। তাই বলছি। আমি শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। এ মন্ত্রণালয়ের মন্ত্রী নেই, সচিব নেই, বিসিআইসির চেয়ারম্যান নেই। সার কেনার জন্য সবাই বিদেশে গেছেন। আমিও মন্ত্রী ছিলাম। সার কেনার জন্য বিদেশে যাইনি।’আবদুর রাজ্জাকের অসুস্থতার কথা তুলে ধরে তোফায়েল আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে লড়ছেন। পাঁচ সপ্তাহ পর তাঁর যকৃৎ ও বৃক্ক প্রতিস্থাপিত হবে। কিন্তু লন্ডনে নিযুক্ত হাইকমিশনার তাঁকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমি জানতে চাইলে হাইকমিশনার জানান, তিনি ব্যস্ত আছেন। মন্ত্রী সাহেবদের জন্য তাঁর বিমানবন্দরে যেতে হয়। আমি তাঁকে বললাম, “রাজ্জাক ভাই কেবল একজন সাংসদ নন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক।” এ কথা বলার পর হাইকমিশনার তাঁকে দেখতে যান।’ তোফায়েল আহমেদ আবদুর রাজ্জাকের জন্য সবার কাছে দোয়া চান।শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘সংবিধান অনুসারে মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ। কিন্তু ৪৬-৪৭ জন মন্ত্রীর মধ্যে কোথায় তাঁরা। এই অবস্থা যদি হয় সংসদের, তাহলে কীভাবে হবে? সাংসদদের কথা কে শুনবে? জনগণের কাছে আমরা কী বলব?’ তিনি বলেন, ‘মন্ত্রীরা সংসদে আসেন না। তাঁদের বদলে প্রক্সি দেওয়া হয়। সংসদ কার্যকর করতে হলে মন্ত্রীদের উপস্থিত থাকতে হবে। স্বৈরাচার আমলেও দেখেছি সরকারি কর্মকর্তাদের সংসদে বসে নোট নিতে।’শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রী বুধবার সংসদে ছিলেন। ওই দিন মন্ত্রীরা সবাই সেজেগুজে সংসদে এসে বসে ছিলেন। আজ প্রধানমন্ত্রী সংসদে নেই। কোনো মন্ত্রীও নেই। এভাবে চলতে পারে না।শেখ সেলিম অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, ‘অর্থমন্ত্রী শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ফাটকাবাজ বলেন। অর্থ উপদেষ্টা বলেন অ-মানুষ। অর্থমন্ত্রী সাংসদ হওয়ায় তাঁকে আমরা ধরতে পারি। কিন্তু উপদেষ্টাকে ধরতে পারি না। তাঁরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের কিংবা সংসদের নয়। কিন্তু তাঁরা সব বিষয়ে কথা বলেন। এটা কোন ধরনের তামাশা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এঁদের খুঁজে পাওয়া যাবে না।’শেখ সেলিম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, মন্ত্রীদের সংসদে থাকতে হবে। শেয়ারবাজার স্থিতিশীল করতে হবে। শেয়ারবাজার বুঝি না, এটা হবে না। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। তাঁরা গরিব হতে পারেন। কিন্তু তাঁরা দেশের নাগরিক। শেয়ারবাজার স্থিতিশীল করার জন্য অর্থমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে জনগণের একটা বড় অংশ সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাবে।আবদুর রাজ্জাকের অসুস্থতার কথা উল্লেখ করে শেখ সেলিম বলেন, হাইকমিশনার দূরে থাক, তাঁকে একজন পিয়ন পর্যন্ত দেখতে যাননি। লন্ডনে অনেক মন্ত্রী-নেতা আবদুর রাজ্জাকের অসুস্থতার কথা শুনেও না শোনার ভান করে চলে এসেছেন। এ রকম অবস্থা চললে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ থাকবে না।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বক্তৃতা দিয়ে মন্ত্রীদের সংসদে আনা যাবে না, যদি না সংবিধান অনুসারে তাঁরা কাজ করেন। মন্ত্রীরা আজ বুকে হাত দিয়ে বলুন যে তাঁদের সংসদের প্রতি জবাবদিহি রয়েছে। মন্ত্রীরা মনে করেন, অন্য কোথাও জবাবদিহি থাকলে তাঁদের সংসদে না এলেও চলবে। শেয়ারবাজার সম্পর্কে তিনি বলেন, যে টাকা বিদেশে চলে গেছে যাক, কিন্তু বেসরকারি ব্যাংকগুলো যে টাকাটা লাভ করেছে, তা বাজারে নিয়ে আসা হোক। তাহলে বাজার চাঙা হবে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বেসরকারি সদস্য দিবসেও মন্ত্রীরা নেই। তাঁদের জবাবদিহি সংসদে নেই। মন্ত্রীদের ওপর বসে আছেন অনির্বাচিত উপদেষ্টা। তাঁদের জ্ঞান-গুণের শেষ নেই। মুরব্বির দোয়ায় তাঁরা ক্ষমতার উচ্চ শিখরে বসে আছেন।স্পিকারের চেয়ারে থাকা আবদুল মতিন খসরু বলেন, মন্ত্রীদের অনুপস্থিতি ভালো লক্ষণ নয়। তাঁরা সংসদকে গুরুত্ব না দিলে কে দেবেন? তাঁদের সংসদে উপস্থিত থাকতে হবে, নোট নিতে হবে। আবদুর রাজ্জাক সম্পর্কে সংসদের মতামতের সঙ্গে একমত প্রকাশ করেন তিনি। লন্ডনে নিযুক্ত হাইকমিশনারের সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এ রকম ধৃষ্টতা দেখাতে না পারেন।চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, মন্ত্রীর অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে। সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী এটা করা যায় না।আলোচনা শেষে সংসদের বৈঠক ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।