গত ডিসেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রধান কোচ থেকে সহকারী কোচ বানিয়ে দেওয়া হয় তাঁকে। অভিমানে বিসিবির কোচের চাকরিই ছেড়ে দেন সারোয়ার ইমরান। আসন্ন যুব বিশ্বকাপের জন্য তাঁকেই দেওয়া হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব। নতুন পরীক্ষায় নামার আগে অনূর্ধ্ব-১৯ দলটাকে একই সুতোয় বাঁধতে চান তিনি বিসিবির কোচের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এখন আবার অনূূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করলেন কী মনে করে?সারোয়ার ইমরান: আমি কিন্তু এখনো বিসিবির চাকরি করছি না। এটা একটা চুক্তিভিত্তিক অ্যাসাইনমেন্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত আমাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি চাকরি করছি রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে। বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত কি অভিমান থেকেই ছিল?ইমরান: অভিমান ঠিক নয়। তবে কোচ হিসেবে যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাই, আমি কত দিন কাজ করব? এর চেয়ে বাইরে অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছি। বোর্ড আবার আপনাকে কোচ হিসেবে চাইলে চাকরিতে ফিরবেন?ইমরান: বাংলা ট্র্যাকের সঙ্গে চুক্তিটা দুই বছরের। ওখানে অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯ তিনটা ব্যাচ আছে। ওদের সঙ্গে কাজ করে আনন্দ পাচ্ছি। তবে আমরা সব সময়ই বোর্ডে আসতে আগ্রহী। এটা জাতীয় স্বার্থের ব্যাপার, এখানে এত দিন ধরে কাজ করেছি...। সে রকম সুযোগ-সুবিধা পেলে অবশ্যই আসব। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হয়নি। সে কারণেই কি আপনার হাতে দায়িত্ব দিল বিসিবি—কী মনে হয়?ইমরান: বোর্ড পরিচালক আলমগীর ভাই (সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর) ফোন করে বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে আমাকেই চান। জাতীয় স্বার্থে আমি যেন কাজটা করি। সে কারণেই আসা। এশিয়া কাপে ব্যর্থতার কারণ কী মনে হয় আপনার কাছে?ইমরান: শ্রীলঙ্কার সঙ্গে হারটাতে আমি একটু হতাশ। তবে আফগানিস্তান ভালো দল। এশিয়ান গেমসেও দেখেছি, ওরা অনেক শক্তিশালী। তার পরও আমাদের হারা উচিত হয়নি কোনো ম্যাচেই। ক্রিকেটে খারাপ সময় যায়, হয়তো সেটাই গেছে। তা ছাড়া দলে অনেক নতুন খেলোয়াড় ছিল। টিম কম্বিনেশনেও সমস্যা হয়ে থাকতে পারে। এ রকম অবস্থা থেকে বিশ্বকাপের দায়িত্ব—বাড়তি কোনো চাপ কি অনুভব করছেন?ইমরান: সে রকম কিছু নয়। কিছু খেলোয়াড় ছাড়া এই দলের বেশির ভাগ খেলোয়াড় সম্পর্কেই ধারণা আছে আমার। ২৬ জুলাই পর্যন্ত অনুশীলন হবে। এর মধ্যে অনুশীলন ম্যাচও খেলব তিনটা। আশা করি গুছিয়ে নিতে পারব। বিশ্বকাপে লক্ষ্য কী থাকবে?ইমরান: ফাইনাল খেলার লক্ষ্য তো থাকবেই। তবে প্রাথমিক লক্ষ্য কাপ পর্বে খেলার। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া—তিন দলের যেকোনো দুই দলকে হারাতে পারলে আমাদের ভালো সুযোগ আছে। নামিবিয়া যেহেতু বেশি শক্তিশালী নয়, মনে হয় আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারব। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা কতটা কঠিন হবে?ইমরান: এখন তো অস্ট্রেলিয়াতে খুব ঠান্ডা। এটা একটা সমস্যা। তবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আমরা একটু আগে যাব। ১১ আগস্ট টুর্নামেন্ট শুরু হবে, আমরা ২৭ জুলাই যাচ্ছি। তত দিনে হয়তো অভ্যস্ত হয়ে যেতে পারব। বিশ্বকাপের প্রস্তুতিতে কোন দিকটাতে বেশি জোর দেবেন?ইমরান: দলীয় সমঝোতা, খেলোয়াড়দের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক যে ভালো হয়, সেটাই দেখব আগে। পুরো দল যেন একই লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করে। একটা দল হিসেবে গড়ে তুলতে হবে। এ ছাড়া টেকনিক্যাল কাজ তো আছেই। যার যেখানে দুর্বলতা, সেটা ধরে ধরে কাজ করব।