‘এটা তো চর দখল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কাল দুপুরে বিদায়ী কমিটির কর্মকর্তারা সংস্থায় গিয়ে দেখেন, প্রধান ফটকে তালা। ফটকের বাইরে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে নিজের ক্ষোভের কথা বললেন বিদায়ী কমিটির সহসভাপতি সাবেক অ্যাথলেট নাজমা শামীম আপনাদের সবাইকে খুব ক্ষুব্ধ লাগছে। গোটা ব্যাপারটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?নাজমা শামীম: এই কাজটা খুবই খারাপ হয়েছে। আমাদের কথা হলো, নিয়মনীতি মেনে সরকার কমিটি ভাঙতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। কী হওয়া উচিত ছিল?নাজমা: যেকোনো কমিটির ক্ষেত্রেই দায়িত্ব হস্তান্তর আর দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে। সরকার যদি নিয়ম মেনে নির্বাচিত কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি করত, অবশ্যই আমরা স্বাগত জানাতাম। কিন্তু সেটা পারছি না, নিন্দা জানাচ্ছি। আমাদের অপমান-অপদস্ত করার মানে কী? অপমানিত বোধ করছেন কেন?নাজমা: আমাদের চার বছর মেয়াদের নির্বাচিত কমিটির মেয়াদের বাকি আরও ১৫ মাস। এ অবস্থায় এটি ভাঙার প্রয়োজন কেন হলো? আমরা খারাপ করলে কারণ দর্শাও নোটিশ দিতে পারত সরকার। আমাদের জবাব শুনে মনঃপূত না হলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু এভাবে রাতের আঁধারে কমিটি ভেঙে পরদিন সকালে সংস্থায় তালা মারা বিস্ময়কর।  মহিলা ক্রীড়া সংস্থায় এ ধরনের ঘটনা আগে দেখেছেন?নাজমা: মহিলা ক্রীড়া সংস্থায় ২৭ বছর ধরে আছি। প্রথমে সদস্য, তারপর যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক ছিলাম। আবাহনীর লেডিস গেম সেক্রেটারি আছি অনেক দিন। আমিই প্রথম ইডেন গার্ডেনসে মেয়েদের ক্রিকেট দল নিয়ে যাই আশির দশকের শুরুতে। কখনো এমন কাণ্ড দেখিনি। ভবিষ্যতেও দেখব বলে বিশ্বাস হয় না।  সরকার যেভাবে কমিটি ভাঙল, তালা লাগাল, তাতে ক্রীড়াঙ্গনের জন্য কেমন বার্তা পাচ্ছেন?নাজমা: অশুভ বার্তা। বাংলাদেশের খেলার জগৎ যতটা এগিয়েছে, তার চেয়ে ২০ বছর পিছিয়েছে এ ঘটনায়। আপনার কী মনে হয়, কেন সরকার এ কাজটা করল?নাজমা: যেদিন থেকে নির্বাচিত হয়ে আমরা দায়িত্ব নিয়েছি, পরাজিত পক্ষের জ্বালা-যন্ত্রণা সেই দিনই শুরু। যত অপপ্রচার আছে, সব করেছেন ওনারা। তবু আমরা কাজ করে গেছি। কিন্তু ছলে-বলে-কৌশলে তারা এখন বিদ্বেষ আর হিংসার বশবর্তী হয়ে এটা করেছে। কিন্তু কমিটি ভেঙেছে তো সরকার। পরাজিত পক্ষের দায় কোথায়? নাজমা: কারা কী করেছে, সেটা পরিষ্কার। আমরা প্রজ্ঞাপন পেলাম না, অথচ নতুন কমিটির নামে ওরা কমপ্লেক্সের ভেতরে অবস্থান নিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিলাম। কোথায় কী হচ্ছে, বুঝি। যাঁরা এসেছেন, তাঁরা খেলার জগতের মানুষ হয়ে থাকলে এভাবে ক্ষমতা নিয়ে বাজে দৃষ্টান্ত রাখা তাঁদের উচিত হয়নি। এটা তো চর দখল! গত নির্বাচনে পরাজিত পক্ষের অনেক অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে...নাজমা: তর্কের খাতিরে ধরে নিলাম অভিযোগ আছে, কিন্তু এভাবে সংস্থার কমিটি ভাঙা কী ধরনের কাজ। তালা মারবে কেন? এ পর্যন্ত ৩০-৩৫টি স্পনসরের মাধ্যমে আমরা খেলা চালিয়েছি। আগের চেয়ে তহবিল অনেক বাড়িয়েছি। কী পরিমাণ টাকা তাঁরা রেখে গেছেন, বা খেয়ে গেছেন, সবই আমাদের জানা আছে।  আপনারা কমিটি ভাঙার কথা কখন শুনলেন?নাজমা: শুনেছি, কাল রাতের আঁধারে নাকি প্রজ্ঞাপনে সই হয়েছে। কিন্তু সেই প্রজ্ঞাপন কই? আমাদের দেওয়া হলো না কেন (কাল ৩টা পর্যন্ত)। সংস্থায় এসে দেখছি ওনারা দখল নিয়ে বসে আছেন, আমাদের নথিপত্রের কী অবস্থা জানি না। এত চিন্তা করছেন কেন?নাজমা: চিন্তা করব না! আমাদের কিছু প্রোগ্রামের টাকাপয়সাও সেখানে আছে। সেগুলোর কী অবস্থা তা-ও অজানা। অফিস স্টাফদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।