‘এটা দারুণ মজার খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের অনুশীলনে নতুন একটা খেলায় কি অংশ নেওয়া যায়? রাজি ছিল না প্রথমে। পরে অংশ নিল এবং দক্ষিণ এশীয় বিচ গেমসের ‘রান সুইম রান’ খেলায় শ্রীলঙ্কা থেকে রুপা জিতে ফিরল পলাশ চৌধুরী। কাল দেশে ফিরে সেখানকার অভিজ্ঞতাই জানাল বিকেএসপির দশম শ্রেণীর ছাত্র নতুন খেলায় অংশ নিয়েই রুপা। এটা তো দারুণ এক অর্জন। পলাশ চৌধুরী: এ সফরের কথা কখনোই ভুলব না। কারণ দেশে থাকতেই আমি কোনো দিন সমুদ্র দেখিনি। ওখানে গিয়েই প্রথম সমুদ্র দেখলাম। ওখানেই অনুশীলন করেছি মাত্র দুই দিন। উঁচু উঁচু ঢেউয়ের কারণে সাঁতারের ম্যারাথনে ভালো করতে পারিনি। পঞ্চম হয়েছি। কিন্তু রান সুইম রানে রুপা জেতাটা খুবই আনন্দের। রান সুইম রান ইভেন্ট সম্পর্কে কিছু বলো...পলাশ: এই খেলা সম্পর্কে প্রথম ধারণা পেয়েছিলাম ফেডারেশন থেকে। প্রায় ১৭ দিন আগে। খেলাটার নিয়ম হলো প্রথমে বালুর মধ্যে রানিং করতে হয়। ১০০-১৫০ মিটার পর্যন্ত দৌড়। যেখানে সমুদ্রের ঢেউ এসে থামে তার প্রায় ১০ মিটার ওপরের তীর থেকে এই দৌড় শুরু করতে হয়। এরপর ২০০-২৫০ মিটার সাঁতরাতে হয়। অনেক দূরে নয়টা কাপড়ের নিশানা দেওয়া থাকে। সেখানে এসে সাঁতার শেষ করতে হয়। এরপর সাঁতার শেষে পাড়ে উঠে আবার ১০০-১৫০ মিটার দৌড়াতে হয়। দৌড়াতে হয় মোট দুবার আর সাঁতরাতে হয় একবার। এতে তো অংশ নেওয়ারই কথা ছিল না তোমার...পলাশ: আসলে ওখানে গিয়েই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেফ দ্য মিশন, দলের ম্যানেজার এবং অন্য সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হলো যে আমি খেলব।  বাংলাদেশে নতুন এই খেলাটার সম্ভাবনা কেমন?পলাশ: বাংলাদেশে খেলাটা চালু করলে খুবই ভালো হয়। এর খুবই সম্ভাবনা আছে। এটা দারুণ মজার খেলা। এর আগে তো কখনো খেলোনি। ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলে?পলাশ: আমি এর আগে যেহেতু দুবার দূরপাল্লার সাঁতারে অংশ নিয়েছি, তাই প্রথমে ভেবেছিলাম পদক জিততেও পারি। চেষ্টা ছিল সোনা জেতার। আমার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা জাতীয় দলের সাঁতারুর সঙ্গে একদিন অনুশীলন করার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি ভেবেছিলাম, আমার চেয়ে ওর দম কম। কিন্তু আসলে দেখলাম অনেক। ওখানেই ও এগিয়ে যায়। আমাদের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কার দুজন করে এবং একজন পাকিস্তানি ছিল।  বিকেএসপিতে কীভাবে সুযোগ পেলে?পলাশ: আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সেখানে নবাবগঞ্জ সুইমিং ক্লাবে নিয়মিত অনুশীলন করতাম। ছোটবেলা থেকেই খেলাধুলা করতাম। একবার আমি ঢাকায় একটি সাঁতার ক্যাম্পে যোগ দিই। ওখান থেকে বাছাইয়ের পর বিকেএসপিতে ভর্তির সুযোগ পাই।  সাঁতারে তোমার প্রিয় ইভেন্ট কোনটি?পলাশ: ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক। গত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে জাতীয় রেকর্ড গড়েছি। সোনা জিতেছি চারটি। সাঁতারে কাউকে অনুসরণ করো?পলাশ: বাংলাদেশের শাজাহান আলী রনি ভাই আর বিদেশের মধ্যে জাপানি সাঁতারু কিতাজিমা। রনি ভাইয়ের মতো সাফ গেমসে সোনা জয়ের স্বপ্ন দেখি আমি। পুরো সফরে কেমন মজা করলে?পলাশ: দারুণ মজা করেছি। দলের অন্যান্য ইভেন্টের সব খেলোয়াড়-কর্মকর্তা আসার পথে বাসে বসে গান গেয়েছি। ফুটবলার ওয়ালি ফয়সাল ভাই চমৎকার গান গাইতে পারেন। আমিও গান গেয়েছি। দলের সঙ্গে মহিলা কাবাডি খেলোয়াড় ছিল। তারা আমাকে অনেক গিফট দিয়েছে।