ফুটবল কোচদের ছাঁটাই হওয়ার জন্য তৈরিই থাকতে হয়। কিন্তু মোহামেডান থেকে যেভাবে ছাঁটাই হলেন শফিকুল ইসলাম (মানিক), সেটি তিনি একেবারেই মানতে পারেননি। কোচদের প্রতি ক্লাবের আরেকটু সৌজন্য আশা করেন মুক্তিযোদ্ধায় ফিরে যাওয়া এই কোচ মোহামেডান হঠাৎ কেন আপনাকে বাদ দিয়ে দিল?শফিকুল ইসলাম (মানিক): এটা আমি বলতে পারব না। তবে আমার সঙ্গে তারা অনৈতিক কাজ করেছে। পুরোনো কমিটি আমাকে কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু নতুন কমিটি সেটি রাখেনি। এটা নৈতিকতায় পড়ে না। অনৈতিক বলছেন কেন?শফিকুল: সবাই জানত, আমি মোহামেডানের কোচ থাকছি। গতবার ভাঙাচোরা একটা দল নিয়েও আমার পারফরম্যান্স ভালো ছিল। গত অক্টোবরেও সাক্ষাৎকারে বলেছি, আমিই মোহামেডানের কোচ। তখন কেউ কিছু বলেনি। ক্লাবের এজিএমে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কোচ হিসেবে। আপনার সঙ্গে তো কোনো চুক্তি হয়নি। ক্লাব হয়তো সেই সুযোগটাই নিয়েছে...শফিকুল: মুক্তিযোদ্ধা ও শেখ জামাল আমার সঙ্গে আগেই কথা বলেছিল। তখন সালাম মুর্শেদি, বাদল রায়, মোস্তাকুর রহমানরা বলেছিলেন, তুমিই মোহামেডানের কোচ। আমি মোটা অঙ্কের অফার ফিরিয়ে দিয়েছি। এটা ঠিক, আমার সঙ্গে কাগজপত্রে চুক্তি ছিল না। তবে আমাকে দিয়েই দল গড়া হয়েছে। গত আগস্টেও আমাকে পেমেন্ট করা হয়েছে। তাহলে এখন উল্টো সিদ্ধান্ত কেন? মোহামেডান বলছে আপনি ক্লাবের সদস্য। কোনো সদস্য নাকি লাভজনক পদে থাকতে পারেন না...শফিকুল: এটা আমাকে চিঠি দিয়ে বলা যেত। আমি কি অবুঝ! আসলে দুজন মানুষ—লোকমান হোসেন ভুঁইয়া ও আমিরুল ইসলাম বাবু—চায়নি আমি মোহামেডানের কোচ থাকি। কোচের জীবনটাই তো এমন...শফিকুল: তা ঠিক। তবে ২০০৭ সালেও এমন বাজে সময় গিয়েছে মোহামেডানে। ২০০৮-এ আমি স্বেচ্ছায় চলে এলাম, তখনো এই দুজন চায়নি আমি থাকি। বাংলাদেশের কোচদের চাকরি কত নড়বড়ে, এই ঘটনা তার আরেকটি প্রমাণ। মোহামেডান আপনাকে না রাখার ব্যাপারটা জানিয়েছিল?শফিকুল: এই কদিন আগে জাকারিয়া পিন্টু ভাই আমাকে ফোন করে বিদেশি কোচ আনার ব্যাপারটা বলেন। উনি বলেছেন, ‘আমিও চাই তুমি থাকো। তবে মিটিংয়ে আলোচনা হয়েছে, বিদেশি কোচ আনা হবে। তুমি অন্য কোথাও দেখো।’ তাহলে তো মোহামেডান আপনাকে জানিয়েছে...শফিকুল: আমি বলেছি চিঠি দেওয়ার জন্য। তারা চিঠি দেয়নি। সৌজন্যমূলক একটা চিঠিও না পেয়ে কষ্ট পেয়েছি। চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানালে আপনার ক্ষোভ থাকত না বলছেন?শফিকুল: বিদায় দিতেই পারে। এটাকে খারাপ দেখছি না। কিন্তু যেভাবে দেওয়া হলো, এটা অনৈতিক হয়েছে। এটা টেলিফোনের মাধ্যমে বলা ঠিক হয়নি। আগে জানলে আরও সম্মানজনক অবস্থান নিয়ে সরে দাঁড়াতে পারতাম। আপনার তো চাকরির সমস্যা নেই। মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছেন...শফিকুল: যে সময়ে আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা করেছে মোহামেডান, এতে আমার রিজিকে হাত পড়েছিল। তবে আল্লাহই এর মালিক। ছয় বছর পর মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছি। ২০০৫ সালে শেষ কোচিং করিয়েছি ওখানে। মুক্তিযোদ্ধার হয়ে দুটি লিগ ছাড়াও মহানগরী কাপ, স্বাধীনতা কাপ, দুটি ফেডারেশন কাপ, জাতীয় লিগ ও ভারতে ম্যাকডাওয়েল কাপ জিতেছিলাম। মোহামেডান আবার ডাকলে যাবেন?শফিকুল: মোহামেডান একটা প্রতিষ্ঠান। এর প্রতি আমার মায়া থাকবেই। তবে এই মানুষগুলো নীতিনির্ধারক থাকলে মোহামেডানের কোচ হব কি না, চিন্তা করব। তবে মোহামেডানের মঙ্গল কামনা করি। গতবার যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ। সমর্থকেরা আমার পেছনে ছিল। তাদেরও ধন্যবাদ।