পেশাদার ফুটবল লিগে খেলার অনুমতি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা আছে। ক্লাবের সভাপতি মনজুর কাদের দিচ্ছেন এসব প্রশ্নের উত্তর হঠাৎ করে পেশাদার ফুটবল লিগে খেলতে আগ্রহী হলেন কেন আপনারা?মনজুর কাদের: ৪৮ বছরের ঐতিহ্যবাহী ক্লাব ধানমন্ডি। এর নাম এখন লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ফুটবলের বৃহত্তর স্বার্থেই আমরা পেশাদার লিগে এসেছি। অনেকে অভিযোগ করছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনারা এই সুযোগ আদায় করে নিয়েছেন...মনজুর: এটা রাজনৈতিক ক্লাব নয়। খেলাধুলার ক্লাব। জামায়াতে ইসলামী ছাড়া সব দলের সদস্যরা আছেন এখানে। তাহলে নামটা শেখ জামাল ধানমন্ডি ক্লাব হলো কেন? মনজুর: শেখ জামাল ধানমন্ডিরই সন্তান ছিলেন। এই মাঠেই খেলতেন। এ জন্যই আমরা সবাই মিলে তাঁর স্মৃতির প্রতি সম্মান দেখাতে এটা করেছি। শেখ রেহানা নাকি এর সঙ্গে যুক্ত আছেন?মনজুর: শেখ হাসিনা, শেখ রেহানা এই পাড়ারই সন্তান। ওনারা আমাদের সদস্য হননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন। দেশের সব ক্লাবই তো ওনার। এটুকুই বলতে পারি। আপনাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগও তো আছে...মনজুর: দখলের কী আছে! এখানে দোকানপাট করে বেচাকিনি করতে চাই না। জ্বলন্ত প্রমাণ, দেয়াল দিচ্ছি, এখানে দোকানপাট হবে না। মাঠ খেলার উপযোগী করতে বুয়েটকে কনসালট্যান্সি দিয়েছি। কিন্তু সর্বসাধারণের মাঠ আপনারা নিয়ে নিচ্ছেন, এটা নিয়ে তো প্রতিবাদও হয়েছে...মনজুর: পরিবেশবাদীরা যা বলেছেন, ঠিক নয়। এই ক্লাবের চিফ পেট্রন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, সেই ক্লাব আমরা দখল করি কীভাবে? দ্বিতীয় বিভাগের দল হলেও প্রভাব খাটিয়ে বাংলাদেশ লিগে খেলার ছাড়পত্র নিয়েছেন আপনারা। এই অভিযোগ কীভাবে খণ্ডন করবেন?মনজুর: এই অভিযোগ একদমই ঠিক নয়। বাফুফে এর আগে ফেনী সকার, বিয়ানীবাজারকে সুযোগ দেয়নি? এই দলগুলো তো কোনো ডিভিশনেরই না। আমরা তো তবু দ্বিতীয় বিভাগের দল। ফুটবলের বৃহত্তর স্বার্থে সব মানদণ্ড পূরণ করেই এসেছি আমরা। সবাই তো শুরুতে এসব বলে। কিন্তু কাজে দেখানো এবং টিকে থাকাই আসল...মনজুর: আমরা টিকে থাকতে চাই। নজরুলের ভাষায় বলি, চির উন্নত মম শির। মাথা উঁচু করেই থাকবে শেখ জামাল। আমরা পাতানো ম্যাচ খেলব না। আপনাদের আসল লক্ষ্যটা কী?মনজুর: আমরা ফুটবল, ক্রিকেটে ভালো টিম করব। মেয়েদের ফুটবল-ক্রিকেটেও টিম করব। অন্য খেলাগুলোয় আস্তে আস্তে আসব। সুন্দর একটা স্পোর্টস ক্লাব করব আমরা। অনেক টাকা ছড়িয়ে ফুটবলারদের অনেককে নাকি চূড়ান্ত করে ফেলেছেন শোনা যাচ্ছে। কিন্তু এই ক্লাবের যথেষ্ট অবকাঠামো কি আছে?মনজুর: খেলোয়াড়দের থাকার জায়গা নেই, এটা নিয়ে চিন্তা করছি। হেলথ ক্লাব, সুইমিংপুল, জিম—এগুলো করার চিন্তা আছে। অল্প জায়গা লাগবে, কোনার মধ্যে এগুলো হয়ে যাবে। মাঠটা মাঠের জায়গাতেই থাকবে। ভালো কোচিং স্টাফও তো দরকার...মনজুর: সময়মতো সব হয়ে যাবে। তবে আপাতত বিদেশি কোচ এবং বিদেশি খেলোয়াড় আনার চিন্তা নেই।