‘এটা রাস্তা নোয়ায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজালের বাড়ি থেকে ইকরচালী ইউনিয়নের ওকড়াবাড়ী বাজার পর্যন্ত সড়কটি প্রায় ছয় কিলোমিটার। এটি হাড়িয়ারকুটি ও ইকরচালী ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সড়ক। প্রতিদিন দুই ইউনিয়নের ২৬টি গ্রামের ২০ হাজারেরও বেশি মানুষ এ পথে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি পাকা না হওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই।তেলিপাড়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, ‘ভাইজান, এটা রাস্তা নোয়ায়, ধান গাড়ার জমি। এক হাঁটু কাদার জন্যে এদি হাঁটা যায় না।’ফকিরপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘মেলা দিন থাকি শুনি, রাস্তাকোনা পাকা হইবে, হামার গ্রামত বিদ্যুৎ দিবে। কিন্তু এলাও তো কিছুই হইল না। রাস্তা কোনার এনতন দশার জন্যে হামরা ধান-পাট শহরত নিগবার পারি না।’দোলাপাড়া গ্রামের জব্বার আলী বলেন, ‘এতগুলা মানুষ এদি হাঁটাহাঁটি করে, সরকারের চোখোত তা পড়ে না। এই রাস্তাকোনা পাকা করলে কি সরকারের ভান্ডার খালি হয়া যাইবে।’ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, ‘বর্ষা এলেই লোকজন আমাকে রাস্তাঘাটে ধরে গালিগালাজ করে। কিন্তু আমি তাদের কিছুই বলতে পারি না। উপজেলা চেয়ারম্যান ও এমপির কাছে গেইলে তাঁরাও আমার কথা শোনেন না।’হাড়িয়ারকুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘আমি কাউকে বোঝাতে পারিনি যে রাস্তাটি পাকা হওয়া কত জরুরি। এটা ভোটের বিষয় না, মানুষের জীবন-জীবিকার বিষয়। তার পরও আমার কথা কেউ শোনেননি। গুরুত্বপূর্ণ এই রাস্তা পাকা না হওয়ায় ২০ হাজার মানুষ কষ্ট করছে।’উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থা আমি জানি। আগামী সমন্বয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা করে রাস্তাটি পাকা করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠাব।’