বছর পেরোতে চলল। অথচ হকি লিগের খবর নেই। প্রথম বিভাগ না হওয়ায় প্রিমিয়ার লিগও চলে গেছে হিমাগারে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর কর্মকর্তা মাহবুব হারুন এ জন্য দায়ী করছেন ফেডারেশনের ব্যর্থতাকেই আপনি আবাহনীর কর্মকর্তা। হকির সঙ্গে আছেন অনেক দিন ধরে। লিগটা হচ্ছে না কেন?মাহবুব হারুন: এ বছর প্রথম বিভাগ করতে পারছে না ফেডারেশন। ফলে প্রিমিয়ার লিগটাও আটকে গেছে। আমি বলব, এটা হকি ফেডারেশনের ব্যর্থতা। ক্লাবগুলোর অসহযোগিতাকে দায়ী করছে ফেডারেশন। আসলে ব্যাপারটা কী?হারুন: কেউ বলতে পারে, ক্লাব সহযোগিতা করে না। কিন্তু ক্লাব কর্মকর্তারাই তো ফেডারেশন কর্মকর্তা। লিগ আয়োজন তাদের কাজ। ফেডারেশনকে বলুন লিগের তারিখ দিতে, তারপর ক্লাব না খেললে ক্লাবের বিরুদ্ধে কথা বলা যাবে। ফেডারেশন তো বলে, তারিখ দিয়ে লাভ নেই। ক্লাবগুলো নানা টালবাহানা করে...হারুন: ক্লাব টালবাহানা করে কি না, সেটা আসবে পরে। কথা হলো, প্রিমিয়ার লিগ করতে ফেডারেশনের উদ্যোগ কোথায়? তারা উদ্যোগ না নিলে ক্লাবগুলো কীভাবে খেলবে? আসলে সমস্যা হয়েছে, প্রথম বিভাগ না হওয়ায় প্রিমিয়ার লিগ করতে পারছে না ফেডারেশন। কয়েকবার দলবদলের তারিখ দিয়েও প্রথম বিভাগের ক্লাবগুলোর নাকি সাড়া পাওয়া যায়নি। তাহলে কি এ দেশের হকিতে ক্লাবতন্ত্র চলছে?হারুন: ফেডারেশনে এখন প্রথম বিভাগের কর্মকর্তা বেশি। তাহলে প্রথম বিভাগ কেন হচ্ছে না, আমারও প্রশ্ন। প্রথম বিভাগ থেকে একটা দল প্রিমিয়ারে আসবে এবার। গতবার রেলিগেশন না থাকায় এবার ১১টি দল নিয়ে প্রিমিয়ার লিগ হওয়ার কথা। যখনই প্রিমিয়ার লিগ আয়োজন করুক ফেডারেশন, আবাহনী প্রস্তুত। এই যে লিগ নেই, হকির কোনো ভবিষ্যৎ আপনি দেখেন?হারুন: এভাবে চলতে থাকলে কোনো ভবিষ্যৎ নেই। হকি মুমূর্ষু আগেও ছিল, এখনো তা-ই। এটির শরীরে প্রাণ ফেরানোর উদ্যোগও দেখছি না। কদিন আগে ৭ বছর পর যুব হকি শুরু হলো, খেলা দেখে হতাশই হয়েছি। দু-একটা দল ছাড়া বাকি জেলায় হকির চর্চা হয় বলে মনে হয়নি। ক্লাবগুলোর নিশ্চয়ই একটা দায়িত্ব আছে। আপনারা নিজেরা লিগ শুরুর উদ্যোগ নিতে পারেন না?হারুন: সব দল মিলে একটা রাস্তা বের করা যায়। আমি আমার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কথাটা তুলব। কিন্তু মূল দায়িত্ব তো ফেডারেশনের। এসব নিয়ে কী বলব, গতবার ক্লাব কাপের গণ্ডগোল নিয়ে কী হলো, কিছুই তো জানি না। তাহলে কি এই ফেডারেশনের পরিবর্তন দরকার মনে করেন?হারুন: সাধারণ সম্পাদক জামিল ভাই (খন্দকার জামিলউদ্দিন) হকির জন্য টাকাপয়সা আনছেন। অস্বীকার করার উপায় নেই। সমস্যা হলো, তাঁর পাশের লোকগুলোর সহযোগিতা পাচ্ছেন না। বড় বড় পদে থাকা অনেকে ফেডারেশনের পথই ভুলে গেছেন। এভাবে তো হকি চলতে পারে না। অবশ্যই, ব্যর্থদের সরিয়ে নতুন নেতৃত্ব আনতে হবে। আবাহনী-মোহামেডান বর্তমান ফেডারেশনের নেতৃত্বে নেই। শোনা যায়, এ কারণে বড় দুটি ক্লাবই নাকি চায় না এই ফেডারেশন সফল হোক!হারুন: এটা বাজে কথা। এটা ঠিক, আবাহনী-মোহামেডানের একটা বড় ভূমিকা রাখতে হয়। আমরা তা রাখি। গত বছর আমরা লিগ খেলিনি? খেলেছি। এবারও খেলব। ফেডারেশন বসে আছে কেন, সূচি জানাক। খেলোয়াড়েরা আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। অনেকেই বিদেশে গিয়ে খেলছে। কেউ ব্যবসা করছে। সাবেক খেলোয়াড় হিসেবে আপনার কাছে কেমন লাগে?হারুন: আমিও ব্যাপারটা ভেবে অবাক। খেলোয়াড়দের উচিত লিগ কেন হচ্ছে না, ফেডারেশনের কাছে এই কৈফিয়ত চাওয়া। তারা ফেডারেশনের সঙ্গে বসুক। প্রয়োজনে খেলোয়াড়েরা ফেডারেশনকে হুমকি দিক, লিগ না হলে তারা অন্য কোনো খেলায়ও খেলবে না।