নির্বাচক কমিটি নামমাত্র। দলে কে আসবে, কে বাদ পড়বে—ক্রিকেট বোর্ডই নাকি চূড়ান্ত করছে সেসব! জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ তাই বর্তমান নির্বাচক কমিটিটাকে নির্বাচক কমিটি বলতেই রাজি নন নির্বাচক কমিটির মেয়াদ আবারও মাত্র তিন মাসের জন্য বাড়ানো হলো। বিষয়টা কীভাবে দেখছেন?ফারুক আহমেদ: খুবই বাজে কাজ হয়েছে। তবে আমি বিস্মিত হইনি। এই বোর্ড এ রকম কাজ আগেও করেছে। তারা হয়তো এই কমিটির ওপর আস্থা রাখতে পারছেন না, আবার তাদের ছাড়তেও চাইছেন না। পুরো ব্যাপারটাই হাস্যকর। বিশ্বকাপ ক্রিকেটের আর মাত্র ছয় মাস বাকি। এ সময় বোর্ডের এমন সিদ্ধান্ত কি কমিটির কাজেও প্রভাব ফেলবে না?ফারুক: অবশ্যই, তারা তো লম্বা সময়ের জন্য কোনো পরিকল্পনাই করতে পারবে না। আমি মনে করি, মেয়াদ শেষ হওয়ার পর আরও আগেই তাদের কাজের রিভিউ করা উচিত ছিল। কাজ ভালো না করে থাকলে বিশ্বকাপের কথা মাথায় রেখে তখনই নতুন কমিটি করা উচিত ছিল। আর যদি তারা ভালো কাজ করে থাকে, তাহলে মেয়াদটা বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো উচিত ছিল। বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপের (২০০৭) সময় আপনি প্রধান নির্বাচক ছিলেন। তখন অনেকে এমনও বলেছিলেন, চার বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হবে বাংলাদেশও। এখনো কি তাই মনে হচ্ছে?ফারুক: পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়েছে। নতুন বোর্ড বা নতুন নির্বাচক কমিটির আসলে নতুন নতুন আইডিয়াও আসবে। তাই বলে আগের সবকিছুই আপনি ছুড়ে ফেলতে পারেন না। আমরা কিছু ভালো উদাহরণ সৃষ্টি করেছিলাম, যেটা এই কমিটি অনুসরণ করেনি। বোর্ড বড়জোর নীতিনির্ধারণ করে দিতে পারে, নির্বাচক কমিটির কাজে হস্তক্ষেপ করতে পারে না। এভাবে চললে ২-৩ বছর পর বাংলাদেশ কেনিয়ার মতো দল হয়ে যাবে। কিন্তু এই বোর্ডের বিরুদ্ধে তো দল নির্বাচনে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগও উঠছে!ফারুক: এটা ওপেন সিক্রেট। সবাই জানে, নির্বাচকদের দেওয়া দলে কাঁটাছেড়া হয়। নির্বাচক কমিটি এখন আর তিনজনের নয়, ৮-৯ জনের। শুধু কমিটির কিছু সদস্য বেতনভুক্ত নন। তিন সদস্যের যে কমিটিটা আছে সেটাকে আমি নির্বাচক কমিটি বলব না, এটা হলো পরামর্শ কমিটি। আমরা যে রকম দল নির্বাচনের সময় কোচ বা অধিনায়কের সঙ্গে পরামর্শ করতাম, তেমনই বোর্ড এখন ওই তিন সদস্যের সঙ্গে পরামর্শ করে দল ঠিক করে। নির্বাচক কমিটিতে থাকার সময় এ রকম অভিজ্ঞতা কি আপনারও হয়েছিল?ফারুক: সাবেক বোর্ড সভাপতি আলী আসগর লবী দায়িত্ব ছাড়ার সময় মানজারুল ইসলামকে (প্রয়াত) দলে নেওয়ার অনুরোধ করেছিলেন, যেটি আমরা রাখিনি। আমরা কীভাবে কাজ করেছি, সেটা বোঝার জন্য এই উদাহরণই যথেষ্ট। এ ধরনের পরিস্থিতিতে নির্বাচকদের কী করা উচিত?ফারুক: আমি হলে এ ধরনের পরিস্থিতিতে এক ঘণ্টাও কাজ করতাম না। এসব ঘটনার দায়দায়িত্ব প্রধান নির্বাচক এবং তাঁর কমিটিকেই নিতে হবে। তাদের প্রকাশ্যে বলে দেওয়া উচিত, যে দলটা ঘোষণা হচ্ছে সেটা পুরোপুরি নির্বাচকদের দল নয়। অথবা এ রকম একটা নীতিই ঠিক করে দেওয়া উচিত যে নির্বাচক কমিটি দল করবে না, তাঁদের পরামর্শ নিয়ে ৮-১০ জন বোর্ড পরিচালকই সেটা করবেন।