‘এটা হার্ড লাইন বা নরম লাইনের বিষয় নয়’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘সরকারের কাজ জনস্বার্থ রক্ষা করা এবং আইনশৃঙ্খলা বাহিনী সে দায়িত্ব পালন করছে। এটা হার্ড লাইন বা নরম লাইনের বিষয় নয়।’আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিএনপির ব্যাপারে কঠোর অবস্থান নিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধারণাটা ঠিক না।’বিএনপিকে ইঙ্গিত করে শামসুল হক টুকু বলেন, ‘যারাই আইনশৃঙ্খলা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তবে হরতালে কাউকে অহেতুক বাধা দেওয়ার সিদ্ধান্ত নেই।’ হরতালে পুলিশের কঠোর অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধীকে চাপে রাখার জন্য এটা করা হয়েছে।’শামসুল হক টুকু আরও বলেন, ‘রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। যুদ্ধাপরাধীদেরও রক্ষা করা যাবে না।’ বিএনপির মতো একটি দলের এত নেতাকে একসঙ্গে জেলে পাঠানোর মাধ্যমে সরকারের কঠোর অবস্থান রাজনীতিকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে কি না, সাংবাদিকদের এমন আশঙ্কা নাকচ করে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিএনপির কারাবন্দী নেতাদের সম্পর্কে তিনি বলেন, ‘এরা হলো হুকুমের আসামি। এদের হুকুম ছাড়া তাদের কর্মীরা এ রকম অরাজক কাজ করতে পারে না। এর দায় তাদের নিতে হবে।’