আমিনুল হকের ছায়ায় ঢাকা পড়ার পরও হাল ছাড়েননি। আমিনুল অবসর নেওয়ায় অবশেষে দলে এক নম্বর গোলরক্ষক হলেন, পেলেন অধিনায়কত্বও। নতুন এই যাত্রার প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিপ্লব ভট্টাচার্যের বাংলাদেশ। এই জয় নতুন অধিনায়ককে ছুঁয়ে যাচ্ছে আলাদা করে ম্যাচ জয়ের পরের দিনটা কেমন কাটছে?বিপ্লব ভট্টাচার্য: খুবই ভালো। এ রকম দিন আমরা কমই পাই। আজ যখন পেয়েছি, আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা ছিল অধিনায়ক হিসেবে আপনার প্রথম ম্যাচ। আনন্দটা এ জন্যই আরেকটু বেশি নয় কি?বিপ্লব: তা তো অবশ্যই। জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন কার না থাকে? ক্যারিয়ারে ১৫ বছর পেরিয়ে অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। প্রথম ম্যাচেই বড় জয় পেলাম। এটাই আমার ক্যারিয়ারের সেরা সময়। আপনি আর আমিনুল একসঙ্গে শুরু করেছেন। এই যে এত দিন আমিনুলের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন, কখনো হতাশ হতেন না?বিপ্লব: হতাশ যে হতাম না তা নয়। কিন্তু ধৈর্য হারাইনি। আমি মনে করি, এটা আমার সবচেয়ে বড় গুণ। তারই পুরস্কার পেলাম। কাল মাঠে তো বেশির ভাগ সময় দলের খেলাই দেখেছেন পোস্টের নিচে দাঁড়িয়ে। সতীর্থদের প্রতি আপনার কী নির্দেশনা ছিল?বিপ্লব: সারাক্ষণই চিৎকার করে খেলোয়াড়দের বিশেষ করে ডিফেন্ডারদের বলেছি, ম্যান মার্কিং করতে। কোচই এটা আমাকে ম্যাচের আগে বলে দিয়েছেন। তাঁর কথা ছিল, বিপ্লব সারাক্ষণ কথা বলবা। এতে সবাই মাঠে অ্যালার্ট থাকবে। কখন মনে হয়েছিল এই ম্যাচে আপনারাই জিতছেন?বিপ্লব: প্রথম মিনিটেই এমিলি যখন গোল করল, বুঝে ফেলেছি আজ আমাদের দিন। এরপর তো আর ভাবতেই হয়নি। আমার শুধু একটা জিনিস মনে হচ্ছিল, বৃষ্টিতে খেলাটা না বন্ধ হয়ে যায়। বন্ধ হলে আমাদের ক্ষতি হতো। মাঠ থেকে বেরোনোর সময় কেমন লাগছিল। বৃষ্টিতে ভিজে অনেক দর্শক খেলা দেখল...বিপ্লব: দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসার প্রমাণ গতকাল (পরশু) আবার পাওয়া গেছে। অনেক দর্শক বৃষ্টিতে ভিজেও খেলা দেখেছে। আবহাওয়া ভালো থাকলে পুরো স্টেডিয়ামই ভরা থাকত। এভাবে আমরা দেশবাসীকে জয় উপহার দিতে পারলে ফুটবলে আবার সুুদিন ফিরবে। এ জন্য ফুটবল দলের নিয়মিত জয় জরুরি। আপনার কী মনে হয়?বিপ্লব: হ্যাঁ, জাতীয় দলের ভালো রেজাল্টের বিকল্প নেই। সালাউদ্দিন ভাই ফেডারেশন সভাপতি হওয়ার পর ফুটবলাররা সব সময় মাঠেই আছে। এখন আমাদের দায়িত্ব দেশবাসীকে নিয়মিত জয় উপহার দেওয়া। তাহলে পাকিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচটায় জয় আশা করা যায়? বিপ্লব: আমরা তিন গোলে জিতেছি। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। পাকিস্তান দ্বিতীয় ম্যাচটা খেলবে ঘরের মাঠে। কন্ডিশন ওদের অনুকূলে। তা হোক, আমরা আমাদের সেরাটা খেলতে চাই। কোচের ফর্মেশন অনুযায়ী খেলোয়াড়েরা আত্মবিশ্বাস নিয়ে খেললে আশা করি ভালো রেজাল্ট নিয়ে ফিরতে পারব। আপনাদের জন্য নতুন প্রেরণা হচ্ছেন নতুন কোচ। তাঁকে কেমন দেখছেন?বিপ্লব: মাঠে নামার আগে কোচ আমাদের একটা কথাই বলেছেন—দেশের জন্য খেলো। আমাদের পতাকা ধরিয়ে শপথ করিয়েছেন, দেশের জন্য নিজেদের উজাড় করে খেলতে হবে। আমরা এক ইঞ্চি মাটিও ছাড়ব না—এই শপথ করেই মাঠে নামি।