মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স, মাঠের বাইরে সফলভাবে এশিয়া কাপ আয়োজন—সবকিছুতেই মুগ্ধ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। এত মুগ্ধতার মধ্যে অতৃপ্তি তাঁর একটাই—ফাইনালটা দুই নেত্রী কেন একই সোফায় বসে দেখলেন না! ভালো একটা টুর্নামেন্ট হলো। খুব সন্তুষ্ট নিশ্চয়ই...সৈয়দ আশরাফুল হক: খুব ভালো, খুবই ভালো হয়েছে। আমি বলব, এটাই সেরা এশিয়া কাপ। সবকিছু সফল হয়েছে। এটা ছিল এশিয়া কাপের একাদশ আসর। এর আগে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কাও এভাবেই টুর্নামেন্টটা আয়োজন করেছে। মাঠের খেলা কেমন হলো?আশরাফুল হক: খেলার মানের দিক দিয়েও এটাই সেরা এশিয়া কাপ।্রআগের এশিয়া কাপগুলোতে মনে হতো তিনটা দল খেলছে। বাংলাদেশ যেন শুধু অংশগ্রহণ করার জন্যই করত। হংকং, সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাংলাদেশ আর কারও বিপক্ষে জেতেনি। এশিয়া কাপে কখনো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারায়নি। এবার তারা দুটি টেস্ট দলকে হারিয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই খুব ভালো খেলেছে। বাংলাদেশের এই পারফরম্যান্স কি এশিয়া কাপের চমক বলবেন?আশরাফুল হক: আমি মুগ্ধ হয়েছি মাঠে ওদের শরীরী ভাষা দেখে। আগে এ রকম ছিল না। আগে বাংলাদেশ খেলত সম্মানজনক হারের জন্য। এবার খেলেছে জয়ের স্পৃহা নিয়ে। এর একটা বড় কারণ হতে পারে, একাদশ নির্বাচনে ওপর দিক থেকে কোনো হস্তক্ষেপ হয়নি, যা হওয়ার টুর্নামেন্টের আগেই হয়েছে। টুর্নামেন্ট চলাকালে ওপরের প্রভাব না থাকায় হয়তো দলের মানসিকতা ইতিবাচক ছিল। এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় চলে গেল। এটা ধরে রাখতে কী করা উচিত?আশরাফুল হক: আরও বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত। দল নির্বাচনে হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করতে হবে। ক্রিকেট ক্রিকেটাররা খেলবে, ক্রিকেটাররা চালাবে। ওপর থেকে হস্তক্ষেপ হলে ক্রিকেটের ক্ষতিই হবে। আমি মনে করি, পেশাদারদের দিয়েই ক্রিকেট চালানো উচিত। আপনি যখন একটা নির্বাচক কমিটি করবেন, কোচ নেবেন; তখন তাঁদের হাতেই সব ছেড়ে দিতে হবে। আপনি শুধু তাঁদের লজিস্টিক সাপোর্ট দেবেন। এখানে দল নির্বাচনের আগেও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সলাপরামর্শ করা আবশ্যক নির্বাচকদের। টেকনিক্যাল কমিটির সঙ্গে বসতে হয়। এটা কতটা যৌক্তিক?আশরাফুল হক: আমার যতটুকু অভিজ্ঞতা, কোনো দেশে মনে হয় না এটা আছে। কোনো দেশই দল নির্বাচনে হস্তক্ষেপ করে না। দল নির্বাচন করেন বিশেষজ্ঞরা। এতে তৃতীয় কারও হস্তক্ষেপ নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। ফাইনালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে একসঙ্গে মাঠে পেলেন। এটা কি নতুন অভিজ্ঞতা?আশরাফুল হক: এটা খুবই ভালো। তবে ব্যক্তিগতভাবে আরও খুশি হতাম মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী একই কামরায় একই সোফায় বসে খেলা দেখলে। একসঙ্গে তালি দিলে ইতিবাচক হতো। বাংলাদেশ দল সবার। নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা ব্যক্তির নয়। একটা দেশের দলকে পুরো দেশই সমর্থন করে। ক্রিকেট অনেক সময় কূটনৈতিক ভূমিকাও রাখে। বাংলাদেশের রাজনীতিতে কি সেই সুযোগ আছে বলে মনে হয়?আশরাফুল হক: এটা ভালো, সবাই মাঠে গেছেন। ক্রিকেট মানুষকে একতাবদ্ধ করে। ক্রিকেটকে কূটনীতিতে ব্যবহার করা যায়। ভারত-পাকিস্তান সম্পর্কের মতো অনেক ক্ষেত্রেই এটা হয়েছে। আমার বিশ্বাস, বাংলাদেশের নেতা-নেত্রীদের একতাবদ্ধ করার ক্ষেত্রে ক্রিকেটকে ব্যবহার করার এটা বিরাট সুযোগ ছিল।