‘এটার একটা আলাদা মজা আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কত্ব ছাড়ার পরের দুই ম্যাচে করেছেন ৫৭ ও অপরাজিত ৩৮। কাল করলেন অপরাজিত ৪৯। সিলেট রয়্যালসের বিপক্ষে দুরন্ত রাজশাহীকে জেতালেন সামনে থেকে। ‘ফিনিশার’ হিসেবে নিজের নতুন পরিচয়ে আনন্দ পাচ্ছেন জহুরুল ইসলামও অধিনায়কত্বের চাপমুক্ত হয়ে পর পর তিন ম্যাচেই ভালো খেললেন। কেমন লাগছে?জহুরুল ইসলাম: আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসলে অধিনায়কত্বটা একটু চাপই মনে হচ্ছিল। তবে এটা আমার জন্য অনেক কিছু শেখার ছিল। এখন হয়তো মাথাটা একটু খুলেছে, ম্যাচে নেমে হিসাবটাও ভালো করতে পারছি। আপনার কি মনে হয় অধিনায়কত্ব ছাড়াতেই এত সাবলীল ব্যাটিং করতে পারছেন?জহুরুল: না, অধিনায়কত্ব ছাড়াটা ব্যাপার না। তবে তখন হয়তো ব্যাটিংয়ে নেমেও চিন্তা করেছি আমার ওপর বেশি দায়িত্ব, ম্যাচটা শেষ করতে হবে। হয়তো এসব চিন্তায় শরীর ওভাবে কাজ করছিল না। অধিনায়কত্ব ছাড়ার পর মনে হলো আমার দায়িত্বটা একটু কম, কাপুগেদারার বেশি। রাজশাহী কি রান তাড়া করতেই বেশি পছন্দ করে?জহুরুল: আমাদের উইকেট খুব ফ্ল্যাট। আগে ব্যাটিং করলে অনুমান করা যায় না, কত রান করলে জেতা যাবে। কিন্তু রান তাড়া করলে একটা টার্গেট থাকে। কত ওভারে কত রান করব, কোন বোলারকে বেছে নেব...। আগে ব্যাটিং করলে উইকেট ওভাবে বোঝা যায় না। মিরপুরের উইকেটে তাই রান তাড়া করাই ভালো। নিজেকে ঠিক ফিনিশার মনে করেন না আপনি। কিন্তু আজ তো শেষ পর্যন্ত থাকলেন...জহুরুল: এটা আসলে অভ্যাসের ব্যাপার। আমি এই পরিস্থিতিতে খুব কম খেলেছি। আমার মধ্যে এই অভ্যাসটা কম। গত ম্যাচে অপরাজিত থাকার পর মনে হলো এটার একটা আলাদা মজা আছে। ওইটাই আবার করে দেখানোর ইচ্ছা জাগল। তরুণ দুই বোলার তাইজুল ইসলাম আর নাঈম জুনিয়রকে অনেক সুযোগ দিচ্ছেন আপনারা। তাদের ওপর এই আস্থার কারণ কী?জহুরুল: প্রথম কয়েকটা ম্যাচে তারা খুব ভালো বোলিং করেছে। কেউ হয়তো আশা করেনি এত কম বয়সের দুইটা ছেলে এ রকম চাপের একটা টুর্নামেন্টে এত ভালো খেলবে। ওদের নামও কেউ জানে না। তবে আমরা তাদের চিনি। রাজশাহী বিভাগীয় দলে আমাদের সঙ্গে অনেক দিন ধরে প্র্যাকটিস করে। ওদের ওপর আমাদের আস্থা আছে। বড় টুর্নামেন্ট, হয়তো একটা ম্যাচই তাদের জীবন বদলে দেবে। তামিম ব্যাটিং না করায় কি বাড়তি কোনো চাপ ছিল দলের ওপর?জহুরুল: হ্যাঁ, প্রথম থেকেই মাথায় ছিল আমরা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছি। আমাকে একবার বলা হয়েছিল ওয়ান ডাউনে খেলার জন্য। কিন্তু আমি যেহেতু দুইটা ম্যাচে টু ডাউনে খেলেছি, ওই জায়গার ব্যাটিংয়ে আমার অভ্যস্ততা তৈরি হয়েছে। সে কারণে কাপুগেদারাকে ওয়ান ডাউনে দিয়ে ব্যাটিং অর্ডারটাকে লম্বা করেছি। তামিমের অভাব বুঝতে পেরেছি। তবে এ ম্যাচে আমরা খুব সৌভাগ্যবান ছিলাম। ফিনিশিংটা মুক্তারের মাধ্যমে হয়ে গেছে। মুক্তারের ব্যাটিং কেমন লাগল?জহুরুল: এটা ওর কাছে প্রত্যাশিত। গত বছর ভিক্টোরিয়ায় ওর সঙ্গে খেলেছি। এ রকম দুইটা ম্যাচ উইনিং ইনিংস সে খেলেছে। আমি সব সময় বিশ্বাস করি, শেষে গিয়ে আমি যে কাজটা করতে পারব না হয়তো বা সে সেটা করতে পারবে। সে জন্যই ওকে সুযোগ দিচ্ছিলাম। নইলে আমিও চেষ্টা করতাম।