পরিবার থেকে দূরে ছিলেন বলে ঈদের আনন্দটা সেভাবে উপভোগ করা হয়নি। মিরপুর ক্রীড়াপল্লীর ক্যাম্পেই ঈদের সময়টা কাটল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। ১৪ নভেম্বর ঢাকায় শুরু মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব, আর তাতে ভালো করার আশাতেই এই ত্যাগ—বললেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন ঈদ কেমন কাটল?সালমা খাতুন: কেটেছে একরকম। আমরা কেউ বাসায় যেতে পারিনি। ক্রীড়াপল্লীতেই ছিলাম। ঈদের দিন বিকেলে হোটেলে উঠেছি। পরিবার ছেড়ে ঈদ কি এবারই প্রথম?সালমা: এবারই প্রথম নয়। গত বছর কোরবানির ঈদের সময় আমরা গুয়াংজু এশিয়ান গেমসে ছিলাম। তখনো সবাই মিলে আড্ডা আর গল্প করে সময়টা কাটিয়েছি। নিজেরা অনেক মজা করেছি। এবারও তাই। তাহলে তো মন খুব খারাপ থাকার কারণ ঘটেনি...সালমা: দেশের জন্য খেলা, এটুকু ত্যাগ তো করতেই হবে। তবে বাড়ির সবার সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। সেটা মিস করেছি। খেলা তো এসে গেল। ১৪ নভেম্বর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ।সালমা: হ্যাঁ, আর সময় নেই। খেলা নিয়েই ভাবছি। অনুশীলন চালিয়ে যাচ্ছি। এখানে বলে রাখি, যেহেতু দেশেই আছি তাই চাইলে আমরা ঈদে বাড়ি যেতে পারতাম। কিন্তু নিজেরাই ছুটি চাইনি। এই সময়টা সবার একসঙ্গে থাকাটা জরুরি মনে করেছি। আপনারা তো অনেক দিন থেকেই একসঙ্গে আছেন। মাঝে ভারত, শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচও খেলে এলেন...সালমা: আমরা ১৮ জনের দল থেকে এখন ১৪ জনের দলে পরিণত হয়েছি। বেশ কিছুদিন থেকে একসঙ্গে থাকায় আমাদের মধ্যে বোঝাপড়াটা আরও ভালো হয়েছে। ক্যাম্পে থাকলে এই দিকটায়ও অনেক উন্নতি হয়। ভালো খেলার জন্য এটা খুব দরকারও। ভারত-শ্রীলঙ্কায় ম্যাচ খেলেও আমরা অনেক উপকৃত হয়েছি। এই দুটি সফরে আপনার অভিজ্ঞতা কী?সালমা: দারুণ অভিজ্ঞতা। আসলে যত আপনি ম্যাচ খেলবেন, ততই এগিয়ে যাবেন। ম্যাচ খেলার তো কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কায় তিনটি ম্যাচেই হেরে গেলেও আমরা অনেক ভালো খেলেছি। ভারতে দুটি ম্যাচেই পাওয়া জয় থেকেও শেখার ছিল অনেক। মজার কোনো ঘটনা মনে পড়ছে? সালমা: (কিছুক্ষণ ভেবে) অনেক ঘটনাই আছে। তবে এ মুহূর্তে মনে আসছে না। একটা কথা বলতে পারি, শ্রীলঙ্কার সঙ্গে আগে দুটি ম্যাচ খেলে হেরেছিলাম। ওরা অনেক বছর থেকেই মহিলা ক্রিকেটে আছে। এখন আরও উন্নতি করেছে। নবীন হিসেবে আমাদেরও ভালো অগ্রগতি হয়েছে। এমনিতে আপনার দলের অবস্থা এখন কেমন? বিশ্বকাপ বাছাইয়ে লক্ষ্য কী?সালমা: আমার দলের অবস্থা ভালো। আগের চেয়ে আমরা এগিয়েছি অনেক। সবাই মিলে চেষ্টা করলে বিশ্বকাপ বাছাইয়ে আশা করি ভালো কিছু করতে পারব। দেশের মাটিতে খেলা। এটা আমাদের জন্য বাড়তি প্রেরণা। দেশবাসীকে ভালো খেলা উপহার দিতে চাই আমরা। তার পরও সুনির্দিষ্ট লক্ষ্য কী থাকবে?সালমা: যতটা সম্ভব ভালো করাই লক্ষ্য। প্রথমে চাইব, সুপার সিক্সটা নিশ্চিত করতে। সেটি কঠিন কিছু নয়। আগেই বলেছি, সবাই মিলে লড়ব আমরা। পাকিস্তানের সঙ্গে ম্যাচের পরদিন ১৫ নভেম্বর জাপানের সঙ্গে বিকেএপপিতে দ্বিতীয় ম্যাচ আমাদের। ১৮ তারিখে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ২০ তারিখে ওয়েস্ট ইন্ডিজ। আপাতত চারটি গ্রুপ ম্যাচ নিয়েই আমরা ভাবছি। আপনার দলের শক্তিশালী দিকটা কোনটি?সালমা: ব্যাটিং-বোলিং ভালো। তবে আমার মনে হয়, আলাদা গুরুত্ব দিয়ে ফিল্ডিংয়ে আরও কাজ করতে হবে। তিনটি বিভাগেই সমানভাবে ভালো করতে চাই আমরা।