‘এটে কোনা ডাক্তার নাই’
‘বাবা অনেক দিন থাকি হামরা তো এটে চিকিৎসা নিবার আসি। কিন্তু কোনো দিন তো ডাক্তার দেখনো না। খালি কাদের স্যার হামার ভালো-মন্দের কথা শুনে, ঔষধ দেয়।’ তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা নিতে আসা জদ্দিপাড়া গ্রামের আসমা খাতুন (৩২) এ কথা বললেন। কুর্শা আদর্শ গ্রামের দিনমজুর শামছুল হকের স্ত্রী আফরোজা খাতুন (৩২) বলেন, ‘হামরা গরিব মানুষ, টাকা দিয়া ঔষধ কিনবার পারি না। তাই এটে থাকি যা দেয়ছে, তাকে নিয়া যাইছি।’ কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, এ স্বাস্থ্যকেন্দ্রটি অনিয়মের পাশাপাশি নানা সমস্যায় জর্জড়িত। চিকিৎসকের অভাবে এ ইউনিয়নের ২০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা সদরে স্থাপিত এ স্বাস্থ্য উপকেন্দ্রটিতে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন পিয়ন, একজন আয়া থাকার কথা। বর্তমানে কর্মরত আছেন কেবল ফার্মাসিস্ট।৩১ মে বেলা ১১টায় এ স্বাস্থ্য উপকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেন্দ্রটির দরজা-জানালা ভেঙে গেছে। ভবনের ঘরের টিনে বড় বড় ছিদ্র হয়েছে। অধিকাংশ কক্ষে মাকড়সার জাল তৈরি হয়েছে। আসবাবপত্রের ওপর পড়েছে ধুলো-ময়লা। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। চিকিৎসকের আবাসিক ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবাসিক ভবনের ছাদের পলেস্তার খসে লোহার রড বের হয়ে পড়েছে। ফার্মাসিস্ট আবদুল কাদের বলেন, ‘এখানে প্রতিদিন ১০০-১৫০ জন রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু চিকিৎসক না থাকায় আমাকে এসব রোগী দেখতে হয়। তা ছাড়া এখানে বাস করার মতো কোনো পরিবেশ নেই। স্বাস্থ্যকেন্দ্রটির দরজা-জানালা ভেঙে পড়েছে। টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে। পানি নেই, বিদ্যুৎ নেই। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে এখানে আমাদের কাজ করতে হচ্ছে।’কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ‘এত বড় একটা হাসপাতাল কিন্তু সেখানে চিকিৎসক না থাকার বিষয়টি দুঃখজনক। চিকিৎসকের অভাবে বিশেষ করে মহিলারা নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। এবারে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় স্বাস্থ্যকেন্দ্রটির এ সমস্যা এবং অব্যবস্থাপনার বিষয়টি উপস্থাপন করব।’ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শুধু এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নয়, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসক ও কর্মচারীর সংকট চলছে। আবাসিক কোয়ার্টারগুলোয় বসবাসের সুযোগ-সুবিধা না থাকায় সেখানে বেশির ভাগ চিকিৎসক ও কর্মচারী থাকতে চান না। বিষয়টি মাঝেমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাতে কাজ কিছুই হয় না।