‘এত কষ্ট আর সহা যায় না’
১০-১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বয়স্কভাতা নিতে দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বয়স্ক লোকেরা। ভ্যানভাড়া ও অন্যান্য খাতেই তাঁদের ১২০ থেকে ১৫০ টাকা চলে যায়। এ ছাড়া কাকডাকা ভোরে বাড়ি থেকে বের হয়ে ব্যাংকে এসে অপেক্ষা করতে হয় দিনভর। বয়স্কভাতা নিয়ে বাড়ি ফিরতে বেশির ভাগ ক্ষেত্রেই অনেক রাত হয়ে যায়। বয়স্ক পুরুষ-মহিলাদের অনেকে চোখে দেখেন না, হাঁটতে পারেন না। আবার কেউ কেউ আসেন একেবারে ভ্যানে শুয়ে। ওই সব নিরীহ অসহায় লোকের একটাই দাবি—‘হামাক বাঁচাও, হামার বাড়ির গোরোত লেগাহেনে বয়স্কভাতা দিবার ব্যবস্থা করে দেও।’গত ২১ ও ২২ ডিসেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পীরগঞ্জ শাখায় ৭ নম্বর হাজিপুর ও ৮ নম্বর দৌলতপুর ইউনিয়নের বয়স্কদের ভাতা দেওয়া হয়। প্রায় ১৬ কিলোমিটার দূরবর্তী গ্রাম সিন্দাগড় থেকে ২১ ডিসেম্বর ব্যাংকের সামনে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন ভাতা নিতে আসা খয়রাত আলী (৯০)। তিনি বলেন, ‘ভ্যানত যাইতে আইসতে ১২০ টাকা খরচ ফের দিনডা শেষ, নি খায় থাকেহেনে জানডা বাহির হয় যাহা।’ উপজেলা সমাজসেবা দপ্তর সূত্রে জানা গেছে, গত ২১ ও ২২ ডিসেম্বর রাকাব পীরগঞ্জ শাখার মাধ্যমে হাজিপুর এবং দৌলতপুর ইউনিয়নের বয়স্কভাতা দেওয়া হয়। ইউনিয়নের কোনো সুবিধাজনক স্থানে বয়স্কভাতা দেওয়ার ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ময়নুল হক বলেন, ‘হাজিপুর ইউনিয়নে গিয়ে বয়স্কভাতা দেওয়ার ব্যাপারে আমি একটি পদক্ষেপ নেওয়ার চিন্তা করছি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব আশা করি।’রাকাব পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক শামসুল হক শাহ বলেন, ‘আমাদের ব্যাংকে লোকবল কম থাকায় অসুবিধার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। গ্রামে গিয়ে বয়স্কভাতা দিতে গেলে লোকবল সংকটের কথাটাও মাথায় রাখতে হবে।’