‘এত নীচুমনা মানুষ রাজনীতিবিদ হওয়ার উপযুক্ত নয়’
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচকদের ‘নীচু মনা’ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এত নীচু মনা মানুষ রাজনীতিবিদ হওয়ার উপযুক্ত নয়।’আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। ফারাক্কার লংমার্চের ৩৬তম বার্ষিকী উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, ড. ইউনুস ও ফজলে হাসান আবেদ নিজ গুণ ও সফলতার কারণে আজ বিশ্বব্যাপী পরিচিত। তাঁদের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনার জীবনে তাঁদের অর্জনটা করতে পেরেছেন কি না?’ তিনি বলেন, ‘আমরা সৈয়দ আশরাফ ও দিলীপ বড়ুয়াকে চিনি। আমরা আমাদেরও চিনি। এসব ব্যক্তি সম্পর্কে বলার কোনো যোগ্যতা আপনাদের নেই।’মওদুদ বলেন, যেসব মন্ত্রী তাঁদের বিরুদ্ধে যা-তা বলছেন, এতে তাঁদের এতটুকু সম্মান কমবে না। কারণ, তাঁদের তুলনায় আপনাদের কোনো স্থান নেই।বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি তো এসব ব্যক্তির সমালোচনা করার কথাও কল্পনাও করতে পারি না। কারণ, আমি তাঁদের পায়ের তুল্যও নই।’দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের উদ্দেশে মওদুদ বলেন, সংঘাত এড়াতে চাইলে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় বসুন। না বসলে বাংলাদেশ সংঘাতের দিকে এগিয়ে যাবে। একপর্যায়ে সংঘাত এড়ানো অসম্ভব হয়ে পড়বে। এতে ক্ষমতাসীনেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, এনডিপির সভাপতি গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা বক্তব্য দেন।