একজন খেলোয়াড়ের জীবনে দুঃসময় আসতেই পারে। তবে মিঠুন চৌধুরী জানেন না কবে তাঁর দুঃসময়ের রাত পোহাবে। এবারের পেশাদার ফুটবল লিগের ১০টি ম্যাচ খেলে ফেলেছেন। অথচ গোলের খাতা খুলতে পারেননি! বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল আবাহনীর বিপক্ষে ম্যাচের পর মুক্তিযোদ্ধার স্ট্রাইকার হতাশা নিয়েই ফিরলেন ক্লাবে আজও গোল পেলেন না। ১০টি ম্যাচ চলে গেল...মিঠুন চৌধুরী: কী করব বলেন। গোল করার সব চেষ্টাই করছি। কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। গোল এখন আমার কাছে সোনার হরিণ। ভীষণ কষ্ট লাগছে। আপনি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। অথচ আপনার নামের পাশে এখনো লিগে গোলই নেই! এমন হবে ভাবতে পেরেছিলেন?মিঠুন: কখনো ভাবতে পারিনি এমন হবে। এখন পর্যন্ত এই লিগে আমার তিনটা শট বারে লেগেছে। বল পোস্টে মারছি, দেখা গেল কোনো না কোনোভাবে সেভ হয়ে যাচ্ছে। আসলে গোল পেতে ভাগ্যও লাগে। কোচ সব ম্যাচেই আপনাকে সুযোগ দিচ্ছে। এভাবে কোচ আর কত দিন সুযোগ দেবেন?মিঠুন: কোচের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে ৮টি ম্যাচ একাদশে রেখেছেন। আজ এবং আরও একটি ম্যাচে বদলি হিসেবে নেমেছি। গোল না পাওয়ায় আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। তবে আশা করি, একটা গোল পেলে আর পেছনে তাকাতে হবে না। দেশের অন্য অনেক স্ট্রাইকারই গোল না পাওয়ার কারণ হিসেবে বলেন, কোচ নিচে নামিয়ে খেলান। বিদেশিরাই মূল স্ট্রাইকার। আপনার ক্ষেত্রে এটা বলার সুযোগ আছে?মিঠুন: এটা নিয়ে আমার কোনো কথা নেই। টিম কম্বিনেশনে কখনো ডানে, কখনো বাঁয়ে বা স্ট্রাইকিংয়ে খেলি। পজিশন কোনো ব্যাপার নয়। আসলে হচ্ছে না। কী কারণে হচ্ছে না, সেটাও বুঝতে পারছি না। প্রথম তিনটি পেশাদার লিগের প্রতিটিতেই ১০ গোল করেছেন। গত লিগে ১৭ গোল নিয়ে ছিলেন দ্বিতীয় সেরা গোলদাতা। কী মনে হয়, ঘুরে দাঁড়াতে পারবেন?মিঠুন: দেখা যাক, সামনে কী হয়। এমনিতে অনুশীলনে সবকিছু হচ্ছে। কিন্তু ম্যাচে হচ্ছে না। স্ট্রাইকার হিসেবে এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। একটা-দুটি ম্যাচ খারাপ হতে পারে। তাই বলে দশটা ম্যাচ! আমার ফুটবল জীবনে এত বাজে সময় আর আসেনি। বোঝাই যাচ্ছে, আপনি খুব কষ্টে আছেন। তা সব মিলিয়ে কীভাবে কাটছে সময়? মিঠুন: মনটা খারাপ থাকে সব সময়। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কোচও হতাশ। অনুশীলনে দেখছেন সব ঠিক আছে আমার। অথচ মাঠে গিয়ে সব পাল্টে যায়। মুক্তিযোদ্ধায় আপনার সতীর্থ স্ট্রাইকার এমিলি গোল পেয়েছেন মাত্র চারটি। এই যে আপনাদের দুঃসময় যাচ্ছে। এটা কি জাতীয় দলের জন্যই দুঃসংবাদ নয়? মিঠুন: আমি মনে করি, ক্লাব আর জাতীয় দল এক নয়। দেশের জার্সি পরে মাঠে নামলে ভুলে যাই আমি কোন ক্লাবের খেলোয়াড়। আবার নতুন করে সব শুরু করি তখন। সে জন্যই বলব, ক্লাবের হয়ে আমার খারাপ সময় গেলেও জাতীয় দলে এটার প্রভাব পড়বে না। ঢাকার বাইরে খেপ খেলতে যাওয়ার কারণে আপনি ও এমিলি শাস্তি পেয়েছিলেন। সেটির কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন নিজের এই দুঃসময়ে?মিঠুন: ওই ঘটনা তো শেষ। ওটার প্রভাব পড়ছে না বলেই মনে হচ্ছে। গত রাতেও চিন্তা করেছি, আগের ম্যাচগুলোয় যা-ই ঘটুক, আবাহনীর বিপক্ষে গোল করে পেছনের সবকিছু ধুয়েমুছে ফেলব। এ চিন্তায় গত কয়েকটা রাতে ভালো ঘুমও হয়নি। পরিবারের সবাই বলছে, চেষ্টা করে যাও, গোল পাবে। সেই আশায় আছি।