১৯৯৭ সালে তাঁর নেতৃত্বেই কেনিয়াকে হারিয়ে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ দল। বর্তমানে জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়টাকে আকরাম খান বলছেন কল্পনাতীত ৪-০-তে সিরিজ জিতল বাংলাদেশ। নির্বাচক হিসেবে কেমন লাগছে?আকরাম খান: অনেক...অনেক...অনেক ভালো। সত্যি কথা বলতে, আমার বিশ্বাস ছিল বাংলাদেশ ভালো খেলবে। কিন্তু সেটা যে এতটা ভালো, এত চমৎকার পারফরম্যান্স করবে দু-একজন, সেটা কল্পনাও করিনি। বুঝতেই পারছেন কত ভালো লাগছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এ রকমই একটা কিছু দরকার ছিল। প্রতিটি জায়গায়ই অসাধারণ পারফরম্যান্স হয়েছে। সিরিজের আগে নিশ্চয়ই একটা লক্ষ্য ছিল আপনাদের। ঠিক কী ধরনের ফলাফল আশা করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে?আকরাম: নির্বাচক হিসেবে আমি চেয়েছিলাম বাংলাদেশের পারফরম্যান্সের উন্নতি হোক। দল জিতুক বা হারুক আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি সব সময় চাই, ধারাবাহিকতাটা যেন থাকে। এই প্রথম পর পর চারটা ম্যাচে অন্তত বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে। নিউজিল্যান্ড একটা ম্যাচও জিততে পারল না! ৪-০-তে সিরিজ জয়ের পেছনে আর কী রহস্য লুকিয়ে?আকরাম: পুরো দলই দুর্দান্ত খেলেছে। বিশেষ করে সাকিব। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুতেই তার অসামান্য অবদান। সঙ্গে বোলার এবং ফিল্ডারদের চমৎকার পারফরম্যান্স—সব মিলিয়েই আসলে এই সাফল্য। তবে ব্যাটিং নিয়ে আমি চিন্তিত। এখানে আরও উন্নতি করতে হবে। আপনার নেতৃত্বে ১৯৯৭ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে জয় পেয়েছিল। আর এবার পূর্ণশক্তির কোনো বড় দলকে প্রথম হোয়াইটওয়াশ করল। দুটি জয়ের তুলনা করবেন কীভাবে?আকরাম: আসলে যখন যে জয়টা আসে, তখন ওটা ছাড়া আর কিছু নিয়ে চিন্তা হয় না। একটা সময় আইসিসি জয়ের আনন্দটাই সবচেয়ে বেশি ছিল। এরপর মনে হলো ১৯৯৯-এর বিশ্বকাপে ভালো খেলাটাই বোধহয় সব। প্রতিটা জয়ই অনেক আনন্দের। তবে এবারের আনন্দটাই বেশি। ভালো হবে বিশ্বাস ছিল, কিন্তু হোয়াইটওয়াশ যে করব, এটা কল্পনায়ও ছিল না। এই অনুভূতি অসাধারণ। মাঠের পারফরম্যান্সের বাইরে সিরিজ-জয়ী এই দলটার ভেতর আর কোনো বিশেষ কিছু কি দেখছেন?আকরাম: অসম্ভব আত্মবিশ্বাসী মনে হচ্ছে দলটাকে। যেকোনো সিরিজে একটা ম্যাচ জেতার পরই এই জিনিসটা চলে আসে দলের মধ্যে। দুটি দল একই রকম আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করলেও প্রথম ম্যাচে যে দল জেতে, তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। হারা দলের কমে যায়। এই সিরিজেও প্রথম ম্যাচ জেতার পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। মাশরাফি, আশরাফুল, তামিমকে ছাড়াও এত বড় সাফল্য পেল বাংলাদেশ। এই ব্যাপারটা কীভাবে দেখছেন?আকরাম: এটা অনেক বড় একটা ইতিবাচক দিক। আগে দেখা যেত আমরা এক-দুজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল থাকতাম। ওরা ভালো খেললে সবার আত্মবিশ্বাস থাকত, ভালো না খেললে ধস নামত। এটা থেকে এখন আমরা সরে এসেছি। সবচেয়ে বড় কথা, এই সিরিজে যে তিনজন ভালো খেলোয়াড় দলে ছিল না, এটা আমরা বুঝতেই পারিনি। দলে একটা প্রতিদ্বন্দ্বিতাও শুরু হয়েছে। এটাও ইতিবাচক দিক। সন্দেহ নেই, বাংলাদেশের ক্রিকেটে এই জয় একটা মাইলফলক হয়ে থাকবে। এখান থেকে আরও সামনে এগোতে কী করতে হবে?আকরাম: আমাদের ব্যাটিংটা আরও ভালো হওয়া দরকার। ফিল্ডিং আর বোলিং তখনই ভালো হবে, যখন ব্যাটিং ভালো হবে। এই সিরিজ আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সামনে ঘরোয়া ক্রিকেট এবং জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটা সিরিজ আছে। এই দুটি জায়গায় ভালো খেলতে পারলে বিশ্বকাপের আগে নিশ্চিতভাবেই আমরা আরও বেশি আত্মবিশ্বাসী থাকব।