‘এত্তোবড় জোয়ার মোর জীবনে দেহি নায়’
বরগুনাসহ দেশের উপকূলভাগে ৬ থেকে ৯ অক্টোবর চার দিনের জলোচ্ছ্বাসকে অস্বাভাবিক ও উপকূলের মানুষের জন্য নতুন অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই চার দিনের জলস্ফীতি ছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের চেয়েও অধিক উচ্চতর। ‘বাবা মোর জন্মে এত্তোবড় জোয়ার আর দেহি নায়। কত্তো বইন্নাইতো এই জীবনে দেখছি। এই ধরেন ১৯৬১, ১৯৬৫ সনের পানি বইন্না (জলোচ্ছ্বাস), ১৯৭০ সালের বইন্না, হ্যারপর সিডর, আইলাও দ্যাখলাম কিন্তু আমবইস্যা-পূর্ণিমায় এতো নদীতে এমন জোয়ারের চাপ জীবনে কোনোদিন দেহি নায়। মোনে অয় দুনিয়াডা শ্যাষ অইয়্যা আইছে, নদী-সাগরেই মোগো বিনাশ অইবে মোনে অয়’। পাথরঘাটার বলেশ্বর তীরের গ্রাম ছোট টেংরার খানজাহান আলী (৮৫) এভাবেই উপকূলে অস্বাভাবিক জলস্ফীতিতে আশঙ্কা প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কথা এই বৃদ্ধের কানে না পৌঁছলেও তিনি তাঁর বয়সের অভিজ্ঞতা দিয়ে আঁচ করতে পারছেন দেশের আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আবহাওয়ার এই অস্থিরতায় তাঁর মধ্যেও এক ধরনের শঙ্কার সৃষ্টি করেছে। পাথরঘাটার বাদুড়তলা গ্রামের কৃষক শাহজাহান আকন (৬০) শ্লোকের সুরে বলছিলেন, ‘আশ্বিনের আষ্ট (আট), অঘ্রাণের আষ্ট এরমধ্যে ধান না হইলে সেটা হয় কাষ্ট’। তিনি জানান, আশ্বিনের আট থেকে অঘ্রাণের আট তারিখ পর্যন্ত বৃষ্টি অইলে ধানের গর্ভ ও বেড়ে ওঠা ব্যাহত হয়। ফলে ধানের উৎপাদন কমে যায়। বর্তমানে আবহাওয়ার যে অবস্থা তাতে কৃষি কাজের জন্য মোটেই আর অনুকূল পরিবেশ নেই। ২৭ অক্টোবর সরেজমিনে বরগুনার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলে এমন শঙ্কার কথাই জানা গেল। গত মঙ্গলবার থেকে অমাবস্যাজনিত কারণে বরগুনাসহ উপকূলীয় এলাকায় যে জলস্ফীতি হয়, তা এ পর্যন্ত কখনোই হয়নি বলে তাঁরা মনে করছেন। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের স্কুলশিক্ষক আনসার উদ্দিন বলেন, ‘এই জেলার মধ্যে সবচেয়ে সুরক্ষিত এলাকা হচ্ছে এই গ্রামটি। বিগত দিনে কোনো দিনই এই গ্রামে জলোচ্ছ্বাস হয়নি। কিন্তু এবার এই গ্রামের ফসলি জমি ছাড়াও সব বাড়িঘর দুই-তিন ফুট পানিতে প্লাবিত হয়।’ সদরের বালিয়াতলী ইউনিয়নের ফালিসাতলী গ্রামের বাসিন্দা মমতাজ গাজী (৬৫) বলেন, ‘সিডর ও আইলায়ও আমাগো বানের উপরে দিয়া জোয়ারের পানি ভিতরে ঢোকে নায়। এই বার বানের উপরে দিয়া মোনে অয় হোত (স্রোত) চলছে। যে অবস্থা হ্যাতে এই বান মোগো আর রক্ষা করতে পারবে না, আগের চাইতে গাঙ্গের পানি অনেক ফুইল্লা ওঠছে।’এই গ্রামেরই আ. খবির মজলিস (৬০) বলেন, ‘মোগো জীবনে এমন জোয়ার আর দেহি নায়। সামনে যে কি করুণ দশা আছে কইতে পারি না।’আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলী গ্রামের মন্নান বয়াতী (৭০) এমন শঙ্কার কথা জানিয়ে বলেন, ‘এই মৌসুমে চাইরবার আমনের বীজতলা করছি, একবারও রাখতে পারি নায়। সবজি খেত করছিলাম হেইয়াও শ্যাষ। গত চাইর বছর ধইর্যা কোনো ধানই পাই না। মোগো মোনে অয় বাঁচনের কোনো উপায় নাই।’ বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এবারের জলোচ্ছ্বাস আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। কারণ আমরা যে এলাকায় যাচ্ছি, সেখানেই মানুষের অতীত অভিজ্ঞতা থেকে যে তথ্য পাচ্ছি, তা হচ্ছে এমন উচ্চতার জোয়ার কখনো এই এলাকায় হয়নি। এর পেছনে দুটি কারণ থাকতে পারে প্রথমত, পানির স্তর ওপরে উঠে যাওয়া, দ্বিতীয়ত, সমুদ্রতলদেশের উচ্চতা বৃদ্ধিজনিত কারণ। বরগুনায় এখন আর সুরক্ষিত বা নিরাপদ বলে কোনো এলাকা নেই। এবার সেটা প্রমাণ হয়েছে।’ পাউবোর কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় আইলার সময় এই এলাকায় জলস্ফীতি ছিল তিন দশমিক পাঁচ মিটার। কিন্তু এবার জোয়ারের স্ফীতি ঘূর্ণিঝড় আইলাকেও ছাড়িয়ে দাঁড়ায় তিন দশমিক ছয় মিটার। পাউবোর জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী প্রথম আলোকে বলেন, ‘উপকূলের নদ-নদীতে জলস্ফীতির গতি-প্রকৃতি খুবই উদ্বেগের বিষয়। কারণ অমাবস্যা-পূর্ণিমায় বরাবরই উপকূলে বায়ু প্রবাহ অনেকটা বৃদ্ধি পায়। কিন্তু বায়ুতাড়িত হয়ে এমন জলোচ্ছ্বাসের নজির আমাদের পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডে নেই। উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের উচ্চতা গড়ে চার ফুট। এটা ১০ বছর আগেও ছিল তিন ফুট। সে হিসাবে এই এলাকার বাঁধগুলো সর্বোচ্চ পাঁচ ফুট উচ্চতায় নির্মাণ করা হয়েছিল। কিন্তু এবার জোয়ারের উচ্চতা এতটাই ছিল যে এই বাঁধ উপচে আমাদের সুরক্ষা ব্যুহে পানি ঢুকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বাঁধগুলোর আরও কমপক্ষে পাঁচ ফুট বাড়ানো দরকার। এ সংক্রান্ত সুপারিশ ও নকশা আমরা বেশ কিছুদিন আগে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।