গত এসএ গেমসের পর থেকেই কোচবিহীন বাংলাদেশের সাঁতার। কোরীয় কোচ পার্ক তে গুনের চলে যাওয়ার পর ১০ মে খণ্ডকালীন দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন ভারতের কোচ রাজীব দে। মূলত এসএ গেমসের জন্যই তাঁকে এনেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে মাহফিজার রহমানের অলিম্পিক প্রস্তুতিতেও তিনি সাহায্য করবেন কেমন লাগছে ঢাকা?রাজীব দে: খুবই ভালো লাগছে। ভারত-বাংলাদেশের মধ্যে তো তেমন পার্থক্য নেই। প্রথমবারের মতো বাংলাদেশে এলেও মনে হচ্ছে যেন দেশেই আছি। দুই দিন অনুশীলন করিয়ে কেমন মনে হচ্ছে সাঁতারুদের?রাজীব: মনে হচ্ছে তো ভালোই। সাগর (মাহফিজার রহমান) অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে। ওকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছি। ও ছাড়াও কিছু তরুণ ছেলে আছে ক্যাম্পে, ওরাও ভালো। আমার এই দুই দিনের পর্যবেক্ষণে বলছি এত কম সুযোগ-সুবিধা পেয়ে যে পারফরম্যান্স করছে সেটা অনেক বেশি দিচ্ছে। আমি দেখেছি ওদের মধ্যে শেখার আগ্রহ প্রচুর। অনুশীলন করছে খুবই যত্নের সঙ্গে। এদের ভালো করার তাড়না আছে। মাহফিজারের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন?রাজীব: ওর বয়স মাত্র ২০। আরও ৪-৫ বছর ভালোই খেলবে। ও যদি অলিম্পিকে ভালো করতে পারে তাহলে সাফ গেমসেও সোনা জিততে পারে। সেই সম্ভাবনা দেখেছি ওর মধ্যে। আপনার সঙ্গে মাত্র ১১ দিনের চুক্তি। এই কদিনে কতটুকুই বা উন্নতি করাতে পারবেন?রাজীব: এই কদিনে উন্নতি করা কঠিন। তবে আমি টার্গেট করেছি প্রত্যেকের যে সেরা টাইমিং আছে সেই টাইমিংগুলো টপকানোর। ওরা তো বলতে গেলে প্রায় এক বছর অনুশীলন থেকে দূরে ছিল। এখন সবে অনুশীলন শুরু হয়েছে। আমি চাইব, ওরা ওদের সেরা টাইমিং বের করুক। আপনার কোচিং ক্যারিয়ার সম্পর্কে কিছু বলুন।রাজীব: ভারতের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছি। সেই সঙ্গে আসাম রাজ্য দলেরও কোচের দায়িত্বে আছি। আমি ফিনারও তালিকাভুক্ত কোচ। আপনি তো ভারতের জাতীয় দলে সাঁতরেছেন। সেখানে পারফরম্যান্স কেমন ছিল?রাজীব: আমি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত সাঁতারে ছিলাম। জাতীয় সাঁতারে ২০০ মিটার ফ্রি-স্টাইলে ১৯৯৯ সালে রেকর্ড করে সোনা জিতি। আর ২০০২ সালে সুইজারল্যান্ডে ইউরোপিয়ান ম্যারাথনে সোনা জিতেছিলাম। বাংলাদেশ থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা আছে?রাজীব: হ্যাঁ। সপ্তাহ দুয়েক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ইউএস অলিম্পিকের ২০০০ ও ২০০৪ সালের সাঁতারের কোচ ডেভিড ফেলোর সঙ্গে কাজ করতে যাব। এক মাস তাঁর সঙ্গে কাজ করব। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিয়ান সাঁতারুদের নিয়ে কাজ করতে হবে। অনেকেই ওখানে প্রাক-অলিম্পিক প্রস্তুতি সেরে নেয়। সেখান থেকে আবার বাংলাদেশে ফিরব। আবারও বাংলাদেশে কেন?রাজীব: সাগরের অলিম্পিকে যাওয়া পর্যন্ত আমাকে থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সাঁতারুরা আসলে কোথায় পিছিয়ে? রাজীব: সুযোগ-সুবিধার দিক দিয়ে ভারতের সাঁতারুদের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের সাঁতারুরা অনেক পিছিয়ে। ভারতের সাঁতারুরা এখন অস্ট্রেলিয়ায় ট্রেনিং করছে। অলিম্পিকের জন্য কেউ যুক্তরাষ্ট্রেও ট্রেনিং করছে। এ ছাড়া খাবারদাবারেও পার্থক্য আছে। ভালো সাপোর্ট না দিলে কীভাবে এসব ছেলেমেয়ের কাছ থেকে পারফরম্যান্স আশা করবেন? একটা ছেলেকে যদি এক বছর অস্ট্রেলিয়ায় ট্রেনিং করিয়ে আবার ঘরে বসিয়ে রাখেন তাহলে তো তাঁর পারফরম্যান্স থাকবে না। আপনি একটা গাড়ি কিনছেন মার্সিডিজ বেঞ্জ যেটার দাম ৭৫ লাখ টাকা আর তাতে যদি ৮৫ টাকার পেট্রলও না ভরেন তাহলে তো গাড়িটা চলবে না। এখানে ছেলেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ আর ট্রেনিংটা হলো পেট্রল।