‘এনএসআইয়ের জড়িত থাকার বিষয়ে নীরব থাকতে বলেন বাবর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অবৈধ অস্ত্র আনার ঘটনায় এনএসআইয়ের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে কোথাও কিছু না বলে নীরব থাকতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল বুধবার এই মামলায় আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার এস এম সাব্বির আলী। তিনি গতকাল চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে অসমাপ্ত সাক্ষ্য দিয়েছেন। আগের দিন মঙ্গলবার তিনি আংশিক সাক্ষ্য দেন। গতকাল সাক্ষ্যে পুলিশ কর্মকর্তা সাব্বির আলী বলেন, ২০০৪ সালের ২ এপ্রিল বেলা তিনটার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দামপাড়া পুলিশ লাইনে রাখা অস্ত্র ও গোলাবারুদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দামপাড়া পুলিশ লাইনে পুলিশ কমিশনারের অফিসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক, ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমি, র‌্যাবের মহাপরিচালক আনোয়ারুল ইকবাল ও চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার আবদুল্লাহ হেল বাকী উপস্থিত ছিলেন। সাব্বির আলী বলেন, ‘বৈঠক চলাকালে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজি মহোদয়কে অস্ত্র পাচারের ঘটনার সঙ্গে এনএসআইয়ের কতিপয় অফিসার জড়িত বলে জানাই। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেন, এখন আপাতত বিষয়টি নিয়ে কিছু বলবেন না ও কিছু করবেন না। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ছাড়া তিনি (বাবর) আমাকে ও ডিসি (পোর্ট) বাকীকে কোথাও কিছু না বলার নির্দেশ দেন।’সাব্বির আলী বলেন, ‘তদন্ত তদারককালে জানতে পারি, অবৈধ অস্ত্র-গোলাবারুদ পরিবহনের জন্য ট্রাক এবং ট্রলার থেকে মাল নামানো ও ট্রাকে ওঠানোর জন্য ক্রেন ভাড়া করেন এনএসআইয়ের মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) আকবর হোসেন খান। তখন তাঁকে পাওয়া যায়নি বলে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।’ প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল দিবাগত রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। ওই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন উপকমিশনার আবদুল্লাহ হেল বাকী। সেই সময় চট্টগ্রামের পুলিশ কমিশনার ছিলেন সাব্বির আলী। অস্ত্র আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির চট্টগ্রামে যাওয়ার বিষয় উল্লেখ করে সাব্বির আলী বলেন, ‘তদন্ত কমিটির চেয়ারম্যান তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে বলি যে ঘটনার সঙ্গে এনএসআইয়ের মহাপরিচালক আবদুর রহিমসহ কতিপয় সদস্য জড়িত বলে মনে হয়। তিনি আমার কথা গুরুত্ব না দিয়ে বিনা মন্তব্যে এড়িয়ে যান।’ ওই তদন্ত কমিটি তাঁর কোনো জবানবন্দি লিপিবদ্ধ করেনি বলেও সাক্ষ্যে জানান তিনি।দুই পক্ষের আইনজীবীদের বচসা: সাক্ষ্য শেষে সাব্বির আলীকে আসামিপক্ষের আইনজীবীরা আংশিক জেরা করেন। আজ বৃহস্পতিবার তাঁর অসমাপ্ত জেরার তারিখ ধার্য রয়েছে।গতকাল বিকেলে জেরার একপর্যায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার সাব্বির আলীকে প্রশ্ন করেন, ‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আপনি যে ১০-১২ জনের সঙ্গে কথা বলেছিলেন, তাঁদের বক্তব্য কি লিপিবদ্ধ করেছিলেন?’ জবাবে সাব্বির আলী বলেন, ‘আমি মাইন্ডে নোট নিয়েছি।’ এরপর আসামির কৌঁসুলিরা সমস্বরে হেসে ওঠেন। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহমেদ বলেন, ‘এটা কি হাসির জায়গা? সাক্ষী দিনের পর দিন দাঁড়িয়ে থেকে জেরার জবাব দেবেন। আর ওনারা ইচ্ছেমতো জেরা করবেন, এটা তো হয় না।’ এর জবাবে আসামিপক্ষের সব আইনজীবী দাঁড়িয়ে কামালউদ্দিনের বক্তব্যের বিরোধিতা করেন। তাঁরা বলেন, সাক্ষীর বসার জন্য চেয়ার দেওয়া আছে। তিনি না বসে দাঁড়িয়েই সাক্ষ্য দিচ্ছেন। পিপি সাহেব এটা নিয়ে শুধু ‘সিনক্রিয়েট’ (অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি) করছেন। বাগিবতণ্ডার এই পর্যায়ে বিচারক এস এম মজিবুর রহমান জানতে চান, এজলাসকক্ষে মামলার কার্যক্রম চলাকালে আসামিদের বসার আদেশ কে দিয়েছেন? আসামিপক্ষের আইনজীবীরা এর কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় পিপি কামালউদ্দিন আহমেদ আবার আসামিদের বসে থাকার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এতে বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি চেয়েছিলাম পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আপনারা নিজেরাই পরিস্থিতি উত্তপ্ত করছেন।’ আসামিদের উদ্দেশে বিচারক বলেন, ‘ওনাদের বসার আদেশ কে দিয়েছেন? এখানে দুজন সাবেক মন্ত্রী আছেন, তাঁরা বসতে পারেন। অন্যরাও নিজেদের মন্ত্রী মনে করছেন নাকি? তাঁরা নিজেদের কী মনে করেন?’ এরপর বিচারকের নির্দেশে সাবেক দুই মন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মতিউর রহমান নিজামী ছাড়া বাকি আট আসামিকে কাঠগড়ায় ঢোকানো হয়।