‘এনজিওগুলো সরকারের সহায়ক শক্তি’
বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করাসহ যেকোনো সমস্যা নির্মূল করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) কেবল সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে।আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত আইএনজিও ফোরামের প্রতিনিধিরা।স্বাধীনতার ৪০ বছর উদযাপন উপলক্ষে ওই ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ফোরামের পক্ষ থেকে কাল বুধবার এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে ৪০ বছর ধরে এনজিওগুলো সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশে এনজিওগুলোর বিচরণও অনেক ব্যাপক। এ দেশের অনেক অর্জনে এনজিওগুলোর ভূমিকা আছে। তবে আমাদের কিছু ব্যর্থতাও আছে। তারন পরও আমরা এগিয়ে যেতে চাই।’অ্যাকশন এইডের কান্ট্রি প্রতিনিধি ফারাহ কবীর বলেন, ‘দারিদ্র্য দূর করার দায়িত্ব সরকারের। আমরা কেবল সহায়ক শক্তি।’ তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আইএনজিও ফোরাম ২৪ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে এনজিওগুলোর সার্বিক কার্যক্রম যেমন আলোচনা হবে, তেমনি ভবিষ্যতে এনজিওগুলোর ভূমিকা কী হতে পারে, সেটি নিয়েও আলোচনা হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি খায়রুল ইসলাম, অক্সফামের কান্ট্রি প্রতিনিধি গ্যারেথ প্রাইস জোন্স, কনসার্ন ওয়ার্ল্ডের এ কে এম মুসা, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডের জাভেদ আমির এবং রুম টি রিডের কান্ট্রি প্রতিনিধি জাকির হাসান।আন্তর্জাতিক এনজিও ফোরাম ২০০৭ সালে ৭৪টি আন্তর্জাতিক এনজিওর সমন্বয়ে গঠিত হয়। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৯৭।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪০ বছর ধরে বিভিন্ন আইএনজিও ত্রাণ, পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, সুশাসন, জলবায়ুর প্রভাব ও প্রতিকার, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন, নিরাপদ পানি ও পয়োনিষ্কাষণ, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আসছে। এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যেই আইএনজিও ফোরাম বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। আইএনজিও ভবিষ্যতে এ দেশের উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী করতে কী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়টিও বৃহস্পতিবারের অনুষ্ঠানে আলোচনা হবে। এতে জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ ও দাতা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।আয়োজকেরা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবে খাদ্য ও দুর্যোগমন্ত্রী আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল্লাহ আবু সায়ীদ।