‘এন্টারটেইনমেন্ট আইকন’ পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রাইয়ারস ক্লাবের সর্বোচ্চ সম্মাননা ‘এন্টারটেইনমেন্ট আইকন’ পুরস্কার পেতে যাচ্ছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। হলিউডের তিন কিংবদন্তি ডগলাস ফেয়ারব্যাঙ্কস, ক্যারি গ্র্যান্ট এবং ফ্র্যাঙ্ক সিনাত্রার পর চতুর্থ ব্যক্তি হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ক্রুজ।চলতি বছরের ১২ জুন নিউইয়র্কের ওয়ালডর্ফ-অ্যাস্টোরিয়া হোটেলে ফ্রাইয়ার্স ফাউন্ডেশনের গালা অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে ৪৯ বছর বয়সী ক্রুজের হাতে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।টম ক্রুজকে এ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন ফ্রাইয়ার্স ফাউন্ডেশনের জেরি লুইস। তিনি বলেছেন, ‘এর আগে হলিউডের মাত্র তিনজন কিংবদন্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবার তাঁদের কাতারে শামিল হতে যাচ্ছেন টম ক্রুজ। নিজের প্রতিভা ও কাজের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন তিনি। চলচ্চিত্রে গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’এদিকে ফ্রাইয়ার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান জোসেফ জাপালা জানিয়েছেন, ‘চমত্কার একজন মানুষ টম ক্রুজ। চলচ্চিত্র এবং শিল্পমাধ্যমে তাঁর অর্জন অবশ্যই প্রশংসার দাবিদার। তাঁর মতো একজন তারকাকে সম্মান দেয়ার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত।’