‘এফএনএফ’ অ্যালবামের সাফল্য উদ্যাপন
বড় ভাই হূদয় খান এখন একজন জনপ্রিয় শিল্পী। বাবা রিপন খান তো গান আর জিঙ্গেলের সঙ্গে আছেন সেই আশির দশক থেকে। প্রত্যয় খানের বয়স খুব বেশি নয়, এখনো স্কুলে পড়ছে; অষ্টম শ্রেণীর ছাত্র সে। বাবা আর ভাইয়ের দেখাদেখি নিজেও সুর দেওয়া এবং সংগীতপরিচালনার কাজ করছে। এবার রোজার ঈদে বেরিয়েছে প্রত্যয়ের সুর ও সংগীতপরিচালনায় অ্যালবাম এফএনএফ। বের করেছে লেজার ভিশন। ঈদের আগে তেমন কোনো ঘোষণা ছাড়াই অ্যালবামটি বাজারে চলে আসে। নতুন ছেলে, নতুন গান, নতুন সব শিল্পী, কেমন চলে, শ্রোতারা কীভাবে নেয়—এমন নানা ভাবনা ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। তাই বড় করে হয়তো কাউকে জানাতে চায়নি তারা। কিন্তু শ্রোতারা প্রত্যয়ের গানগুলো পছন্দ করেছে। ঈদের আগে ও পরে প্রত্যয়ের এফএনএফ অ্যালবামের বিক্রি দেখে মুগ্ধ লেজার ভিশন কর্তৃপক্ষ। তাই গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির সাফল্য উদ্যাপন করা হলো। এফএনএফ অ্যালবামে গান করেছে ইমরান, নওমী, প্রমা, প্রমিতি, অমিত। প্রত্যয় নিজেও গান করেছে। প্রত্যয়ের মতো অন্য শিল্পীরাও একেবারেই নতুন। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সবার কাছে দোয়া চেয়েছে তারা।